post
বাংলাদেশ

ঢাকার পাসপোর্ট অফিসগুলোর পুনর্নির্ধারিত আওতা সংশোধন

ঢাকা ও আশেপাশের পাসপোর্ট অফিসের পুনর্নির্ধারিত অধিক্ষেত্র সংশোধন করেছে সরকার। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য পাসপোর্ট অফিসগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইতোমধ্যে জারি করা পরিপত্র আংশিক সংশোধন করা হয়েছে। সম্প্রতি সংশোধিত পরিপত্রে ‘ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী)’ পরিবর্তে ‘ঢাকা পূর্ব পাসপোর্ট অফিস (আফতাবনগর)’ করা হয়েছে। নতুন করে আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় এসেছে রমনা, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল। আগে এ থানাগুলো ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে ছিল।এছাড়া যাত্রাবাড়ী ও ডেমরা থানাকে কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে আনা হয়েছে। আগে এ দুটি থানা ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে ছিল। ভাটারা থানা উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায় এসেছে। আগে ভাটারা থানাও ছিল ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে। সুরক্ষা সেবা বিভাগ (বহিরাগমন-৪) অতিরিক্ত সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, পাসপোর্ট সেবা দ্রুত ও সহজে দেওয়ার লক্ষ্যে নবসৃষ্ট দুটি অফিসসহ ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসসমূহের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে সুরক্ষা সেবা বিভাগ হতে ইতোপূর্বে জারি করা পরিপত্র আংশিক সংশোধনক্রমে (১) বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁও, ঢাকা, (২) আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরাণীগঞ্জ, (৩) আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা, (৪) পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর), (৫) পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর), (৬) পাসপোর্ট অফিস, ঢাকা সেনানিবাস এবং (৭) পাসপোর্ট অফিস, সচিবালয়ের অধিক্ষেত্রসমূহ পুনর্বিন্যাস করা হলো। আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় থাকবে শেরে বাংলা নগর, মিরপুর, কাফরুল, রূপনগর, গুলশান, বনানী, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান, রমনা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল (১২টি) থানা।কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে থাকবে শ্যামপুর, কদমতলী, কোতয়ালী, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, কেরাণীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল, ওয়ারী, ডেমরা ও যাত্রাবাড়ী (১৬টি) থানা। আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরার আওতায় থাকবে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী, ভাষানটেক ও ভাটারা (১১টি) থানা। আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) এর অধীন থাকবে মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা ও হাতিরঝিল (০৯ টি) থানা। আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এর অধীন থাকবে সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ, নিউ মার্কেট (৮টি) থানা। ঢাকা সেনানিবাসের পাসপোর্ট অফিসের সেবা নিতে পারবেন ঢাকা ক্যান্টনমেন্ট থানার অধীনে বসবাসরত নাগরিকরা। এছাড়া শুধুমাত্র সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যরা সচিবালয়ে অবস্থিত পাসপোর্ট অফিসের সেবা নেবেন।

post
এনআরবি সাফল্য

মার্চের ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১২ হাজার কোটি টাকা

এবার রমজান শুরুর আগেই এর লক্ষণ ফুটে উঠেছে। মার্চ মাসের ১৭ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১১৬ কোটি ৪১ লাখ ৮০ লাখ ডলার, যা টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ১২ হাজার কোটি টাকা। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে। তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, আগের মাস ফেব্রুয়ারির ১৭ দিনে প্রবাসীরা ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠান। মার্চ মাসের ১৭ দিনে পাঠান ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে মার্চে ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। আর আগের মাস ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। টাকার অংকে যার পরিমাণ ১৬ হাজার ৭০ কোটি টাকা। প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে আনতে বিভিন্ন রকম পদক্ষেপ নেয় সরকার। সাম্প্রতিক সময়ে বিদেশে প্রবাসীদের যাওয়ার হারও বেড়েছে। প্রবাসী আয় বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো হলো, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিপরীতে নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ করা, প্রবাসী আয় পাঠানোদের সিআইপি সম্মাননা দেওয়া, প্রবাসী আয় বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করা, অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ন অর্থায়ন সুবিধা দেওয়া, ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশের ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধ করা এবং রেমিট্যান্স পাঠাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসগুলোর চার্জ ফি মওকুফ করা হয়েছে। সেবার বিনিময়ে দেশে প্রবাসী আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করার ব্যবস্থা করা হয়। ঘোষণা ছাড়াই সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ২০ হাজার মার্কিন ডলার দেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়। সর্বশেষ এ সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এসব উদ্যোগের ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানো বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৭ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৯১ লাখ ডলার বা ১ হাজার ৫৯৫ কোটি টাকার বেশি। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫২ লাখ ডলার বা ২৭০ কোটি টাকার প্রবাসী আয় এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৮ কোটি ৬১ লাখ ১০ হাজার ডলার বা ১০ হাজার ৫৫১ কোটি টাকা এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩.৭৪ মিলিয়ন ডলারের প্রবাসী আয়। প্রবাসী আয় পাঠাতে একক ব্যাংক হিসেবে মার্চ মাসে যথারীতি ইসলামী ব্যাংকই এগিয়ে রয়েছে। রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সীমান্ত ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া যথারীতি কোনো প্রবাসী আয় আনতে পারেনি।  

