post
আন্তর্জাতিক

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিচার শুরু

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার বিচার শুরু করছে সুইডেনমুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পোড়ানোর ঘটনায় ইউরোপের দেশ সুইডেনে দুই ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। গত বছরের এমন একাধিক ঘটনায় সুইডেনের প্রতি মুসলিমদের ক্ষোভ বাড়ে এবং জিহাদি হামলার হুমকি তৈরি হয়। ২০২৩ সালে কোরআন পোড়ানোর ঘটনায় দুই ব্যক্তিকে জাতিগত ঘৃণা উসকানির দায়ে অভিযুক্ত করেছেন সুইডেনের কৌঁসুলিরা।বুধবার (২৮ আগস্ট) সুইডিশ প্রসিকিউশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, ওই দুই ব্যক্তি ‘একটি জাতি বা জাতীয় গোষ্ঠীকে ক্ষুব্ধ করে তোলার অপরাধ’ করেছেন।স্টকহোমে মসজিদের বাইরে এবং অন্য স্থানে চারটি আলাদা ঘটনায় জনসমক্ষে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছেন তারা।এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সুইডেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসী হামলার সতর্কতার মাত্রা বাড়ায়। প্রতিবেশী ডেনমার্কেও কোরআন পোড়ানোর প্রবণতা শুরু হয়, যা বন্ধে আইনে কাড়াকড়ি আরোপ করে সরকার।সুইডেনের জ্যেষ্ঠ কৌঁসুলি আনা হানকিও বিবৃতিতে বলেছেন, দুই ব্যক্তিকেই মুসলিমদের বিশ্বাসের অবমাননার উদ্দেশ্যে করা ওই চারটি ঘটনার জন্য অভিযুক্ত করা হয়েছে।ঘটনার ধারণকৃত ভিডিওতে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের মূল প্রমাণ রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। তবে অভিযুক্তের একজন তার আইনজীবী মার্ক সাফারিয়ানের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি কোনো অন্যায় করেননি।সাফারিয়ান জানান, তার মক্কেলের বিক্ষোভ প্রদর্শনের অধিকার সুইডেনের সংবিধানের মাধ্যমে সংরক্ষিত। তবে অন্য অভিযুক্তের আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।ওই অভিযুক্ত ইরাকের একজন শরণার্থী। তিনি জানিয়েছিলেন, ইসলামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ ও কোরআন যাতে নিষিদ্ধ করা হয় সেই দাবি তুলতে চেয়েছেন তিনি। সুইডেনের অভিবাসন সংস্থা জানিয়েছে, আবেদনে মিথ্যা তথ্য দেওয়ায় তারা এই শরণার্থীকে ডিপোর্ট বা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু নিজ দেশে তার ওপর নির্যাতনের ঝুঁকি থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।২০২৩ সালে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিমপ্রধান দেশগুলোতে সুইডেনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়।জুলাইতে বাগদাদে সুইডিশ দূতাবাসের কমপাউন্ডে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। সে বছরের আগস্টে সুইডেনের গোয়েন্দা সংস্থা স্যাপো দেশটিতে হুমকির মাত্রা চারে উন্নীত করে, যার সর্বোচ্চ মাত্রা পাঁচ।চলতি মাসের শুরুতে কৌঁসুলিরা সুইডিশ-ড্যানিশ বংশদ্ভূত আরেক ব্যক্তিকে ২০২২ সালে মালমো শহরে একই ধরনের অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত করেছেন। ২০২০ সালে কোরআন পোড়ানোর আরেক ঘটনায় জাতিগত ঘৃণা উসকে দেওয়ার জন্য গত বছরের অক্টোবরে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন সুইডিশ আদালত। মুসলিমদের ধর্মগ্রন্থ পোড়ানোর জন্য কারো বিরুদ্ধে দেওয়া এটিই দেশটির আদালতের প্রথম কোনো রায়।সমালোচকদের কারো কারো মতে, বিশ্বের অন্যতম উদার দেশ সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ানোকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবেই দেখা উচিত।

