post
আন্তর্জাতিক

কাতারের সাথে বাংলাদেশের পাঁচ চুক্তি সই

বিনিয়োগ,কর্মসংস্থান ও বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে, পাঁচটি চুক্তি এবং পাঁচ সমঝোতায় সই করেছে, বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।  জানা যায়, মঙ্গলবার সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে, টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। এসময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি, ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট, মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকের পর করবী হলে দুই নেতার উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এসময় দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার,আইনি বিষয়ে সহযোগিতা,সমুদ্র পরিবহন,পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা,উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা,যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা, শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিরপুরের কালশীতে বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত সড়কটি, কাতারের আমিরের নামে নামকরণ করার ঘোষণা দেয়া হয়।

post
আন্তর্জাতিক

জেদ্দায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে রেডিসন ব্লু হোটেলে এ আয়োজন করা হয়। কনসাল জেনারেল নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেন বিন আল হিমালি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সাউথ আফ্রিকার কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের ৩২ জন কনসাল জেনারেল, ওআইসি, আইডিবি এবং সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এর আগে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলামসহ কনস্যুলেটের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

post
আন্তর্জাতিক

বদলে যাচ্ছে ব্রিটেনে বাড়ি কেনার গল্প

বদলে যাচ্ছে ব্রিটেনে বাড়ি কেনার গল্প। প্রথম বাড়ি ক্রেতাদের জন্য এতোদিন বাড়ি কেনা সহজ থাকলেও বদলে যাচ্ছে নিয়ম। এখন থেকে বাড়ি কিনতে গিয়ে সবচেয়ে বেশি কঠিন সময়ে পড়বে প্রথম বাড়ি ক্রেতারা। বলা হচ্ছে এখন থেকে প্রথম বাড়ি ক্রেতার থাকতে হবে উচ্চ আয় কিংবা দেখাতে হবে বাবা, মা‘র কাছ থেকে প্রাপ্ত অর্থ সহায়তার প্রমাণ। বিল্ডিং সোসাইটিস এসোসিয়েশন এক প্রতিবেদনে একথা উল্লেখ করেছে। বলেছে গত সত্তর বছরে প্রথম বাড়ি ক্রেতারা এমন বেকায়দায় পড়েনি। সংস্থাটি বলছে এতে করে ব্রিটেনে আবাসন সংকট আরো প্রকট আকার ধারণ করবে। এ থেকে পরিত্রাণ পেতে হলে, বাড়ি কেনার নিয়ম কানুন আরো শিথীল করতে হবে।

post
আন্তর্জাতিক

গাজার খান ইউনিসে গণকবরে ২০০ লাশ

ফিলিস্তিনের গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে ২০০ টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির খোঁজ পায়। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে গাজায় তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেল। এর আগে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর গাজার আল-শিফা হাসপাতাল এবং বেইত লাহিয়া এলাকায় দুটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে ইসরায়েল সেনাদের প্রত্যাহার করে নেয়। এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল। কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

post
আন্তর্জাতিক

ব্রিটেনে প্রি পেইমেন্ট মিটার বসিয়ে বেকায়দায় পড়েছে জ্বালানি প্রতিষ্ঠান

গ্রাহকদের বাড়িতে জোর পূর্বক প্রি পেইমেন্ট মিটার বসিয়ে বেকায়দায় পড়েছে জ্বালানি প্রতিষ্ঠানগুলো। প্রি পেইমের্ন্ট মিটার গ্রাহকদের সংকটে ফেলায় ক্ষতি পুরণ দিতে বাধ্য হচ্ছে জ্বালানি কোম্পানীগুলো। ব্রিটেনে কয়েক লক্ষ প্রি পেইমেন্ট স্থাপন করা হয়েছে বাড়িতে বাড়িতে। গ্রাহক না চাইলেও অনেকটা জোর করে দেয়া হয়েছে সে মিটার। কিন্তু মিটারগুলোর উল্লেখযোগ্য একটি অংশ সঠিক রিডিং দিচ্ছে না। ফলে গ্রাহকরা পড়েছেন বিপাকে। এর জন্য গ্রাহকদের ক্ষতিপুরণ দিতে হচ্ছে সরবরাহারীদের। এটাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছে এনার্জি সেক্রেটারী ক্লেয়ার কথিনহু। তিনি অচিরেই গ্রাহকদের ক্ষতিপুরণের অর্থ দিয়ে শেষ করার তাগিদ দিয়েছেন।

