post
বাংলাদেশ

টঙ্গী পর্যন্ত মেট্রো সম্প্রসারণে সমীক্ষা চলছে: কাদের

রাজধানীবাসীর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল এবার উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ হতে পারে। এ নিয়ে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ এর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এ তথ্য জানান তিনি। ওবায়দুল কাদের আরও জানান, মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হবে। তিনি বলেন, বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময় সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন। এদিকে, শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সকাল-সন্ধ্যা চালু হয়েছে। রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান হলো।

post
বাংলাদেশ

নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি: টিআইবি

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বলে দাবি করেছে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।বুধবার (১৭ জানুয়ারি) সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং” শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।সংস্থাটির মতে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়নি।টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, সারাদেশে অধিকাংশ ভোটেকেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না। প্রতিপক্ষের প্রার্থীদের এজেন্টদের হুমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়।সেখানে আরও বলা হয়, ভোটের দিন স্বল্প ভোটার আগমন এবং ডামি লাইন তৈরি করে বিভিন্ন আসনে অন্যদলের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হয়। ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্যে সিল মারাসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ করেছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীদের দেওয়া এমন তথ্য ওঠে এসেছে টিআইবির প্রতিবেদনে।

post
বাংলাদেশ

সবকিছু ফেল করে বিএনপি এখন উল্টো বলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সবকিছুতে ফেল করে বিএনপি এখন উল্টো কথা বলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ধারণা ছিল নির্বাচনের পর বিদেশিদের সম্পর্কে ভাটা পড়বে। আপনার কি মনে হচ্ছে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাপে পড়বো কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’ আমরা ফলো করছি। আমরা মনে করি সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই। বিএনপি বলেছে আওয়ামী লীগ বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় এসেছে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, আপনারা দেখেছেন তারা বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছেন, স্যাংশন দিয়ে ফেললো, কত কিছু করে ফেললো। সবকিছুতে ফেল করে তারা এখন উল্টো কথা বলছেন। সামনে কি চ্যালেঞ্জ রয়েছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই। আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুন্দরভাবে এগিয়ে চলছে। এটি কন্টিনিউ হবে। বিদেশ থেকে চাপ আসতে পারে বলে কি সরকার মনে করছে- এ বিষয়ে তিনি বলেন, আমি তো দেখছি না, আপনি কোথায় দেখছেন আমি জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই।

post
বাংলাদেশ

যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল ফোন, সব জায়গায় সিসি ক্যামেরা আছে। যারা এই কাজগুলো করছে তাদের খুঁজে বের করা হবে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় যারা হুকুম দিয়েছে, খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষই আমার বড় শক্তি, বাংলাদেশের জনগণ আমার শক্তি। আগামীতেও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রাস্তাঘাট, পুল, ব্রিজ, এখন যেগুলো বাকি আছে সেগুলো করা হবে। গ্রামের মানুষও শহরের সব নাগরিক সুবিধা পাবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা কখনো এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে দিতে চায়নি, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর ছিল, তারা বাংলাদেশের কখনো উন্নতি চায় না। সব ষড়যন্ত্র ব্যর্থ করে সবাইকে এগিয়ে যেতে হবে।

post
বাংলাদেশ

ইশতেহার বাস্তবায়নই মূল টার্গেট: কাদের

নতুন সরকারের সামনে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন সরকারের প্রস্তুতি কী- জানতে চাইলে কাদের বলেন, আমরা মন্ত্রিপরিষদ বৈঠক করবো, যার যার দপ্তরে কাজ করবো। বিশেষ করে আমাদের ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট। শুক্রবার সকালে নতুন মন্ত্রিপরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। নতুন সরকারের সামনে কী চ্যালেঞ্জ থাকছে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চ্যালেঞ্জ আসলে, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক। সামনে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করা অত সহজ কাজ না। তিনি বলেন, তবে আমাদের একটা বিশ্বাস আছে, আজ যে এই সংকট অতিক্রম করে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, এটা জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য সম্ভব হয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং সংকটে রূপকের ভূমিকা পালন করেছেন, সে কারণেই মূলত আমরা সাহস রাখি, আশা রাখি। তিনি আমাদের আশার বাতিঘর, তিনি আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা।