post
বাংলাদেশ

আরব সাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

ভারতের গুজরাট উপকূলে আরব সাগরের উত্তরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত বা শুক্রবার (৩০ আগস্ট) সকালেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারত ও পাকিস্তানের আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) একটি সতর্ক সংকেত জারি করেছে। তাতে বলা হয়েছে, গুজরাট উপকূলের কাছে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ গত ১২ ঘন্টা ধরে ধীরে ধীরে কচ্ছের রণের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণপশ্চিমে সরে গেছে এবং এখন করাচির প্রায় ২৭০ কিলোমিটার পূর্ব/দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘নিম্নচাপটি আরও পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার সকাল নাগাদ সিন্ধু উপকূলে উত্তর-পূর্ব আরব সাগরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’প্রায় একই কথা বলেছে ভারতের আবহাওয়া বিভাগও (আইএমডি)। বৃহস্পতিবার সংস্থাটি বলেছে, শুক্রবার গুজরাট উপকূলে উত্তর আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে ঘূর্ণিঝড়টির ভারতীয় উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম। কারণ সৌরাষ্ট্র-কচ্ছের রণের ওপর বিরাজমান গভীর নিম্নচাপ শুক্রবারের মধ্যে উত্তর আরব সাগরে সরে যাবে।বৃহস্পতিবার সকালে আইএমডি এক ‍বিবৃতিতে বলে, গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে এবং ভূজের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, নালিয়া থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে ২৭০কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।এটি পূর্ণ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পর এর নাম হবে ‘আসনা’। নামটি পাকিস্তানের দেয়া। ১৯৬৪ সালের পর এটি হবে আগস্ট মাসে আরব সাগরে সৃষ্ট দ্বিতীয় ঘূর্ণিঝড়।আইএমডি-র নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের তথ্য থেকে জানা যায় যে, আরব সাগরে উৎপন্ন নিম্নচাপ বা তাদের তীব্রতা ১৯৬১, ১৯৬৪ ও ২০২২ সালে রেকর্ড করা হয়েছিল। কিন্তু এগুলোর কোনোটিই ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। অন্যদিকে ১৯২৬, ১৯৪৪ ও ১৯৭৬ সালে স্থলভাগে থাকাকালীন নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল।এদিকে বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে আইএমডি। সাইক্লোনিক সার্কুলেশনটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রতল থেকে ৫ দশমিক ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি দক্ষিণের দিকে খানিকটা হেলে অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে চলেছে।এরপর আগামী দুদিনে এটি উত্তর ও উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। যা ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে এই নিম্নচাপের প্রভাব পড়বে বলেও জানানো হয়েছে।সূত্র: ডন ও ইন্ডিয়ান এক্সপ্রেস

post
বাংলাদেশ

পালিয়েছেন ভারতীয়রা, কী হবে সড়ক প্রকল্পের?

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া নির্মাণাধীন চারলেন সড়ক প্রকল্পের কাজ ফেলে রেখে চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এতে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। এ অবস্থায় খানাখন্দে ভরা চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।খোঁজ নিয়ে জানা যায়, গত ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন হওয়ার পর, ভারতীয় নমনীয় ঋণ এলওসির অধীনে ২০১৮ সালে তিনটি প্যাকেজে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত দুইলেন থেকে মহাসড়কটি চারলেনে উন্নীত করার কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।প্রকল্পের কাজ শুরুর পর ২০১৯ ও ২০ সালে করোনা মহামারির কারণে কাজ অনেকটাই থমকে যায়। পরবর্তীতে বালু সংকটের কারণে আবারও ৬ মাস বিলম্ব হয় নির্মাণ কাজের। এরইমধ্যে ২০২২ সালে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হয়। এরমধ্যে প্যাকেজ-১ এর অধীনে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোল চত্বর থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত একপাশের দুই লেনের কাজ পুরোপুরি শেষ হয়েছে। প্যাকেজ-২ এর অধীনে বিশ্বরোড থেকে ধরখার পর্যন্ত এক পাশের কাজ অনেকটা শেষ হলেও, অন্যপাশটা খানাখন্দে ভরা। ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস ঘাটুরা, বিরাসার, পৈরতলা, রাধিকা ও উজানি সার এলাকায় মহাসড়কের একপাশে খানাখন্দ থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হচ্ছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে যানচালক ও যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