post
খেলা

আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

প্রথম ওডিআইতে সফরকারী আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে হালে পানি পায়নি, আইরিশরা কোন ছার! সিলেটে আজ দ্বিতীয় ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ, এই বিশ্বাসের বিরোধিতা করার সাহস হয়তো আয়ারল্যান্ডও দেখাবে না। প্রথম ম্যাচে আইরিশদের বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে দুদলের মধ্যে পার্থক্য। এদিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজ (সোমবার) সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার প্রায় সারা দিন বৃষ্টি হয়েছে সিলেটে। বাংলাদেশ দল ছিল বিশ্রামে। তবে বিশ্রামে ছিলেন না তামিম। দল ভালো করলেও রানে নেই এই বাঁ-হাতি ব্যাটার। আয়ারল্যান্ড সিরিজের আগে তিনি জ্বরে ভুগেছেন। প্রথম ওয়ানডেতে লিটন দাস সেট হয়ে স্কোর বড় করতে পারেননি। স্বস্তি মিডল অর্ডার নিয়ে। সাকিব ও হৃদয় দুজনই নড়বড়ে নব্বইয়ের শিকার হন। অভিষেকে হৃদয়ের পারফরম্যান্স দলকে স্বস্তি দিচ্ছে। বোলিংয়ে ভালো করেছেন তাসকিন, ইবাদতরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে পেসারদের, বিশেষ করে তাসকিন ও মোস্তাফিজকে বিশ্রাম দিতে চেয়েছেন। আজ একজনকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সাবেক লংকান স্পিনার হেরাথ বলেন, ‘দলের সমন্বয় যাই হোক, আমাদের দেখতে হবে কিভাবে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি।’ হেরাথ বলেন, ‘ইংল্যান্ড সিরিজে তাইজুল ভালো করেছে। এখন আমরা সুযোগ দিচ্ছি নাসুমকে। বিশ্বকাপ সামনে রেখে আমরা দলটাকে ঢেলে সাজানোর ওপর জোর দিচ্ছি।’ স্পিন আক্রমণ নিয়ে কথা বলার পাশাপাশি পেস বোলিং নিয়েও উচ্ছ্বসিত হেরাথ। ‘পেসাররা আমাদের অনুপ্রাণিত করে। এখন আমাদের চমৎকার পেস বোলিং আক্রমণ রয়েছে,’ বলেছেন তিনি। এদিকে মেহেদি হাসান মিরাজের খেলা আজও অনিশ্চিত। আঘাতের কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন তামিম ইকবাল। কিন্তু এই ম্যাচেও মিরাজকে পাওয়ার সম্ভাবনা নেই। চোখের উন্নতি হলেও খেলার মতো অবস্থায় নেই তিনি। এখনো চোখে খানিকটা রক্ত জমে রয়েছে। যে কারণে চোখে সানগ্লাস পড়ে থাকতে হচ্ছে মিরাজকে। ফলে দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় আঘাত পেয়েছিলেন মিরাজ। গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে মুখে বল লাগে তার। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। আয়ারল্যান্ড প্রথম ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে চায়। অধিনায়ক অ্যান্ডি বলবার্নি বলেন, ‘আমি খুব বেশি হতাশ নই। বাংলাদেশ খুবই ভালো খেলেছে। সিরিজে ফেরার সুযোগ রয়েছে আমাদের। আরও ভালো করতে চাই।’

post
বিনোদন

ধর্ষণ’ এর অভিযোগ নিয়ে যা বললেন শাকিব

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’–এর অভিযোগ তুলেছেন এক প্রযোজক; অভিযোগের খবর প্রকাশ্যে আসার তিন দিন পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে এলেন এ চিত্রনায়ক। গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। তাঁর দাবি, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সিনেমাটির দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান, এরপর তিনি দেশে পালিয়ে আসেন। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে কয়েক দফায় যোগাযোগ করা হলেও শাকিব খানের সাড়া মেলেনি; গতকাল রাতে গুলশান থানায় সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শাকিব খান। ‘আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, বিষয়টি আপনি কী বলবেন,’ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দেননি শাকিব খান; তিনি বলেন, ‘সেই সমস্ত বিষয়গুলোই (মামলা) করতেই আজকে এখানে এসেছিলাম।...কোনো কিছু সংঘটিত হলে আমরা কোথায় যাব? নিজের এলাকার থানায় যাব। থানা পরামর্শ দিয়েছে, মামলাগুলো কোর্টে করলে ভালো হয়। আমি কোর্টে গিয়ে এটা ফেস করব। ’ এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের উদ্যোগে শাকিব খান ও প্রযোজক রহমত উল্ল্যাহর মধ্যে মীমাংসার চেষ্টা করা হয়; প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে কোনো সুরাহা হয়নি বলে গণমাধ্যমের খবরে আসে। এর এক দিন পরই আইনি ব্যবস্থা নিতে থানায় গেলেন শাকিব। তবে পুলিশ তাঁর মামলা গ্রহণ করেনি, থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শাকিব; তিন দিন ধরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর প্রথমবারের মতো সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন তিনি।রহমত উল্ল্যাহ তাঁর অভিযোগে দাবি করেছেন, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে মামলা হলে আমি সেখান থেকে আসতে পারি না। অস্ট্রেলিয়ার প্রশাসনের ওপর তাঁর কোনো আস্থাই নেই। ওটা কোনো কেস নম্বর নয়, ইভেন্ট নম্বর। তার পরতে পরতে মিথ্যা। তার প্রথম টার্গেট একটাই কথা, টাকা দেন। ইটস আ ট্র্যাপ।’ আজ দুপুরে সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন শাকিব খান।

