post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে সরাসরি গ্রিনকার্ড নেয়ার সুযোগ

বাংলাদেশে থেকেই যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে সরাসরি গ্রিনকার্ড নেয়ার সুযোগ রয়েছে। এজন্য আগেভাগে যুক্তরাষ্ট্রে যেতে হবে না। সম্প্রতি এনআইডব্লিউ প্রোগ্রামের মাধ্যমে দেশটিতে যাওয়ার জোয়ার চলছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের এটর্নী রাজু মহাজন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে দূতাবাসে আবেদন করছেন হাজারো বাংলাদেশি। তবে,সঠিক তথ্য না জানায় অনেকের ভিসা প্রত্যাখান করছে দূতাবাস। তবে, যুক্তরাষ্ট্র সরকারের এটর্নী রাজু মহাজন বললেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সেক্টরে এনআইডব্লিউ এর মাধ্যেমে বাংলাদেশ থেকে সরাসরি গ্রিনকার্ড নিয়ে দেশটিতে যাবার সুযোগ রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে বিজনেসে ইনভেস্ট করেও পাওয়া যায় গ্রিনকার্ড। বেশিরভাগ বাংলাদেশিরা এসব ভিসা সম্পর্কে না জানায়,দেশটিতে ভিসা প্রাপ্তিতে কঠিন হয়। তাই জেনে বুঝে আবেদন করার আহবান সংশ্লিষ্টদের।

post
আন্তর্জাতিক

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থপতি মেরিনা তাবাশ্যুম

মার্কিন সাময়িকী টাইমের ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাশ্যুম। তিনি একজন স্থপতি। মূলত উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এই তালিকায় জায়গা পেয়েছেন। বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকায় থাকা প্রভাবশালী অন্যদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ পরিচিত অনেক মুখ। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী শ্রেণিতে এই তালিকায় স্থান পেয়েছেন। মেরিনা তাবাশ্যুম সম্পর্কে টাইম লিখেছে, স্থাপত্যচর্চায় তিনি এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে তা অগ্রাধিকার পায়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। টাইম লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাশ্যুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় যেমন কম, তেমনি এই বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। স্থপতি মেরিনা তাবাশ্যুমের এটিই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট–এর ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০ জনে স্থান করে নিয়েছিলেন তিনি। তিনি ১০ জনের মধ্যে তৃতীয় হন।

post
আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ফের ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধান মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাজ্য সরকারও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। ইসরায়েলে ইরানের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশ দুটি। বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেন, আমাদের মিত্র এবং অংশীদাররা ইরানের অস্থিতিশীল সামরিক কর্মসূচি সীমিত করার জন্য অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং ব্যবস্থা জারি করেছে বা করবে। আমি ট্রেজারি বিভাগসহ আমার টিমকে ইরানের সামরিক শিল্পকে আরও অবনমিত করে এমন নিষেধাজ্ঞা আরোপ করা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছি। ইসরায়েলে হামলার সঙ্গে যুক্ত থাকা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইরান সরকারের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামের সঙ্গে যুক্ত নেতা এবং সংস্থাগুলোকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইউএভি (ড্রোন) উৎপাদনের সঙ্গে যুক্ত ১৬ ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্যও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনী-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

post
আন্তর্জাতিক

ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক স্থাপনায় লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ১৪ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের একটি বিমান হামলায় হিজবুল্লাহর কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনার বদলায় ইসরায়েলি সামরিক স্থাপনায় এ হামলা হয়। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আহত ছয় সেনার অবস্থা গুরুতর। সেনাবাহিনী আরও জানায়, লেবানন থেকে বেদুঈন গ্রাম আরব-আল আরামশে অভিমুখে ছোড়া কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চিহ্নিত করার পর সেগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই জায়গায় আঘাত হানা হয়েছে। আল-আরামশে গ্রামে ইসরায়েলি সেনারা একটি কমিউনিটি সেন্টারে ছিল বলে জানিয়েছে ইসরায়েলের ইনেট নিউজ সাইট।

