স্থায়ী শহীদ মিনার পেলেন যুক্তরাষ্ট্রের পেরিস সিটির প্রবাসী বাংলাদেশিরা
১০ ডিসেম্বর ২০২২
Admin
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পেরিস সিটির প্রবাসী বাংলাদেশিরা পেল স্থায়ী শহীদ মিনার। শহরের একটি পাবলিক হলের সামনের পার্কে ১ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছেন সিটি কাউন্সিল।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষে প্রবাসীরা ছাড়াও শহরের ভিনদেশিরা প্রভাতফেরিসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন স্থায়ী এ বেদিতে।
বাংলাদেশিদের আবেদনে সাড়া দিয়ে সিটি মেয়রের আন্তরিক উদ্যোগে গড়ে উঠেছে বাঙালির সংগ্রাম, আত্মত্যাগ আর অহংকারের প্রতীক এ শহীদ মিনার।
বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, ২০২০ সালে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইনক. সংগঠনের ব্যানারে প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে শহীদ মিনারের আর্জি জানিয়ে সিটি মেয়র মাইকেল এম ভার্গাসের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
পরে এ নিয়ে মেয়রের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধি দলের মতবিনিময় বৈঠকে শহীদ মিনারের একটি নকশা (কাঠের তৈরি শহীদ মিনার) উপস্থাপন করা হয়।
বাংলাদেশি কমিউনিটি আবেদন ও উপস্থাপনায় মেয়র আগ্রহী হন এবং প্রচলিত রীতিতে সিটি কাউন্সিলের অর্থায়নে স্থায়ী শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন।
বৈঠকে 'ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনক. এর প্রতিষ্ঠাতা সভাপতি কমিউনিটি নেতা মোহাম্মদ খলিলুর রহমান রাজু, বর্তমান সভাপতি শহীদ আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল শাহীন, সহসভাপতি টিটো ইসলাম, অ্যাম্বাসেডর শওকত আলম, কনভেনর সাঈদ হিমু, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ বেলাল, উপদেষ্টা সাইফুর ওসমানী জিতু, ইসমাইল হোসেন এবং মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
মো. খলিলুর রহমান রাজু বলেন, 'মেয়রের আন্তরিকতার কারণে খুব দ্রুত উদ্যোগ নেয় সিটি কাউন্সিল। গত সেপ্টেম্বরে শুরু হয় নির্মাণ কাজ এবং ৩ মাসের মধ্যে কাজ শেষ হয়।'
গত ২ ডিসেম্বর মেয়র মাইকেল এম ভার্গাস ও লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল সামিয়া আঞ্জুমসহ বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধি দল শহীদ মিনারটি সরেজমিন পরিদর্শন করে।
এ সময় মেয়র মাইকেল এম ভার্গাস বলেন, 'মাতৃভাষার জন্য সংগ্রামের পথ বেয়ে বাঙালিরা স্বাধীন একটি ভূখণ্ড লাভ করেছেন-এটি ইতিহাসে বিরল ঘটনা। বাঙালির এই ত্যাগের কথা সকল ভাষাভাষী মানুষকে জানানোর প্রয়োজন রয়েছে ভীষণভাবে। এই শহীদ মিনার হয়ে উঠবে সে আগ্রহের কেন্দ্রবিন্দু।'
'এ ছাড়া এটি পাবলিক লাইব্রেরি চত্বরে নির্মিত হওয়ায় ইতিহাস-ঐতিহ্য নিয়ে শিক্ষার্থী এবং গবেষকদের কৌতুহলের অবসানও ঘটাতে সক্ষম হবে', তিনি বলেন।
বাংলাদেশ কমিউনিটি নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য মেয়র ও সিটি কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জানান।
NRBC is an open news and tele video entertainment platform for
non-residential Bengali network across the globe with no-business
vision just to deliver news to the Bengali community.