post
আন্তর্জাতিক

দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলো ইসরায়েল

গাজার মধ্যাঞ্চলীয় দাইর আল বালাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এনজিও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহতের ঘটনায় দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। হামলার ঘটনার তদন্ত মতে,ইসরায়েলি বাহিনী ত্রাণ গাড়িবহরকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের গাড়ি ভেবে ভুলবশত হামলা চালিয়েছে। ওই হামলার ঘটনায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণবহরের তিনটি গাড়িতে ড্রোন আঘাত হানে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, “ত্রাণের গাড়িবহরে হামলা বড় ধরনের ভুল। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের নিহত সাত কর্মীর মধ্যে পোল্যান্ডের একজন, যুক্তরাজ্যর তিনজনসহ অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র-কানাডার এক দ্বৈত নাগরিকও ছিল।

post
আন্তর্জাতিক

ইংল্যান্ডে চিকিৎসকদের আন্দোলন শেষ

ইংল্যান্ডের সিনিয়র বা কনসালটেন্ট চিকিৎসকদের বেতন ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলন শেষ হতে যাচ্ছে। বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সরকার সরকারের পক্ষ থেকে সন্তোষজনক সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশন- বিএমএ। সরকারী ঘোষণা অনুযায়ী সিনিয়র চিকিৎসকদের বেতন বাড়ানো হবে ২০ শতাংশ। সন্তোষজনক বেতন বাড়ানোর প্রস্তাব পেয়ে সিনিয়র চিকিৎসকরা আন্দোলন থেকে সরে দাঁড়ালেও আন্দোলনে রয়েছে জুনিয়র চিকিৎসকরা। তাদের বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নেয় নি। ফলে জুনিয়র চিকিৎসকদের সাথে সরকার সদাচার করছে না বলে মন্তব্য করেছে ট্রেড ইউনিয়নগুলো। তাছাড়া জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে ইংল্যান্ডে চিকিৎসা সেবায় বিরাজ করছে বেহাল দশা।

post
আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি হয়নি

গাজা যুদ্ধবিরতি চুক্তির নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি চুক্তিতে উপনীত হতে উভয় পক্ষকে বাধাগ্রস্ত করছেন। ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে তার ‘কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন হামাস কর্মকর্তা ওসামা হামদান। বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন,দখলদার সরকার এখনও চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং আলোচনা একটি দুষ্ট চক্রে আটকে আছে।হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে নিজেদের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসেছে বলেও জানান তিনি। মিশর ও কাতারের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় আরও একবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে। গত এক মাসের বেশি সময় থেকে এই প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত সামান্য সফলতাও আসেনি।

post
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ দিতে দিচ্ছে না ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েল ত্রাণ সরবরাহ করতে দিচ্ছে না। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থানবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এ কথা জানিয়েছে। এ ছাড়া ত্রাণকর্মী হত্যার ঘটনায় গাজায় ত্রাণসহায়তার পরিমাণ আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৩২ হাজার ৯৭৫ জন নিহত হয়েছেন।

post
আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্প: চাপা পড়েছে শতাধিক মানুষ

তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোয় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শতাধিক মানুষ। চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত এক হাজারের বেশি। কিংশুই টানেলে আটকে পড়া ৭৭ জনকে উদ্ধারে রাতভর চলে অভিযান। রাজধানী তাইপেসহ অন্যান্য এলাকায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। এর আগে, বুধবার দ্বীপরাষ্ট্রটির পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল আটটার দিকে অনুভূত হয় ৭ দশমিক ৪ মাত্রার কম্পন। গত পঁচিশ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। হুয়ালিন থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে পানির নিচে ছিল কেন্দ্র। ভূমিধসও হয় অঞ্চলটির কয়েকটি এলাকায়। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশি জাপান ও চীনেও। ভূমিকম্পের ১৫ মিনিট পর সুনামি হয় জাপানের একটি দ্বীপে। প্রাথমিকভাবে, তাইওয়ান-ফিলিপাইন-জাপানে সুনামি সতর্কতা জারি করা হলেও;পরে তা প্রত্যাহার করা হয়েছে।