post
বাংলাদেশ

জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপির তালাভাঙা নাটক

বর্তমান সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে কাগজে দেখলাম, বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকেছে। অথচ তালাটা কিন্তু তারাই লাগিয়েছিল। তারাই লাগিয়ে তারাই ভাঙছে, অর্থাৎ একটা নাটক দেখাচ্ছে।শুক্রবার সকালে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যবর্গের সাথে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজেরাই এই তালা লাগিয়েছিল। ৭৫ দিন ধরে কেউ যায় নাই। চাবি ইচ্ছে করে হারিয়ে ফেলেছে বা চাবি আছে, এরপরেও এভাবে তালা ভাঙার একটা নাটক করে মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা করছে। নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো গঠিত নবনির্বাচিত সরকারকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ সব দেশের রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছে। বৃহস্পতিবার বঙ্গভবনে নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূতরা ছিল। অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিল। এর আগে পরিবেশ ও বন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা হাছান মাহমুদের নতুন দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্যে যে পরিতৃপ্তি আছে, সেটি অন্য কিছুতে নেই। তথ্য মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জ ছিল। আমি আপনাদের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ।

post
বাংলাদেশ

এ বিজয় জনগণ ও গণতন্ত্রের বিজয় : প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এ বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় এ কথা লিখেছেন। দর্শনার্থী বইতে প্রধানমন্ত্রী লেখেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’ একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। তিনি আরও লেখেন, ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়।’ এর আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

post
বাংলাদেশ

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন

রাজধানীর রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন। তবে পল্টন ও রমনা থানার নাশকতার দুই মামলায় কারাগারে থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না ফখরুল। গতকাল মঙ্গলবার মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। একই সঙ্গে অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। ওইদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মির্জা ফখরুলকে। এরপর রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তার আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

post
বাংলাদেশ

শেখ হাসিনাকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মইজু।মালদ্বীপের রাষ্ট্রপতি তার সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠান। অভিনন্দন বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক সমৃদ্ধিতে অবদান রাখবে এবং উভয় দেশের জন্য উপকৃত হবে। মইজ্জু অভিনন্দন বার্তায় মালদ্বীপ ও বাংলাদেশের পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং ভাগ করা মূল্যবোধের ভিত্তিতে ঘনিষ্ঠ প্রতিবেশী সম্পর্কের দীর্ঘকালের ইতিহাস তুলে ধরেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। একইসঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

post
বাংলাদেশ

সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রকাশ হওয়া ২৯৮ আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ, ১১টিতে জাতীয় পার্টি ও ৬০টিতে স্বতন্ত্র প্রার্থী, ২টি আসন স্থগিত ও ১টিতে অন্য দল জয় পেয়েছে।এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে নির্বাচন বন্ধ রাখা হয়েছে।সহিংসতা, নাশকতা, কারচুপি, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে এদিন বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। তবে অনেক আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবরও পাওয়া গেছে।ভোটগ্রহণ শেষে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে ‘৪০ শতাংশের মতো’ ভোট পড়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনে কিছুটা চ্যালেঞ্জ থাকে। সরকারের যে উইল ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের, সেদিক থেকে সরকারের তরফ থেকে আন্তরিকতা ছিল, সহযোগিতা ছিল। সেই সহযোগিতা পেয়েছি বলেই দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তবে আমি বলছি না নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।উল্লেখ্য, নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ ১৬টি দল নির্বাচন বর্জন করে আন্দোলনে রয়েছে। বেশকিছু জায়গায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোট ঠেকাতে হরতাল ডেকেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। বাস-ট্রেনে আগুনে ঘটেছে মানুষের প্রাণহানি।এসব দলের ভোট বর্জনের মধ্যেই দেশের ২৯৯টি আসনে নির্বাচন শেষ হয়েছে। দেশের ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ব্যালট পেপারে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টা পর্যন্ত। মোট ১৯৬৯ প্রার্থীর মধ্যে ৪৩৭ জন লড়ছেন স্বতন্ত্র হয়ে। দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৫৩২ জন।ভোট গ্রহণের বিষয়ে ইসি সচিব জাহাংগীর গণমাধ্যমকে জানান, বেলা ৩টা পর্যন্ত সাতটি কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে কোন কোন কেন্দ্র বাতিল করা হয়েছে তা তিনি জানাননি।তিনি জানান, এই সময়ের মধ্যে ঢাকা বিভাগের ভোট পড়েছে ২৫%, চট্টগ্রাম বিভাগে ২৭%, খুলনা বিভাগে ৩২%, সিলেট বিভাগে ২২%, ময়মনসিংহ বিভাগে ২৯%, রাজশাহী বিভাগে ২৬%, রংপুর বিভাগে ২৬% এবং বরিশাল বিভাগে ৩১% ভোট পড়েছে।এবার ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’র মাধ্যমে আসনভিত্তিক ভোটের তথ্য জানাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.