post
আন্তর্জাতিক

হুতিদের ওপর আবারও বিমান হামলা

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আবারও যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। এ নিয়ে দেশ দুটি দ্বিতীয়বারের মতো হুতিদের ওপর যৌথ হামলা চালালো। এছাড়াও যুক্তরাষ্ট্র আলাদাভাবে আটবার হামলা চালিয়েছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হুতিদের ব্যবহার করা রাডার ব্যবস্থাও ছিল। এর আগের হামলাগুলোর বেশির ভাগই গোষ্ঠিটির ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আইসেনহাওয়ারের কয়েকটি যুদ্ধবিমান হুতিদের ওপর এই হামলায় অংশ নিয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে,লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে আলোচনা করেছেন বাইডেন ও সুনাক। এ সময় তাঁরা এ নৌপথে ‘অবাধে জাহাজ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য এবং রীতিবিরুদ্ধ হামলা থেকে নৌ-সেনাদের রক্ষায়’ নিজেদের প্রতিশ্রুতির ওপর পুনরায় জোর দেন।

post
এনআরবি চাকুরী

কর্মীর দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সহজ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থান করতে চায় সরকার। একই সাথে সঠিক প্রশিক্ষণসহ অন্যান সমস্যার সমাধান করার বিষয়েও উদ্যোগ নিচ্ছেন নয়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতেই মঙ্গলবার বৈঠক করেছেন বায়রা নেতৃবৃন্দ ও বোয়েসেলে’র কর্মকর্তাদের সঙ্গে।সংশ্লিষ্টরা জানান,মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রথমেই বায়রা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মতবিনিময়ে বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রা নেতারা তুলে ধরেন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা। এসময়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন,দ্রুত সময়ের মধ্যে বিদেশে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তার সরকার। তবে দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর কর্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানো সহজ করতে তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি। এসময়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে ও ভোগান্তি মুক্ত শ্রমশক্তি রপ্তানীতে সবার সহযোগিতা চান নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে মাহফিল অনুষ্ঠিত

ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:) এর মাসিক ফাতেহা ও হযরত খাজা মঈন উদ্দিন চিশতি (রা:)এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আমিরাতে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গাউছিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর মোছাফ্ফা শাখার উদ্যোগে মোছাফ্ফার ৭ নং ছানাইয়ায় এ আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এ সময় সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম, সাধারন সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম আনচারী, মাওলানা মোহাম্মদ সিরাজ, মাওলানা মোহাম্মদ ইমরানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

post
আন্তর্জাতিক

দোনেৎস্কে কিয়েভের হামলায় নিহত-২৫

ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় ২৫ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যার কারণে সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে হওয়া সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে এটি একটি। মস্কো নিযুক্ত আঞ্চলিক প্রধানের বরাত দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ২৫ জন নিহত এবং ২০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হচ্ছে। রবিবার সবচেয়ে ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়। এ ছাড়া মস্কো নিযুক্ত মেয়র আলেক্সি কুলেমজিনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলেছে, ইউক্রেনীয় বাহিনী একটি ব্যস্ত এলাকায় গোলাবর্ষণ করেছে, যেখানে দোকান এবং একটি বাজার অবস্থিত। ঘটনাস্থল থেকে রয়টার্সের তোলা ছবি ও ভিডিওতে কান্নারত মানুষ দেখা যাচ্ছে। কেউ কেউ তাদের স্বজন হারানোর কথা জানিয়েছে। বাজারের কাছে রক্তে ভেজা তুষারে লাশ পড়ে থাকতেও দেখা গেছে। পুশিলিন বলেছেন, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের টুকরা সংগ্রহ করার চেষ্টা করছেন।

post
এনআরবি লাইফ

ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

ওমানের মাস্কাটে সফি উল্লাহ শাকিল নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে শহীদ উল্লাহর ছেলে। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শাকিলের পরিবার।নিহতের পরিবার জানান,১১ মাস আগে ওমানে যান শাকিল। সেখানে তিনি ইলেকট্রিকের কাজ করতেন। শনিবার সকালে মাস্কাটে তার থাকার ঘরের পাশের একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সঙ্গে আগের রাতেও কথা হয়েছিল শাকিলের। প্রেমের সম্পর্কে অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে নিহতের পরিবার।

post
আন্তর্জাতিক

মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ইরানের

মহাকাশে সফলভাবে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে দাবি করেছে ইরান। ইরানি মহাকাশ সংস্থার ওই কৃত্রিম উপগ্রহটি নাম সোরাইয়া। যেটি মহাকাশে ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়েছে।শনিবার উৎক্ষেপণ করা ওই স্যাটেলাইট এখন পর্যন্ত ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইটের মধ্যে মহাকাশে সবচেয়ে বেশি উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। যা তেহরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।ইরান এমন একটি সময়ে নিজেদের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের খবর দিলো যখন গাজা যুদ্ধ ঘিরে পুরো মধ্যপ্রাচ্য এবং আশেপাশের অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া, এ সপ্তাহেই ইরান-পাকিস্তান জঙ্গি আস্তানায় হামলার কথা বলে পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা চালিয়েছে।ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, তিন স্তরের রকেট কায়েম-১০০ দিয়ে স্যাটেলাইট সুরাইয়া কে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে ৭৫০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়। তবে এই স্যাটেলাইটি ঠিক কি কাজ করবে সে বিষয়ে খবরে কিছু জানানো হয়নি।ইরানের রেভল্যুশনারি গার্ডস এর মহাকাশ প্রকল্পের অংশ হিসেবে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। তবে ইরান দাবি করলেও এখনো স্বাধীনভাবে কেউই তাদের মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের খবর নিশ্চিত করেনি।