post
আন্তর্জাতিক

বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ডে রক্তারক্তি

কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ড। এবার রক্তারক্তি কাণ্ড ঘটে গেলো সেখানে । রাজধানী হেলসিঙ্কির উত্তরে একটি স্কুলে ১২ বছর বয়সী এক পড়ুয়া গুলি চালায়, তাকে হেফাজতে নেয়ার আগে সে একজন সহপাঠীকে হত্যা করে এবং অন্য দুজনকে গুরুতরভাবে আহত করে বলে জানিয়েছে পুলিশ।ফিনল্যান্ডের চতুর্থ বৃহত্তম শহর ভান্তার ভিয়েরতোলা স্কুলে প্রায় ৮০০ জন ছাত্র এবং ৯০ জন কর্মী রয়েছে। এক থেকে নয় গ্রেডের শিশুরা অর্থাৎ ৭ থেকে ১৫ বছর বয়সী পড়ুয়ারা এই স্কুলে যায়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ স্কুলে ঢুকে আচমকাই গুলি চালাতে থাকে ১২ বছর বয়সী ওই পড়ুয়া। ক্লাসরুমের মধ্যেও গুলি চলেছে বলে অভিযোগ। গুলিবৃষ্টির মধ্যে পড়ে ষষ্ঠ শ্রেণির একজন ছাত্র মারা গেছে এবং দু জন পড়ুয়া গুরুতর আহত হয়েছে । তাদের সকলেরই বয়স ১২ বছর। গুলি চলার খবর পেয়েই স্কুল চত্বরে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। সকলকে নির্দেশ দেয়া হয়, কেউ যেন বাড়ি থেকে না বের হয়।অপরিচিতদের দেখলেও দরজা না খুলতে পরামর্শ দেয় পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী ইলতালেহতি পত্রিকাকে বলেছেন যে 'স্কুলের প্রাঙ্গন জুড়ে গুলির শব্দ প্রতিধ্বনিও হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি এটি কিসের শব্দ । তারপর একটি ভয়ানক চিৎকার শোনা যায় এবং শিশুরা উঠোন পেরিয়ে দৌড়াতে শুরু করে। 'পুলিশ বলেছে যে, সন্দেহভাজন ওই ছাত্রকে হেলসিঙ্কিতে গ্রেপ্তার করা হয়। যদিও তার পরিচয় প্রকাশ করেনি স্থানীয় পুলিশ। ফিনল্যান্ডের বহু নাগরিকের কাছেই লাইসেন্স-সহ বন্দুক রয়েছে। কারণ ফিনল্যান্ডের অনেকেই অবসর সময়ে শিকার করতে পছন্দ করেন। তবে বেশ কিছু কড়াকড়িও রয়েছে বন্দুকের আইনে। তা সত্ত্বেও কী করে ১২ বছরের পড়ুয়ার হাতে এল বন্দুক, উঠছে প্রশ্ন। গোটা ঘটনায় স্তম্ভিত ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারি রান্তানেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “দিনের শুরুতেই একটা শক পেলাম। পড়ুয়াদের পরিবারের সদস্যরা এখন কেমন মানসিক চাপের মধ্যে রয়েছে, আমি সেটা কেবল অনুমান করতে পারি।” প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বলেছেন যে, তিনি গোটা ঘটনায় গভীরভাবে মর্মাহত। ফিনল্যান্ড ২০০০ সালের গোড়ার দিকে স্কুলে দুটি ভয়ঙ্কর গুলিবর্ষণের সাক্ষী হয়েছিল। ২০০৭ সালের নভেম্বরে, হেলসিঙ্কির প্রায় ৫০কিলোমিটার উত্তরে জোকেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে একজন ১৮ বছর বয়সী তরুণ গুলি চালায়, যার ফলে প্রধান শিক্ষকসহ ছয়জন নিহত হয় । এক বছর পর, ২০০৮ সালের সেপ্টেম্বরে, ২২ বছর বয়সী মাত্তি জুহানি পশ্চিমাঞ্চলীয় শহর কাউহাজোকির একটি ভোকেশনাল স্কুলে ১১জনকে হত্যা করেছিল। জার্নাল অফ স্ক্যান্ডিনেভিয়ান স্টাডিজ ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রাইম প্রিভেনশনে প্রকাশিত একটি নিবন্ধ অনুসারে, তারপর থেকে, শত শত স্কুলে গুলি চালানোর হুমকি দেওয়া হয়েছে।

post
আন্তর্জাতিক

ইস্তাম্বুলে অগ্নিকাণ্ডে নিহত-অন্তত ২৯

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার নৈশক্লাবটিতে সংস্কার কাজ চলার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। আন্তার্জাতিক বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে,এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে ইস্তাম্বুল কর্তৃপক্ষ।

