post
বাংলাদেশ

হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই

১৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসাসেবাও চলছিল। শেষ পর্যন্ত ফেরানো গেল না সংগীতশিল্পী জুয়েলকে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী, উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  জুয়েলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী উপস্থাপক সংগীতা আহমেদ।জুয়েলের বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে তাঁর লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসাসেবা চলছিল। গত অক্টোবর থেকে জুয়েলকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। এর মধ্যে সম্প্রতি তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার রাত থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরের মঙ্গলবার, অর্থাৎ আজ চিরবিদায় নিলেন এই শিল্পী।ব্যান্ড সংগীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাঁকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা–বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে। ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি–কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ ঘটতে শুরু করেজুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে (১৯৯৪)’, ‘আমার আছে অন্ধকার’ (১৯৯৫), ‘একটা মানুষ’ (১৯৯৬), ‘দেখা হবে না’ (১৯৯৭), ‘বেশি কিছু নয়’ (১৯৯৮), ‘বেদনা শুধুই বেদনা’ (১৯৯৯), ‘ফিরতি পথে’ (২০০৩), ‘দরজা খোলা বাড়ি’ (২০০৯) এবং ‘এমন কেন হলো’ (২০১৭)।

post
বাংলাদেশ

বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে অফিস

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই ২০২৪ খ্রি. তারিখ, বুধবার হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস-আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

post
আন্তর্জাতিক

ইসরায়েলে ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু নিহত

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু ও তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েক ডজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে,শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট মাজদাল শামসে পড়ে। এদিকে,প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,হামলাকারীদের চড়া মূল্য দিতে হবে। বিবিসি জানিয়েছে,রকেট হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।

post
আন্তর্জাতিক

ভিসেন্সার সর্বকনিষ্ঠ কাউন্সিলর হলেন বাংলাদেশী তরুণ

ইতালির ভিসেন্সায় সর্বকনিষ্ঠ কাউন্সিলর পদে বিজয় অর্জন করে ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিমেল মিয়া।মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পান। হিমেল মিয়ার জয়ে আনন্দিত প্রবাসী বাংলাদেশীরা। তারা মনে করেন হিমেল শুধু নির্বাচনে জয়ই হয়নি, জয়ী করেছে প্রবাসীদেরও। ৪ জন মেয়র প্রার্থী ও মোট প্রায় দেড় শতাধিক কাউন্সিলর প্রার্থীদের সাথে প্রতিদন্দ্বিতা করেন শরীয়তপুরের নড়িয়ায় হিমেল।

post
আন্তর্জাতিক

সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ ওমানের

প্রবাসী ও বিভিন্ন দেশের যাত্রীদের বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।৪ আগস্ট থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার ৪০ মিনিট আগে থেকেই শুরু হবে। আগে যা ২০ মিনিট আগে থেকে শুরু হতো। ঠিক সময়ে যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সবধরণের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমবে কয়েকগুণ। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ আটক-৫৯

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৯ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ।সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে ২৫ জন ও কুয়ালালামপুরের কমপ্লেক্স দামাই এলাকা থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়ায় থাকার বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা,অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হন তারা। আটক ৩৪ অভিবাসী,ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আরও তদন্তে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। অন্যদিকে, সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটক ২৫ জনের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের ১৮ জন পুরুষ ও সাতজন নারী রয়েছে। তাদের আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।

post
বাংলাদেশ

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই - শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মহূর্তে সেই পরিস্থিতি (শিক্ষাপ্রতিষ্ঠান খোলা) তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কী হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কী আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না।বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদেল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা।

post
লাইফ স্টাইল

সকালের নাস্তায় স্বাস্থ্যকর যে ৫ খাবার

ভারতীয় পুষ্টিবিদ নমামি আগরওয়াল কিছু খাবার সম্পর্কে বলেছেন যেগুলো সকালের নাস্তার জন্য স্বাস্থ্যকর। তাই সকালের খাবারের দিকে বিশেষ মনোযোগী হওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক সকালের নাস্তায় কোন খাবারগুলো বেশি স্বাস্থ্যকর হতে পারে-মাখানা অনেকের কাছেই পরিচিত একটি বীজ। এই ক্রাঞ্চি রোস্টেড পদ্মের বীজ সকালের নাস্তা হিসেবে বেশ স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ মাখানা শক্তি জোগায় এবং মধ্য-সকালের সুগার ক্রেভিং দূর করতে সাহায্য করে। খেজুরের গুড় যা নলেন গুর নামেও পরিচিত। খেজুরের রস থেকে প্রাপ্ত এই প্রাকৃতিক মিষ্টি পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজের একটি সমৃদ্ধ ভান্ডার। খেজুরের গুড় ধীরে ধীরে এনার্জি বাড়াতে সাহায্য করে, যা আপনাকে দীর্ঘ সময় ধরে উদ্দীপিত রাখে। মাখনের বদলে আপনার সকালের নাস্তায় ঘি যুক্ত যোগ করতে পারেন। এটি আপনার স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। ফ্যাটি অ্যাসিডের পরিপূর্ণ ঘি মস্তিষ্কের কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। এটি ভিটামিন শোষণেও সাহায্য করে। মস্তিষ্কের আকৃতির এই বাদামে ফাইবার, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড থাকে। আখরোট মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, মনোযোগ উন্নত করে এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে। যার ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকা সম্ভব হয়। সুতরাং, এটি আপনার সকালের খাবারে যোগ করে সুস্বাস্থ্য নিশ্চিত করুন।

post
বাংলাদেশ

কোয়ার্টারে উঠতে সামনে যে সমীকরণ আর্জেন্টিনার

মরক্কোর বিপক্ষে বিতর্কিত ম্যাচে হার দিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবলে যাত্রা শুরু করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেড়ঘণ্টা পর বাতিল হওয়া গোলে তারা ২-১ ব্যবধানে তিক্ত হারের স্বাদ পায়। ফলে অলিম্পিকে টিকে থাকতে পরের ম্যাচটি হয়ে পড়ে ডু অর ডাই। সে ম্যাচে অবশ্য আলবিসেলেস্তেরা ইরাককে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের মেলাতে হবে কিছু সমীকরণ। অলিম্পিক ফুটবলের ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী মরক্কো, ইরাক ও ইউক্রেন। আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচে হারানো মরক্কো নিজেদের দ্বিতীয় লড়াইয়ে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরেছে। আবার ইউক্রেন তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারে ইরাকের কাছে। সেই ইরাকি যুবারা আবার পরের ম্যাচে হেরেছে আর্জেন্টিনার কাছে। অর্থাৎ প্রতিটি দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই জিতেছে একটি করে ম্যাচ। সে কারণেই ‘বি’ গ্রুপের দলগুলোকে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণের অঙ্ক মেলাতে হবে।

post
বাংলাদেশ

সোমবার দেশে আসছে শাফিনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মসজিদে শুক্রবার (২৬ জুলাই) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদের। এবার মাতৃভূমিতে ফেরার পালা, সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন। যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.