post
অভিবাসন

লিবিয়ায় নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত

লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে ইব্রাহিম ফকির নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়। ৩২ বছর বয়সী ইব্রাহিম ফকিরের (৩২) বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে। ওই গ্রামের কৃষক নূরুল ইসলামের ছেলে তিনি। ইব্রাহিম ফকিরের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের স্ত্রী রোজিনা বেগম বলেন, একবছর আগে দালাল খোরশেদ আলমের মাধ্যমে তার স্বামী ইব্রাহিম ফকির ও একই বাড়ির কবির হোসেন লিবিয়া যান। দালাল খোরশেদ আলম তাদের যেখানে কাজের জন্য নিয়ে যান, সেখানে গিয়ে তারা বেশ বিপদে পড়েন। কারণ, কথার সঙ্গে কাজের কোন মিল খুঁজে পাননি তারা। রোজিনা বেগম বলেন, কৌশলে ২ মাস আগে কবির হোসেন দেশে ফিরে আসেন। কিন্তু ওই দেশের দালাল চক্রের কবলে পড়ে যান ইব্রাহিম। তিনি জানান, কাজ না পেয়ে প্রতিবাদ করলে দালাল চক্র ক্ষিপ্ত হয়ে উঠে ইব্রাহিমের ওপর। একপর্যায়ে তাদের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তার স্বামী। এদিকে, লিবিয়া ফেরত কবির হোসেন জানান, লিবিয়ার বেনগাজী শহরের পাশে নির্জন একটি এলাকায় তাকে এবং ইব্রাহিম ফকিরকে রাখা হয়। সেখানে তাদের মতো আরও কয়েকজন বাংলাদেশিকেও দেখেছেন তিনি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন মোল্লা বলেন, অনেক কষ্ট করে নূরুল ইসলাম তার ছেলেকে লিবিয়া পাঠান শুধুমাত্র ভাগ্য পরিবর্তনের জন্য। কিন্তু এখন তা আর হলো কই!  তবে ইব্রাহিম ফকিরের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারের সহায়তা চান তিনিসহ পরিবারের সদস্য এবং এলাকাবাসী।

post
এনআরবি সাফল্য

আমিরাত থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ সরকারের কাছ থেকে সিআইপি অ্যাওয়ার্ড তালিকায় প্রতিবছরই যুক্ত হচ্ছে নতুন ব্যবসায়ীদের নাম। ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন তালুকদার। দেশটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড় শতাধিক বাংলাদেশীর।চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের মৃত সাহাব মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন তালুকদার সিআইপি। ১৯৯১ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। শুরু করেন ব্যবসা। দেশটিতে একে একে গড়ে তোলেন মোঃ জসিম জেনারেল ট্রেডিং কোম্পানি এলএলসি, মোহাম্মদ জসিম বিল্ডিং ম্যাটারিয়াল কোম্পানি এলএলসি, মোঃ জসিমউদ্দিন সুপার মার্কেট এলএলসিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সহধর্মিণীর সহযোগিতায় সব কয়টি প্রতিষ্ঠান নিয়ে ২০১০ সালে গড়ে তোলেন জেএসএম গ্রুপ অব কোম্পানিস। বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে উপার্জন করেছেন বাংলাদেশ সরকারের দেয়া সিআইপি অ্যাওয়ার্ড। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশ নেন সফল এই রেমিটেন্স যোদ্ধা।

post
এনআরবি লাইফ

লেবাননে বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা

লেবাননে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন চার শতাধিক বাংলাদেশি। তাদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় প্রয়োজনীয় ঔষুধ। বৈরুত ক্লাসিকো স্টেডিয়ামে এই আয়োজন করে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী।সংশ্লিষ্টরা জানান, লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম প্রবাসীদের দেয় এ চিকিৎসা সেবা। ভবিষ্যতেও লেবাননে দ্বায়িত্বরত বিভিন্ন এনজিওর সমন্বয়ে প্রবাসীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান। তথ্য মতে, ভাষাগত জটিলতা ও বৈধ কাগজপত্রের কারণে সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় বাংলাদেশিদের। অর্থনৈতিক সংকটে ওষুধের চড়া মূল্যের কারণেও প্রয়োজনীয় ঔষুধ কিনতে হিমশিম খেতে হয় তাদের। বিনামূল্যে চিকিৎসা সেবার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। এছাড়াও এদিন বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি লেবাননে দ্বায়িত্বরত ৩টি এনজিও বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা প্রদান করে।

post
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় একদিনে ১৫৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বোমা হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১৫৮ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) কয়েক দফায় রকেট হামলা চালানো হয়েছে।ইসরায়েলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের নেটিভট শহরে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।অন্যদিকে ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এমন অবস্থায় তেহরানে নিয়োজিত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফেরার আদশে দিয়েছে ইরাক সরকার।মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদরদপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ হাজার ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ হাজার ৮০০ জন। প্রায় প্রতিদিনই শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.