post
বাংলাদেশ

সাংবাদিকদের নিরাপত্তার জন্য জাতিসংঘের আহ্বান

বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণের ওপর জোর দিয়ে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।স্থানীয় সময় গত বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, বিশ্বের যে কোনো দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও মঙ্গল ওইসব দেশ, বিশেষ করে যেসব দেশগুলো একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।সাম্প্রতিক সময়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাঙচুরের বিষয়ে এক সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।এ সময় মুখপাত্র বলেন, সাংবাদিকদের তাদের কাজ স্বাধীনভাবে করার সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা করে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।উল্লেখ্য: গত সোমবার বিকেলে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা চালায়।এ সময় দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটাল অফিসে ঢুকে ভাংচুর করে। তারা ভবনের টেবিল, কম্পিউটার ও এসিও ভাংচুর করে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি পাশাপাশি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ২৪, নিউজ২৪, টি স্পোর্টস এবং ক্যাপিটাল রেডিও অফিস রয়েছে।দুর্বৃত্তরা এসময় অফিস চত্বরে পার্ক করা ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে বলে জানা যায়।

post
বন্যার খবর

বন্যার প্রভাবে কুমিল্লায় চারজনের মৃত্যু

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বিপর্যস্ত কুমিল্লা। অতিবৃষ্টি ও বন্যার প্রভাবে কুমিল্লায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার কুমিল্লা নগর, লাকসাম, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় এ ঘটনা ঘটে। দুজন বন্যার পানিতে তলিয়ে, একজন বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজনের মাথায় গাছ পড়ে মারা যান। মৃত ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামত আলী (৪৫), কুমিল্লা নগরের ছোট এলাকার কিশোর রাফি (১৫) ও চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩৪)। লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।গতকাল মধ্যরাতে মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি সেতুর নিচে তলিয়ে যান নাঙ্গলকোটের দাউদপুর এলাকার কেরামত আলী। প্রবল স্রোতে হারিয়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে তাঁর লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফি (১৫) নামে কুমিল্লা নগরের ওই কিশোর মারা যায়। কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরার সময় গাছ পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামের এক প্রবাসী মারা যান। গতকাল বুধবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া (আদর্শ গ্রাম) পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে গত সোমবার বিকেলে সোহরাব হোসেন নামের এক আইনজীবী বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। কুমিল্লা নগরের সালাউদ্দিন মোড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডায়াগনস্টিক সেন্টারে রেখে বের হলে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান।

post
বাংলাদেশ

সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ব্যাংকিং খাতে নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দু-একদিনের মধ্যে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে দ্রুত কাজ শুরু করা হবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। 'দরবেশখ্যাত' এই ব্যক্তির নামে গত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি পণ্য রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। এভাবে নানা অনিয়ম করে হাজার হাজার কোটি টাকা আয় করেছেন সালমান এফ রহমান। তিনি কত টাকার মালিক তার প্রকৃত হিসাব কারো কাছে নেই।২০০৬-২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঋণখেলাপিসহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান ২০১০-১১ সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এতকিছুর পরও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারও। গত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ব্যাংক থেকেই নেওয়া হয়েছে ২২ হাজার কোটি টাকা। পণ্য রপ্তানি করে সেই অর্থ দেশে না আনার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। বিশ্বস্ত সূত্র আর নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে- গেল ৩১ বছরে শেয়ারবাজারের প্রত্যেকটি বড় কেলেঙ্কারিতে সালমান এফ রহমান জড়িত। গেল ৩ বছরে তিনি দৃশ্যমানভাবেই বাজার থেকে নিয়েছেন ৬৬০০ কোটি টাকা। আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন ২০ হাজার কোটি টাকা। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতার পর ২০১৮ সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন তিনি। হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ারবাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান।

