ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এতে করে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে এসেছে। এমনকি কয়েক হাত দূরের জিনিসও ঠিক ভাবে দেখা যাচ্ছে না। একইসঙ্গে কনকনে ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও চলছে সেখানে। এতে করে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সড়ক ও রেলপথে চলাচল। আর ঘন কুয়াশার জেরে শতাধিক ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পরে দিল্লি বিমানবন্দরে ১১০ টিরও বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। সেখানে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে গেছে। এর ফলে সড়ক পথে যানবাহনের চলাচল ও রেল পরিষেবাও ব্যাহত হয়েছে। এদিকে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকায় ভারতের আবহাওয়া অফিস দেশটির জাতীয় রাজধানীতে ‘খুব ঘন কুয়াশা’ পড়ার বিষয়ে লাল সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে দিল্লিগামী ২৫টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে বলে দেশটির নর্দার্ন রেলওয়ে জানিয়েছে।