post
আন্তর্জাতিক

মদিনায় ৪০ বছর ধরে ফ্রিতে চা-কফি খেজুর খাওয়ানো ব্যক্তির মৃত্যু

পবিত্র মদিনা জিয়ারতকারীদের কাছে পরিচিত নাম শেখ ইসমাইল আল-জাইম আবু আল-সাবা। বিগত ৪০ বছর ধরে তিনি হজ-ওমরাহ পালনকারীদের বিনামূল্যে চা, কফি, রুটি ও খেজুর খাওয়াতেন তিনি। সিরিয়ান এই নাগরিক মঙ্গলবার (১৬ এপ্রিল) মদিনায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারামাইনের খবর সরবরাহকারী ভেরিফায়েড পেইজ ‘ইনসাইড দ্য হারামাইন’ এই খবর জানানো হয়েছে। জানা যায়, প্রতিদিন ৪০টি ফ্লাস্কে করে চা-কফি আনতেন তিনি। সবুজ চা, লাল চাসহ নানা স্বাদের চা বানিয়ে আনতেন। থাকত চিনিযুক্ত, চিনিমুক্ত চা-কফিও। এছাড়াও এলাচযুক্ত চা, পুদিনা চা, বিভিন্নরকমের মশলাযুক্ত চা আনতেন তিনি। রাস্তার পাশে বসে পথচারীদের মধ্যে চা, কফি, খেজুর, রুটি ও বিস্কুট বিনামূল্যে বিতরণ করতেন। এই কাজে তাকে সহযোগিতা করতেন ছেলেরা। সিরিয়ার নাগরিক শেখ ইসমাইল প্রায় ৪০ বছর ধরে মদিনায় বসবাস করে আসছিলেন। মদিনার কুবা এভিনিউতে একটি সাধারণ বাড়িতে বসবাস করলেও নিজের সম্পদ পুরোটাই উৎসর্গ করেছেন হজ ও ওমরাহ যাত্রীদের খেদমতে। টানা চার দশক ধরে অনন্য এই সেবা করে আসছিলেন তিনি। এর মাধ্যমে সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত হন গুণী এই ব্যক্তি। তার মৃত্যুতে মদিনায় নেমে এসেছে শোকের ছায়া।

post
আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাত: জর্ডান কেন বেঈমানি করলো?

সুত্র: দ্য ক্রেডল, দ্য নিউ ইয়র্ক টাইমসইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে যখন ইরান ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা করে, তখন বেশিরভাগ আরব দেশ ইরানের পক্ষ নিলেও জর্ডান ইসরায়েলের পক্ষ নেয়। জর্ডানের ওপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করে দেওয়া হয় ইরানের ক্ষেপনাস্ত্রগুলো। এতে খোদ জর্ডানেই শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে কেন জর্ডানের এই ইসরায়েলপন্থী পদক্ষেপ? বিগত বছরগুলোতে ধীরে ধীরে ফিলিস্তিন ও আরব বিশ্বের মতবাদ থেকে সরে এসেছে জর্দান। গত বছরের ৫ নভেম্বরেই জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজায় জর্ডানের হাসপাতালে চিকিৎসা সহায়তা পাঠাতে সফল হয়েছেন বলে বক্তব্য দেন। কিন্তু এদিকে ইসরায়েলের দিকে ছোঁড়া ইরানের ক্ষেপনাস্ত্র আটকাতে সক্রিয় হয়ে ওঠে জর্ডানের বিমানবাহিনী।জর্ডান সরকার এক বিবৃতিতে বলে, আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো (ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র) আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল। এরপর নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইরানি হোক আর ইসরায়েলি, জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা যে কোনো ক্ষেপনাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হবে। এই বিবৃতির নিন্দা জানিয়েছে জর্ডানের সরকারবিরোধীরা। তারা দাবি করে, ইসরায়েলি যুদ্ধবিমান এর আগেও জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছে- বিশেষ করে সিরিয়ায় অভিযান চালানোর সময়ে। তখন জর্ডান কোনো বাধা দেয়নি। ইরান থেকে ইসরায়েলে ক্ষেপনাস্ত্র ছোঁড়ার সময়েও নিজেদের আকাশসীমায় ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশে বাধা দেয়নি জর্ডান। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান জর্ডান এবং সিরিয়ার আকাশসীমানায় প্রবেশ করে এবং সেখানে ইরান থেকে ছোঁড়া ক্ষেপনাস্ত্র এবং ড্রোন ধ্বংস করে। এমনকি ইসরায়েলি যুদ্ধবিমানের পাশাপাশি তাদের মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানও এক্ষেত্রে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে থাকতে পারে। আরব বিশ্বের সাথে বেঈমানি করে ইসরায়েলের সাথে হাত মেলানো জর্ডানের জন্য নতুন কিছু নয়। ১৯৪৮ থেকে ১৯৭৩ পর্যন্ত ইসরায়েলের সাথে জর্ডানের চারটি যুদ্ধ হয়। ১৯৯৪ সালে এক শান্তি চুক্তি হওয়ার পর থেকে এই দুই দেশের মধ্যে আর কোনো সংঘর্ষ হয়নি। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা চুক্তিও হয়েছে। জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ ফিলিস্তিনি এবং তাদের বংশধর। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এসব ফিলিস্তিনি ভূমিহীন হয়ে পড়ে এবং জর্ডানে আশ্রয় নেয়। ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো হয়ে আসার সুবাদে ১৯৭০ সালে একবার ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টাও করে জর্ডান। সে সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রায় ১৫ হাজার ফিলিস্তিনিদের হত্যার কারণ হয়ে দাঁড়ান তৎকালীন জর্ডান রাজা হুসেইন বিন তালাল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে জর্ডানে, যেখান থেকে তারা নিয়মিতই ইসরায়েলকে সহায়তা করে থাকে এবং সিরিয়া, ইরাক, লেবানন ও ইরানে আড়ি পাতার কাজ করে থাকে। জর্ডানের এমন বেঈমানিতে চুপ করে নেই ইরান। ইরানের সামরিক বাহিনীর এক সুত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা মেহর জানায়, জর্ডানের গতিবিধি পর্যবেক্ষণ করবে ইরান। যদি তারা ইসরায়েলের সাথে হাত মেলায়, তবে জর্ডান হয়ে উঠবে ইরানের পরবর্তী লক্ষ্য। জর্ডানের সরকারের ওপর এর নাগরিকরাও বিরক্ত। কয়েক সপ্তাহ ধরে আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে কয়েক হাজার স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা ১৯৯৪ সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান। এমন অবস্থায় আরব বিশ্ব জর্ডানকে একঘরে করে ফেলবে, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে জর্ডান যদি ইসরায়েল-ইরানের এই সংঘর্ষে আগ বাড়িয়ে আর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তাদের ঘরে বাইরে দুই জায়গাতেই শান্তি বজায় থাকবে। 