post
বাংলাদেশ

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত ৩ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ক্যাম্পে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুলকারেম ব্যাটালিয়ানের যোদ্ধাদের যুদ্ধ চলছে- হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডসের এমন মন্তব্য করার পরেই সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাসেম ব্রিগেডসের পক্ষ থেকে বলা হয়েছে, দখলদার বাহিনীর সঙ্গে আমাদের যোদ্ধারা সংঘাত চালিয়ে যাচ্ছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও হামলার পরিমাণ বেড়েছে। ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ৬০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে শিশু রয়েছে ১৪৪ জন। 

post
বাংলাদেশ

হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৪ দিনের রিমান্ড

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় গ্রেপ্তার টিপু মুনশিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আজ বিকেল পাঁচটার পর কড়া পুলিশ পাহারায় টিপু মুনশিকে আদালতে হাজির করা হয়। পরে হাজতখানা থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তাঁর মাথায় ছিল পুলিশের হেলমেট, শরীরে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। শুনানির সময় আদালতে উপস্থিত বিএনপি–সমর্থক আইনজীবীরা টিপু মুনশির শাস্তি চান।গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। তাঁদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা এসব মামলায় রিমান্ডে আছেন।৫ আগস্টের পর থকে টিপু মুনশিও আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুনশি রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুনশি।

post
বাংলাদেশ

গাজী টিভি (জিটিভি) সাংবাদিক রেহনুমা সারাহর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) সাংবাদিক রেহনুমা সারাহর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত রেহনুমা গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।রেহনুমা সারাহ কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। তিনি নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। তার স্বামীর নাম সায়েদ শুভ্র।এদিকে মঙ্গলবার রাতে ফেসবুকে সর্বশেষ একটি পোস্ট দেন রেহনুমা। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, "তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশাকরি খুব শিগগিরই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি, আমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুন।" শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রেহনুমা সারাহর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে।সারাহর স্বামী সায়েদ শুভ্র জানান, ভালোবেসে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিবাহ করেন। গতকাল সারাহ অফিসে গিয়ে রাতে বাসায় ফেরেননি। রাত ৩টার দিকে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দেয়ার খবর জানতে পারেন। পরে ঢামেক গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে তিনি বলেন, তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি।রেহনুমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথচারী জানান, ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

post
বাংলাদেশ

ব্লু-ড্রিংকস ৭ দিনের মধ্যে বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ

কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’কে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়ে ছিলেন রাফসান। পরে জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করে আদালত ছেড়েছেন অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাতকারী এই ইউটিউবার।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে কোমল পানীয় ‘ব্লু’ এর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তারা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।এর আগে বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেন।প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান চালানো হয়। ১৭ মে তা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জানা গেছে, কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘মেসার্স ড্রিংকব্লু বেভারেজ’ প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ‘‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনও পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিংকসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‍‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ইফতেখার রাফসানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

post
বাংলাদেশ

পরশুরামে খালের বাঁধ কাটতে এসে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় বিএসএফের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে সেখান থেকে সরে যান বলে জানান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।স্থানীয়রা জানান, এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। পরে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেয় ভারতীয়রা। এতে সিলোনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়। একপর্যায়ে তারা বাংলাদেশ অংশে বাঁধটিও কেটে দেওয়ার জোর চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা ব্যর্থ হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নেটওয়ার্ক না থাকায় বিষয়টি এতদিন জানাজানি না হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসে নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তাদের বাধার মুখে খালের বাঁধটি কাটতে পারেনি ভারতীয়রা। এতে বন্যায় আরও বেশি দুর্ভোগের হাত রক্ষা পেয়েছে মির্জানগর ইউনিয়নসহ পরশুরামের নিম্নাঞ্চল। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ওই এলাকায় সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশে বাঁধ কাটার চেষ্টা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেন। পরে বিজিবি সদস্যরা গেলে তারা সরে যান।উল্লেখ্য উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন চরের পশ্চিমে-দক্ষিণে রয়েছে একটি মরা নদী। সেটি বল্লামুখার খাল নামে পরিচিত। বল্লামুখার খাল নিজ কালিকাপুর থেকে শুরু হয়ে রাঙ্গামাটিয়া, ফকিরের খিল, উত্তর কাউতলী, বাইন্যা গ্রাম, ডিএম সাহেবনগর, মেলাঘর, মির্জানগর, গদানগর, পূর্ব সাহেবনগর, কালীকৃষ্ণনগর গ্রাম দিয়ে সিলোনিয়া নদীতে মিলিত হয়েছে।