post
আন্তর্জাতিক

প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশে

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসায় উচ্ছসিত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই সফরের মাধ্যমে তাদের সংকট সমাধানের সাথে সাথে জনশক্তি রপ্তানীর নতুন দ্বার উন্মোচিত হবে। প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দু’দিনের রাষ্ট্রীয় সফরে এখন বাংলাদেশে। আমিরের এ সফরকে ঘিরে উচ্ছসিত কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।তার এ সফরে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সাথে সাথে প্রবাসীদের সংকট দূর হবে বলে মনে করছেন অনেকে। এর আগে, বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পরারষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

post
আন্তর্জাতিক

প্লেনের টিকিটের মূল্যে বিশেষ ছাড় দেয়ার ঘোষণা কাতার এয়ারওয়েজের

ভ্রমণপিপাসুদের জন্য ইউরোপ-আমেরিকা রুটের প্লেনের টিকিটের মূল্যে বিশেষ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। তবে শর্ত হিসেবে তারা জানিয়েছে, ভ্রমণের কমপক্ষে ৩০ থেকে ৬০ দিন আগে টিকিট কাটতে হবে। রোববার কাতার এয়ারওয়েজ জানায়,ছাড় পেতে যাত্রীকে ২০২৪ সালের ২৪ এপ্রিলের মধ্যে টিকিট কিনতে হবে। সেই টিকিটে ভ্রমণ করা যাবে এবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তারা জানায়, আকাশপথের যাত্রাকে আরও সুখকর করতে যাত্রীদের জন্য এই বিশেষ ভাড়া ঘোষণা করা হয়েছে। যাত্রীরা ইকোনমি ক্লাসে ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেকগুলো দেশে সর্বনিম্ন ৮৭ হাজার ৬৮৩ টাকায় ভ্রমণ করতে পারবেন। তবে শুধু কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেই টিকিট কাটা যাবে। এদিকে ছাড় দিলেও টিকিটের সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। তারা জানায়, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের দিনগুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না। এছাড় শিশু ও নবজাতকের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলেও জানিয়েছে কাতার এয়ারওয়েজ।

post
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ানের রাজধানী তাইপে। ২২ এপ্রিল (সোমবার) দেশটির স্থানীয় সময় বিকেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। খবর এএফপির। কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুসারে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বলেছেন, এই মাসের শুরুতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বা আফটারশক। হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি পোস্টে বলেছে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন। চলতি মাসের ৩ তারিখে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়।

post
আন্তর্জাতিক

থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াই শুরু

গত এক সপ্তাহ কিছুটা নীরব থাকার পর শনিবার থাইল্যান্ড সীমান্তের কাছে মায়াবতী শহরে আবার মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে জান্তার লড়াই শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন,এবার লড়াই শুরু হয়েছে শহরের বাইরে। এ মাসের শুরুতে থাইল্যান্ড সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর মায়াবতী ঘিরে জান্তা ও মিয়ানমারের জাতিগত বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়নের কেএনইউর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের জান্তা ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে।

post
আন্তর্জাতিক

প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এক ভিডিও কনফারেন্সে তিনি ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বলেন,রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন। রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এ মুহূর্তে ইউক্রেনের অন্তত সাতটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন জানিয়ে ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন ও ন্যাটো পরস্পরের মিত্র কি না,প্যাট্রিয়ট পাওয়া না, পাওয়াই তা নির্ধারণ করে দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনকে অবশ্যই থামাতে হবে। তাহলে আকাশসীমা আবার নিরাপদ হবে। আর এটি পুরোপুরি ন্যাটোর ব্যাপার। জেলেনস্কির মতে,রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া পশ্চিমা সহায়তা অত্যন্ত সীমিত। এ সময় ইসরায়েলকে পশ্চিমা দেশগুলোর অব্যাহত সহায়তার বিষয়টি উল্লেখ করেন তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.