post
আন্তর্জাতিক

বিশ্বের নজর এখন ইসরায়েলে

ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিশ্বের নজর এখন ইসরায়েলের দিকে। তারা প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কীভাবে হামলার জবাব দেবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। আবার তেহরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। এর আগে, শনিবার রাতে ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি। ওই হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র বলছে, ইরানে শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

post
আন্তর্জাতিক

আমিরাতে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে এক প্রবাসীসহ ৩ জন নিহত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সোমবার রাত থেকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে এক প্রবাসীসহ ৩ জন নিহত হয়েছেন। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, আমিরাতের আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় ২৪ ঘণ্টারও কম সময়ে ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৭৫ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সরাসরি ক্লাস নেওয়ার বদলে বাড়ি থেকে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বৈরী আবহাওয়ার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির মধ্যে মেট্রোর কার্যক্রম বন্ধ থাকায় শত শত যাত্রী আটকা পড়েছে। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানায়।

post
আন্তর্জাতিক

রিয়াদের শিফা ওয়াদী আলরীমে ঈদ ফেস্টিভাল আয়োজন

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা ওয়াদী আলরীমে ঈদ ফেস্টিভাল আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের সাথে আগামী আঠারো ও উনিশে এপ্রিল বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশী বাংলা ব্যান্ড ও বাংলাদেশ রিয়াদ থিয়েটারের পরিচালনায় নৃত্য, সংগীত ও দুটি নাটকসহ নানা আয়োজনে মাতিয়ে রাখবেন শিল্পিরা। প্রায় পাঁচ হাজার দর্শনার্থী ধারন ক্ষমতা সম্পন্ন এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্থান পাবে শিশুদের খেলাধুলা, রকমারি কাপড় ও মুখরোচক বিভিন্ন খাবারের দোকান।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ার জোহর বারুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশি গ্রেফতার

মালয়েশিয়ার জোহর বারুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেফতার করা হয়। জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বাহারুদ্দীন বিন তাহির জানান, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল গভীর রাতে ১৫টি হটস্পট এলাকায় বৈধ পাস বা পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছেন বলে তথ্য পায়। জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ১১৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে তাদের মধ্য থেকে বৈধ কাগজপত্র নেই এমন ২৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.