post
আন্তর্জাতিক

অরুণাচল প্রদেশে নতুন নামকরণ করছে চীন

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় হিমালয় ঘেঁষা রাজ্য অরুণাচল প্রদেশের অন্তত ৩০টি স্থানের নতুন নামকরণ করেছে চীন। তবে চীনের নতুন নামকরণের এই সিদ্ধান্তকে অনর্থক পদক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে নয়াদিল্লি দাবি করেছে। চীনে অরুণাচল প্রদেশকে জাংনান হিসেবে ডাকা হয়। বেইজিং বলেছে, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের একটি অংশ। চীনের এই দাবি অতীতে বহুবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। এক বছর আগে প্রায় একইভাবে রাজ্যটির ১১টি স্থানের চীনা নাম দেয় বেইজিং। ওই সময় চিরবৈরী দুই প্রতিবেশির মাঝে উত্তেজনা বৃদ্ধি পায়।

post
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে প্রবাসী নারীদের ধর্ষণ ও হত্যার হুমকি টিকটকে

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি নারীদের বছরের পর বছর হেনস্তা করছিলেন এক ব্যক্তি। হাসান সাইদ নামের ওই বাংলাদেশি পুরুষ ফ্রান্সে থাকেন, এবং টিকটক ব্যবহার করে নারীদের ধর্ষণ ও হত্যার হুমকি দেন। খবর- বিবিসি যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে বাস করেন সুলতানা (ছদ্মনাম)। নারীবিদ্বেষ এবং ক্ষতিকর সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি টিকটকে আলোচনা করতেন। ২০২১ সালে তার পরিচিত একজনকে হেনস্তা করতে শুরু করেন হাসান সাইদ। এর প্রতিবাদ করায় সুলতানাকেও হুমকিধমকি দিতে থাকেন সাইদ। টিকটকে হাসান সাইদের প্রচুর ফ্যান-ফলোয়ার আছে, তারাও সুলতানাকে হেনস্তা করতে থাকেন।সুলতানা জানান, পরবর্তী দুই বছর বার বার তাকে হেনস্তা করেন সাইদ। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। যুক্তরাজ্যের আরও অনেক প্রবাসী বাংলাদেশি নারী বিবিসিকে জানিয়েছেন, হাসান সাইদ সোশ্যাল মিডিয়া থেকে তাদের ছবি চুরি করেন। এরপর টিকটকে গিয়ে সেই নারীর ছবি দিয়ে টিটকারি করতে থাকেন, কখনো ধর্ষণ এবং হত্যার হুমকি দেন। হাসান সাইদের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে বিবিসি, কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। যুক্তরাজ্যের ওয়েলসে পরিবার নিয়ে বাস করেন মাসুমা। তিনি শিক্ষাক্ষেত্রে চাকরি করার পাশাপাশি টিকটকে রান্নাবান্না দেখান এবং সেখানে তার একটি দোকানও আছে। একদিন হাসান সাইদ তার সাথে যোগাযোগ করেন এবং মাসুমার টিকটক লাইভে অতিথি হিসেবে আসতে চান। মাসুমা তাকে প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাইদ। মাসুমাকে 'ঝুলিয়ে' দেওয়ার হুমকি দেন তিনি। মাসুমা এ অভিজ্ঞতা শেয়ার করেন টিকটকে, কিন্তু এরপর তাকে টার্গেট করেন সাইদ। সে আমাকে নিয়ে ভিডিও বানায় আর বলে আমি একজন যৌনকর্মী, মাসুমা বিবিসিকে বলেন। সাইদের ফলোয়াররা সেই ভিডিও শেয়ার করতে থাকে। এক পর্যায়ে টিকটক তা সরিয়ে নেয়, কিন্তু মাসুমা বলেন, ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তার ব্যবসা এবং পেশা দুটোই ক্ষতিগ্রস্ত হয়। তিনি পুলিশের কাছে যান, কিন্তু তারাও কিছু করতে পারেনি। ২০২৩ সালের জানুয়ারিতে স্ট্র্যাটফোর্ডশায়ারের বাসিন্দা কামরুল ইসলামের নজরে আসে হাসান সাইদের টিকটক অ্যাকাউন্ট। এমন ভয়াবহ সব টিকটক কেউ তৈরি করতে পারে, তিনি তা ভাবতেও পারেননি। বন্ধুবান্ধবদের থেকে তিনি জানতে পারেন, যুক্তরাজ্যে বসবাসকারীদের বেশ কয়েক বছর ধরেই টার্গেট করে আসছে সাইদ। অনেক বেশি ফ্যান-ফলোয়ার রয়েছে