post
বন্যার খবর

ত্রাণের পাহাড় নিয়ে যাচ্ছে আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন

ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। বিপর্যস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে শায়খ আহমাদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণের পাহাড় নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন তারা।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানিয়েছেন, এসব জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। এমন পরিস্থিতিতে নিজেদের ত্রাণের পরিমাণ আরও ২০০ টন বাড়িয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন।শুক্রবার (২৩ আগস্ট) আসসুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে জানানো হয়েছে, চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যার্তদের জন্য ত্রাণ প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৫০০ টন, যা এখন ৭০০ টনে পৌঁছাচ্ছে। প্রয়োজন সাপেক্ষে আরও বর্ধিত হবে ইনশাআল্লাহ।

post
বাংলাদেশ

লালমনিরহাটে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

অনলাইন ভিত্তিক জুয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হাতীবান্ধা উপজেলার জাহিরুল ইসলাম নামে এক ব্যাক্তি।শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার জাহিরুল ইসলাম নিজে সততার সহিত বেঁচের থাকার জন্য বৈধ ভাবে ব্যাবসা করে চলতে সকলের সহযোগিতা কামনা করেন।এ-সময় তিনি এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন। গোসল করতে করতে তিনি বলেন যারা যারা ক্যাসিনো সহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবন ধ্বংস করার মত জুয়া খেলা থেকে বিরত থাকেন।এই জাহিরুল ইসলাম নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে। জাহিরুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতনমহল।জাহিরুল ইসলাম বার্তা ২৪ কমকে বলেন,গত এক বছরে আমি প্রায় ১৫ লক্ষ টাকা এই জুয়ায় হেরে গেছি শুধু টাকা না আমার দোকান ও শখের মোটরসাইকেল বিক্রি করেছি। আজ প্রায় আমি নিঃস্ব হয়েছি। তাই দুধে গোসল করে প্রতিজ্ঞা করলাম আর কখনো অনলাইন জুয়া খেলবো না।

post
বন্যার খবর

নাঙ্গলকোটে বন্যার ভয়াবহ রূপ, পানিবন্দি ও বিদ্যুৎহীন হাজারো মানুষ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধিকাংশ এলাকায় লাখ-লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ অধিকাংশ সড়ক ও ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। উঁচু জমিতে করা আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। বিশেষ করে উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, ঢালুয়া, মৌকারা, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, বাঙ্গড্ডা ও পেরিয়া ইউনিয়নের বেশির ভাগ এলাকা তলিয়ে গিয়েছে। অবস্থার আরো অবনতি হওয়ায় বুধবার সন্ধ্যা ৮টায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে স্থানীয়রা জানান। উপজেলার ঢালুয়া-চিওড়া ও বক্সগঞ্জ-গুনবতী আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় নৌকায় করে বণ্যার্ত মানুষকে উদ্ধার করে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বেশির ভাগ মানুষ এখনো পানিবন্দী। বন্যার পাশাপাশি দুর্গত কিছুকিছু এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই। পানি বন্দি মানুষের রান্না করার অসুবিধার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে।

post
বন্যার খবর

বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে রাজধানীর দেয়ালে শিক্ষার্থীদের ছবির কাব্য

বন্যা দুর্গতদের সহায়তায় শুধু সরকার নয়, প্রত্যেক নাগরিককে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে রাজধানী ঢাকার নিউমার্কেট, সাইন্সল্যাব এলাকায় দেয়াল অংকন কর্মসূচিতে আলাপকালে তারা এসব কথা বলেন। রেইনবো পেইন্টসের সহযোগিতায় দেয়াল চিত্রের মাধ্যমে শিশু কিশোররা্ এই পরিবর্তনের চিত্রই তুলে ধরতে চাইছেন। তারা বলছেন, প্রথাগত নিয়ম ভেঙ্গে শুধু সরকার কিংবা জনপ্রতিনিধিই নয়, স্থানীয় সামর্থবানদেরও সমাজের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। তাই তারা তাদের ছবিতে সিস্টেম চেঞ্জের দাবী জানিয়েছেন। চলমান বন্যার চিত্র তুলে ধরে শৈল্পিক স্বপ্ন শিশু কিশোর সংগঠনের নাবিদ রহমান তুর্য বলেন,ভয়াবহ বন্যায় দেশের ১৩ জেলার প্রায় অর্ধকোটি মানুষ পানিবন্দি। নিদারুন কষ্টে কাটছে তাদের এই দুর্যোগের দিন রাত্রি। ঠিক এই মূহুর্তে সবাইকে যার যার নিজের মত করে এগিয়ে আসতে হবে। শুধু সরকার কিংবা প্রশাসনের সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার দিকে না তাকিয়ে থেকে যার যার মত করে নিজস্ব সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে হবে। চিত্র শিল্পী নওশীন তাবাসুম তৃনা বলেন, সমাজের মানুষের মাঝে চিন্তার খোরাক জোগাতেই তাদের এই দেয়াল চিত্র অংকনের উদ্যোগ। যা ব্যস্ত নাগরিক জীবনে নতুন করে ভাবনার সুযোগ তৈরী করবে। পরার্থে ফাউন্ডেশনের এনামুল হক ইশান বলেন, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা মানুষের বিবেক জাগ্রত করার উদ্যোগ নিয়েছি। ছবিতে শুরু আগামীর শপথ কর্মসূচির উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের পরিচালক নাজনীন খানম জানান,বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য ব্যস্ত নগরবাসীকে উদ্দীপ্ত করতে সপ্তাহ কর্মসূচি চলবে তাদের এই দেয়াল চিত্র অংকনের কাজ।   মিডিয়া মিউজিয়ামের আরেক পরিচালক রুহুল আমিন স্বপন বলেন, দেশের পুরনো সিস্টেমগুলো পরিবর্তনের দাবী তুলেছেন তরুন শিক্ষার্থীরা। তাদের দাবীকে সবার সামনে তুলে ধরতেই মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এবং এই কাজে পাশে থাকার জন্য রেইনবো পেইন্টসের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। শিশু কিশোর যুব সংগঠন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এ আয়োজনে। এসব শিশু কিশোররা দারিদ্রমুক্ত সাবলম্বী এক বাংলাদেশ বিনির্মাণে তাদের আগামীর প্রত্যাশা তুলে ধরেন তাদের ছবির তুলিতে।

