সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ সরকারের কাছ থেকে সিআইপি অ্যাওয়ার্ড তালিকায় প্রতিবছরই যুক্ত হচ্ছে নতুন ব্যবসায়ীদের নাম। ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন তালুকদার। দেশটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড় শতাধিক বাংলাদেশীর।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের মৃত সাহাব মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন তালুকদার সিআইপি। ১৯৯১ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। শুরু করেন ব্যবসা।
দেশটিতে একে একে গড়ে তোলেন মোঃ জসিম জেনারেল ট্রেডিং কোম্পানি এলএলসি, মোহাম্মদ জসিম বিল্ডিং ম্যাটারিয়াল কোম্পানি এলএলসি, মোঃ জসিমউদ্দিন সুপার মার্কেট এলএলসিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সহধর্মিণীর সহযোগিতায় সব কয়টি প্রতিষ্ঠান নিয়ে ২০১০ সালে গড়ে তোলেন জেএসএম গ্রুপ অব কোম্পানিস।
বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে উপার্জন করেছেন বাংলাদেশ সরকারের দেয়া সিআইপি অ্যাওয়ার্ড।
ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশ নেন সফল এই রেমিটেন্স যোদ্ধা।