post
বাংলাদেশ

হজযাত্রীদের প্রথম ফ্লাইটের তারিখ ঘোষণা

আগামী ২১ মে স্থানীয় সময় রাত পৌনে ৪টায় চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে। এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। নির্ধারিত সময় ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।রোববার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। বিমানের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। আগামী ২১ মে থেকে শুরু হবে চলতি হজ মৌসুমের হজ ফ্লাইট।তিনি জানান, চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে। প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এরমধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪টি, চট্টগ্রাম-মদিনা রুটে ৬টি, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

post
খেলা

আর্চারির এশিয়া কাপে সোনা জিতল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। চীনা তাইপেতে চলমান টুর্নামেন্টে আজ ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশের আর্চাররা। এই ইভেন্টে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে সোনা জিতেছেন বাংলাদেশের হাকিম আহমেদ।চীনা তাইপেতে আজ বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।ফাইনালে আজ প্রথম সেটে বাংলাদেশ ৩৮-৩৬ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে। তবে প্রথম সেট হারলেও পরের দুই সেট বাংলাদেশ জিতেছে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে। বাংলাদেশ একপর্যায়ে তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও বাংলাদেশ জিতে যায় ৫-৩ সেট পয়েন্টে।এরপর রিকার্ভের মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দিয়া সিদ্দিকী ব্রোঞ্জের লড়াইয়ের ম্যাচে ৬-৪ সেট পয়েন্টে হেরেছেন মালয়েশিয়ার মাশাইখ সিয়াকিয়ারের কাছে।প্রথম দুই সেট দিয়া জেতেন ২৭-২৫,২৮-২৭ পয়েন্টে। এরপর তিন সেট হেরে যান দিয়া। এই তিন সেটে ২৮-১৬,২৮-২৭, ২৭-২৬ পয়েন্টের ব্যবধানে তাঁকে হারান মাশাইখ।

post
বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে বাস খাদে পড়ে নিহত ১৯

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।মারা যাওয়া দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঢামেক সূত্র জানায়, আজ রোববার বেলা ১১টার দিকে এই দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।লাশ দুটি কলেজের মর্গে রাখা হয়েছে বলে প্রথম আলোকে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সাতজন এখন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসাধীন সাতজন হলেন আ. হামিম (৫৫), শেখ ফয়সাল আহমেদ (৪০), বদরুদ্দোজা (৩০) পংকজ কান্তি ঘোষ (৫০), ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী ইমাদ পরিবহনের বাসটির সামনের ডান পাশের চাকা এক্সপ্রেসওয়েতে ফেটে যায়আজ সকাল সাড়ে সাতটার দিকে মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।মাদারীপুরের এসপি মাসুদ আলম বলেন, খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটির সামনের ডান পাশের চাকা এক্সপ্রেসওয়েতে ফেটে যায়। এতে বাসটি রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়।মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় আজ রোববার ঢাকাগামী যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েএই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা ও আহত যাত্রীদের ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে।

post
বাংলাদেশ

বাংলাদেশের রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস ছিল শুক্রবার থেকেই। শনিবার ভোর থেকে মেঘলা ছিল রাজধানীর আকাশ। সকালে ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও সকাল ১০টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ মুষলধারায় বৃষ্টি হয়েছে। এতে রাস্তায় বের হওয়া মানুষের ভোগান্তিতেও পড়তে হয়। তবে স্বস্তির এ বৃষ্টি কেউ কেউ অবশ্য আলাদা আমেজও পাচ্ছেন। এদিকে শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারিবর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবেই বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে।  

post
বাংলাদেশ

সাকিব ও আমাকে মেডেল দেওয়া উচিত : হিরো আলম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি। রোববার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপক্ষেমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পুরস্কার দেওয়া যুক্তি হিসেবে তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। হিরো আলম বলেন, ‘ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে। বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। এর মধ্যে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।

post
বিনোদন

কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন পেলেন মাহি

প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছে আদালত। আজ শনিবার ১৮ মার্চ সন্ধ্যায় জামিন দেয় আদালত। কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন পান তিনি।এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.