post
বাংলাদেশ

সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফকে ছুরিকাঘাত

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করেছেন অপর এক আইনজীবী।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপর সাড়ে ১২টার পর আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।রক্তাক্ত অবস্থায় ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম নামের এক আইনজীবী আমাকে ছুরিকাঘাত করেন।’

post
বন্যার খবর

‘চোখের পানি আটকাতে পারছি না’ বন্যার্তদের নিয়ে সিমরিন লুবাবা

সামাজিক মাধ্যমে বহুল আলোচিত সিমরিন লুবাবা বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে সে এ আহ্বান জানায়।লুবাবা লেখে, ‘আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে লুবাবা লেখে ‘আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না।’সে আরও বলে ‘ছোট ছোট বাচ্চা আমার মত বয়সী এরা আজকে কতটা অসহায় আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। একটি বিজ্ঞাপন করে শোবিজ অঙ্গনে ব্যাপক পরিচিতি পায় সে।

post
বাংলাদেশ

বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, একদিনেই এসেছে ১০৯ মিলিয়ন ডলার

চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর গতি বেড়েছে। আগস্টের প্রথম ২০ দিনে দেশে বৈধপথে ১ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের ২০ তারিখ পর্যন্ত দেশে আসা ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার আগের বছরের একই সময়ে আসা রেমিট্যান্সের তুলনায় ৩৬ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে যা ছিল ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার। এছাড়া গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার।গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত- সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। ঐ সময় দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী। যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে।ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশি। এর ফলে আবারও প্রবাসী আয় এখন বাড়তে শুরু করেছে বলে মনে করেন ব্যাংকাররা।

post
শিক্ষা

প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল ঘোষণা

২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়েছে। যারা ২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়েছেন, তাদের ই-মেইলে বাতিলের খবর জানানো হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫ অর্থবছরেরটি বাতিল করা হয়েছে।এদিকে প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়ে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার অপেক্ষায় আছেন, তারা বিপাকে পড়েছেন। কারণ, ভিসা আবেদন, কাগজপত্র গোছানোসহ নানা কাজ এগিয়ে রেখেছেন অনেকে। কেউ কেউ ভিসাও পেয়েছেন। যারা ভিসা পেয়েছেন, তাদের অনেকেরই সেপ্টেম্বর মাসে পড়তে যাওয়ার কথা। এ জন্য আনুষঙ্গিক সব প্রস্তুতিও শেষ। তারা বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি

post
বন্যার খবর

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ইমাম সমিতি আহ্বান

ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় সৃষ্ট বন্যায় দুর্গত মানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাহায্যে সহযোগিতা করতে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছে বাংলাদেশ ইমাম সমিতি।বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ইমাম সমিতির প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান স্বাক্ষরিত যৌথবিবৃতিতে এ আহ্বান করা হয়।যৌথবিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা গিয়েছে।

post
বাংলাদেশ

সাংবাদিকদের নিরাপত্তার জন্য জাতিসংঘের আহ্বান

বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণের ওপর জোর দিয়ে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।স্থানীয় সময় গত বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, বিশ্বের যে কোনো দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও মঙ্গল ওইসব দেশ, বিশেষ করে যেসব দেশগুলো একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।সাম্প্রতিক সময়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাঙচুরের বিষয়ে এক সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।এ সময় মুখপাত্র বলেন, সাংবাদিকদের তাদের কাজ স্বাধীনভাবে করার সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা করে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।উল্লেখ্য: গত সোমবার বিকেলে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা চালায়।এ সময় দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটাল অফিসে ঢুকে ভাংচুর করে। তারা ভবনের টেবিল, কম্পিউটার ও এসিও ভাংচুর করে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি পাশাপাশি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ২৪, নিউজ২৪, টি স্পোর্টস এবং ক্যাপিটাল রেডিও অফিস রয়েছে।দুর্বৃত্তরা এসময় অফিস চত্বরে পার্ক করা ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে বলে জানা যায়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.