post
বন্যার খবর

তলিয়ে গেছে ফেনী শহর, বন্যা পরিস্থিতির অবনতি

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পর এবার ফেনী পৌর শহরও বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে সদর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মুহুরী নদীর পানি বেড়ে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে। এসব এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। তিন দিন ধরেই প্রবল বর্ষণ অব্যাহত থাকার পাশাপাশি ফেনীর বিভিন্ন নদী ও খালের পানি বেড়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকালে মুহুরী ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। জেলার বন্যায় উপদ্রুত অঞ্চলে দুর্গতদের সহায়তা ও উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। পানির তোড়ে ভেঙে গেছে জেলার বহু এলাকার রাস্তা, বাঁধ ও সেতুর অংশ। ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে দুই লাখের বেশি মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

post
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।বুধবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তিনি।এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে জাপান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে। উভয় দেশের মধ্যে বিদ্যমান 'কৌশলগত অংশীদারত্বের' আওতায় জাপান বলে, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পরিবর্তন প্রক্রিয়ার পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তার সমর্থন অব্যাহত রাখবে।

post
বাংলাদেশ

দৃষ্টি শক্তি হারানোর শঙ্কায় বরিশালের আসাদুজ্জামান

দৃষ্টি শক্তি হারানোর শঙ্কায় আছেন বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) বিবিএ-এর শিক্ষার্থী মো. আসাদুজ্জামান রায়হান। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তিনি বরিশালের শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। যার ধারাবাহিকতায় প্রতিদিনের মতো গত ৪ আগস্টও বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আন্দোলনের অগ্রভাগে ছিলেন।একপর্যায়ে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সুযোগে দুর্বৃত্তরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়।এ সময় দুর্বৃত্তদের ছোড়া অনেকগুলো গুলি আসাদুজ্জামানের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। একটি গুলি আসাদুজ্জামানের চোখের ভেতর বিদ্ধ হয়।যা এখনো বহন করে যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আসাদুজ্জামান।চিকিৎসক বলেছেন, আসাদুজ্জামানের চোখ রক্ষা করতে হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশ নিতে হবে। এই মুহূর্তে বিদেশে চিকিৎসার জন্য নিতে হলে কমপক্ষে সাত লাখ টাকা প্রয়োজন। যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।জানা গেছে, আসাদুজ্জামান বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং তার বাবা একজন ট্রাকচালক। সংসার চালাতেই নিয়মিত হিমশিম খাচ্ছেন তিনি। চোখের সামনে সন্তানের এই অসহ্য যন্ত্রণা দেখে নির্বাক অসহায় বাবা আনোয়ার হোসেন। ছেলের চিকিৎসার জন্য সরকার ও জনগণের একটু সাহায্যের দিকে তাকিয়ে আছেন তিনি।আনোয়ার হোসেনের আকুতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করে সুস্থ আসাদুজ্জামানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। সমাজের বিত্তবানদেরও তার সন্তানের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি।আহত আসাদুজ্জামানের স্ত্রী অপ্রিম আক্তার বাবনী জানান, ‘ঢাকায় তার (আসাদুজ্জামান) চোখের একটি অপারেশন শেষ হয়েছে, ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে। যার খরচ বহন করা আমাদের পক্ষে অসম্ভব। এজন্য সরকার ও দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।

post
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত চট্টগ্রাম মুখী লেনে প্রায় সাড়ে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই যানজট অব্যাহত ছিল ।তবে ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। যানজটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা

post
বাংলাদেশ

বন্যাকবলিত ফেনীতে উদ্ধারকাজে সেনাবাহিনী

ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্পিড বোট ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত ফেনীর উত্তরের তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াইয়ে আছে রাস্তাঘাট ও ঘরবসতি।বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি।তিন উপজেলায় দেড় শতাধিক গ্রামের দুই লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে।রাস্তাঘাট থেকে ঘরবসতি কিছুই রেহায় পায়নি বানের পানি থেকে।গত তিন দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

post
বাংলাদেশ

বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, চারিদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।একইসঙ্গে চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ আহ্বান জানান।নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

post
বাংলাদেশ

উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চালু করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

উপাচার্য (ভিসি) নিয়োগ না করা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।আজ বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।শিক্ষা উপদেষ্টা বলেন, ৫০টির মতো বিশ্ববিদ্যালয় আছে। ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই।৪২টিতে উপাচার্য নেই। উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.