তার, এ কারণে সাইদ ধরে নিয়েছেন তিনি আইনের ঊর্ধ্বে। তাকে থামাতে কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন কামরুল। প্রথমে ব্যক্তিগতভাবে হাসান সাইদের সাথে যোগাযোগ করে তাকে বোঝানোর চেষ্টা করেন কামরুল। এতে হিতে বিপরীত হয়। কামরুল ও তার পরিবারের ছবি নিয়ে টিকটকে ছড়িয়ে দেন সাইদ, সরাসরি তার মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দিতে থাকেন। এ পর্যায়ে পুলিশ এবং টিকটক কর্তৃপক্ষকে ব্যাপারটি জানান কামরুল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, টিকটক বিষয়টিকে একেবারেই আমলে নেয়নি তখন। তারা জানায়, এই ভিডিওতে তাদের কমিউনিটি গাইডলাইনে কোনো ভায়োলেশন দেখে না তারা। এরপর প্যারিসে যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগ করেন কামরুল। সেখানে একজন ফরাসি আইনজীবীর দ্বারস্থ হন তিনি। হাসান সাইদ ফরাসি আইনে লঙ্ঘন করে ধর্ষণ এবং সহিংসতার হুমকি দিয়েছেন, এ মর্মে তিনটি মামলা করা হয়। কিন্তু এ মামলাগুলো খুবই ধীরগতিতে চলছে। এদিকে যুক্তরাজ্যের পুলিশি প্রক্রিয়াও ধীর। প্রায় আড়াই মাস সময় নিয়ে তারা কামরুলের অভিযোগ ইন্টারপোল পর্যন্ত পৌঁছে দেয়। সবশেষে ২০২৩ সালের এপ্রিলে কামরুল যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার'স অফিস (আইসিও) এর দ্বারস্থ হন। এখান থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। টিকটক, ফেসবুক, এবং ইউটিউবকে হাসান সাইদের কনটেন্ট সরিয়ে নেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হয়। এতদিনে এসব প্ল্যাটফর্মের টনক নড়ে। টিকটক হাসান সাইদের অ্যাকাউন্ট ব্যান করে দেয়, তার ভিডিওগুলো সরিয়ে নেয়। ইউটিউব তার চ্যানেল মুছে ফেলে। ফেসবুক থেকেও তার কনটেন্ট সরিয়ে নেওয়া হয়, তার পেইজটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে চলেছেন। হাসান সাইদ বা অন্যান্য টিকটকারের হেনস্থার শিকার অনেক যুক্তরাজ্য প্রবাসী নারী তার সাথে যোগাযোগ করেছেন। এমন ভয়াবহ হেনস্থায় অনেকে নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছেন। সুলতানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীরা নিজেদের কথা বলবেন, অনেক বাংলাদেশি পুরুষ তা পছন্দ করেন না। এ কারণে তারা নারীদের হেনস্থার মাধ্যমে চুপ করিয়ে রাখতে চান। এসব ব্যাপারে কর্তৃপক্ষের আরও নজর দেওয়া উচিত বলে তিনি মনে করেন। কামরুল জানান, এতকিছুর পরেও হাসান সাইদ দমে যাননি। টিকটকে নতুন নতুন অ্যাকাউন্ট খুলে কামরুলের পরিবারকে হেনস্তা করার চেষ্টা চালাচ্ছেন হাসান সাইদ। এ বিষয়ে প্রতিদিনই কামরুল টিকটকের সাথে যোগাযোগ করেন, কিন্তু সবসময় দ্রুত পদক্ষেপ নেয় না প্ল্যাটফর্মটি।

post
আন্তর্জাতিক

তুরস্কে আবাসিক ভবনে আগুনে ২৯ জনের মৃত্যু

তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গাইরেটেপ এলাকায় আগুনে ২৯ জন মারা গেছেন এবং আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। ইস্তাম্বুল শহরের গভর্নর দাভুত গুল বলেন, বেসমেন্টে নির্মাণ কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়। ইস্তাম্বুল শহরের নবনির্বাচিত মেয়র একরেম ইমামোগলু দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যান। তিনি সাংবাদিকদের জানান, ভবনটি বেসমেন্টে একটি নাইট ক্লাব ছিল। ইস্তাম্বুলের মেয়র বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। আশা করছি হতাহত আর বাড়বে না। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.