post
বন্যার খবর

ভেলায় ভেসে আসছে লাশ, সঙ্গে চিরকুট

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ফেনী। বন্যা কেড়ে নিয়েছে সবকিছু। এর ভেতর যারা স্বজন হারিয়েছেন তাদের বেদনার ভয়াবহতা হৃদয়বিদারক। সব তলিয়ে যাওয়ায় মাটির অভাবে মৃত মানুষটির দাফন বা সৎকারের সুযোগ না পেয়ে ভাসিয়ে দিতে হচ্ছে কলাগাছের ভেলায়। স্বজনের মরদেহ যেন একটু মাটির ছোঁয়া পায় সে আশায় অনেকে মরদেহের সঙ্গে কাগজে দাফনের অনুরোধ লিখে দিচ্ছেন। জীবনের এমনই ভয়াবহতা ছুঁয়ে যাচ্ছে ফেনীবাসীকে।শনিবার স্বজনরা মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেন। সঙ্গে একটি চিরকুটে তাকে দাফনের অনুরোধ করা হয়। সেখানে ঠিকানাও দেওয়া হয়।ওই চিরকুটে লেখা ছিল, 'এই মৃতদেহটি অতিরিক্ত বন্যার কারণে আমরা দাফন করতে পারিনি। দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি। সঙ্গে আমাদের এলাকার নাম-ঠিকানাসহ ফোন নম্বর দেওয়া হয়েছে। যদি কেউ শুকনো জায়গা পান, তাকে কবর দিয়ে দেবেন এবং আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব'।ফেনী সদর উপজেলার একটি গ্রামে বন্যার পানিতে মরদেহ ভাসছে উল্লেখ করে সাংবাদিক ফারাবী হাফিজ তার ফেসবুকে একটি লাশের তথ্য জানিয়ে লেখেন, 'কলার ভেলায় মরদেহ ভাসছে। প্লাস্টিকে লেখা, "মুসলিম মহিলা। পারলে জানাজা পড়ে দিয়েন।"'জানা যায়, দাফনের জন্য জায়গা না পেয়ে বানের পানিতে ভাসিয়ে দেওয়া হয় শিফু (৪২) নামের ওই নারীকে। বৃহস্পতিবার বন্যার পানিতে তলিয়ে মারা যান তিনি।ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের লতিফ হাজী বাড়ির মৃত নুরুল আমিনের মেয়ে শিফু। তার ভগ্নিপতি শাহেদুল হক জুয়েল জানান, শিফুর দাফনের ব্যবস্থা করে দিতে প্রশাসনের কাছে বারবার অনুরোধ করা হয়েছিল। সহযোগিতা না পাওয়ায় বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে পানিতে ভাসিয়ে দিতে হয়েছে।ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া আশ্রায়ন প্রকল্পের মো. আজিজুর রহমান জানান, বন্যার পানিতে ভেসে আসা পাঁচটি লাশ গত শনিবার ও রোববার দাফন করেছেন তারা। এছাড়াও আশ্রয়ন প্রকল্পে স্বাভাবিক মৃত্যু হওয়া তিনজনের লাশও দাফন করেছেন।বন্যার পানিতে লাশ ভেসে আসার আরও কিছু তথ্য ফেসবুক পোস্টে দিয়েছেন অনেকে। তবে এসব তথ্য যাচাই করার সুযোগ হয়নি।এদিকে জেলা প্রশাসনের কাছে বন্যায় একজনের মৃত্যুর তথ্য রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার। 

post
বিনোদন

নায়িকা হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন দীপ্তি

সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেই সিনেমার জন্য নতুন নায়িকা খুঁজছে প্রতিষ্ঠানটি। টক শো ‘টু দ্য পয়েন্ট’ এর উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। এর কর্ণধার আবদুল আজিজ চেয়েছিলেন আলোচিত মুখ দীপ্তিকে নায়িকা বানাতে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন দীপ্তি।নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমে দীপ্তি বলেন, উপস্থাপনা আমার পেশা। এই কাজটি আমার সঠিকভাবে করার চেষ্টা করছি। এছাড়া পড়াশোনা, লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। আপাতত অভিনয়ে যুক্ত হতে চাই না।বিষয়টি নিয়ে আব্দুল আজিজ গণমাধ্যমে বলেন, সমসাময়িক ঘটনা নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প-চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.