post
সংবাদ

ভোট বাধাগ্রস্ত করার কোন অপচেষ্টা সফল হবে না : ওবায়দুল কাদের

নির্বাচন এসে গেছে, কিছু ফুল ফুটতে শুরু করেছে, আরও অনেক ফুল ফুটবে। নির্বাচনের মনোনয়নপত্র সরকারিভাবে নির্বাচন কমিশনে জমা দেয়া পর্যন্ত শতফুল ফুটবে, তাই এ নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই।বুধবার বিকেলে রাজধানীর তেজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার উপ-কমিটি সমুহের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান। তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোন অপচেষ্টাই সফল হবে না। নাশকতা ও অপপ্রচারকারীদের প্রতিহত করাই আওয়ামী লীগের মুল লক্ষ্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,দলের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হয়েছে। সময় মতো তা জনগণের সামনে তুলে ধরা হবে। এসময় আগামী নির্বাচন নিয়ে বিদেশীদের আর মাথা ঘামানোর প্রয়োজন নেই বলেও জানান তিনি।

post
বিশেষ প্রতিবেদন

ভোটের মাঠে বাড়ছে জোটের গঠন,মুক্তি মিলছে না অনেকের; নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা জাপা’র

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নানা আলোচনা জল্পকল্পনায় এগুচ্ছে রাজনীতির গতিপথ। মোটের মাঠে বাড়ছে জোটের আধিক্য। বিভিন্ন রাজনৈতিক দল একক নির্বাচনের চেয়ে জোটবদ্ধ নির্বাচনের পথে এগুচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আর আত্মপ্রকাশের দিনেই দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন নতুন এই জোট ‘যুক্তফ্রন্ট’।আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য জানান যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আশায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন দেখছে জাতীয় পার্টি।তাই ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বলেও জানান, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এদিকে,৩য় দিনের মত মনোনয়ন ফারম বিক্রি করেছে জাতীয় পার্টি। সকাল থেকেই মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয়।এসময় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা ফরম সংগ্রহ ও জমা দেন।অন্য দিকে দেশের প্রধান বিরোধীদল বিএনপির কেন্দ্রীয় অফিস এখনো নেতাকর্মী শূন্য। নেই কোন নির্বাচনের আমেজ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

post
এনআরবি বিশ্ব

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ পালিত

আজ ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া, অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, নিরাপত্তা বিভাগের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনাইসি ভুনিওয়াকা, জাতিসংঘের মিলিটারি এডভাইজর জেনারেল বিরামে ডিওপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ (স্থায়ী প্রতিনিধি) ও সামরিক উপদেষ্টাগণ (মিলিটারি এডভাইজর) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষেরও বেশি নির্যাতিত নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। এসময় তিনি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে নবগঠিত সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নানাবিধ উন্নয়ন কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। তিনি আরো বলেন, আমাদের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধস্ত দেশের পুনর্গঠনে প্রশংসনীয় অবদান রাখছে। এসকল কার্যক্রমের মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী প্রতিনিধি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আমাদের সশস্ত্র বাহিনীর অধিকতর আধুনিকায়নে বিভিন্নমূখী উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগসমূহের বাস্তবায়ন সশস্ত্র বাহিনীকে আরো দক্ষ ও শক্তিশালী করে তুলবে। সর্বোপরি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সশস্ত্র বাহিনী আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”অনুষ্ঠানে দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি তথ্যবহুল ব্রিফিং প্রদান করেন মিশনের ডিফেন্স এ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল সাদেকুজ্জামান। বক্তব্য পর্ব শেষে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আগত অতিথিদের নিয়ে কেক কাটেন এবং সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানান। এসময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ যে অবদান রেখে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন। এসময় তাঁরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।

post
প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বে ১১১তম বাংলাদেশ

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গড় গতির পরিমাপের এক তুলনামূলক চিত্র পাওয়া যায় 'স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স' নামের নিরীক্ষায়। এই সূচক অনুযায়ী ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৪২ দেশের মধ্যে ১১১তম অবস্থান পেয়েছে বাংলাদেশ। ওকলার ওয়েবসাইটে অক্টোবরের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে আপলোড ও ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাই সহ অন্যান্য বিষয় আমলে নেওয়া হয়েছে।ওকলার প্রতিবেদন মতে, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২০ দশমিক ৬৬ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১০ দশমিক ০৬ এমবিপিএস৷২০২২ এর নভেম্বরে এই জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১১৯ তম। সে অবস্থান থেকে প্রায় এক বছরে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে ডাউনলোডের গড় গতি ছিল ১৩ দশমিক ৯৫ এমবিপিএস, আপলোডের গতি ছিল আট এমবিপিএসেরও কম। তালিকার শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত। ডাউনলোডের ক্ষেত্রে গতি ২৬৯ দশমিক ৪১ এমবিপিএস ও আপলোডের ক্ষেত্রে গতি ২৫ দশমিক ৪৯ এমবিপিএস৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাতার ও নরওয়ে। অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে কিউবা।mলাতিন আমেরিকার দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৩ এমবিপিএস। ১৪১ ও ১৪০ তম অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান ও ইয়েমেন।ব্রডব্যান্ড ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডে ৩৮ দশমিক ৬৫ এমবিপিএস ও আপলোডে ৩৯ দশমিক ৯১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের তুলনায় এগিয়ে থাকলেও গত বছরের তুলনায় র‍্যাংকে পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি, ইন্টারনেট, রবি আজিয়াটা, গ্রামীণফোন, বাংলালিংক,বৈশ্বিক ব্রডব্যান্ড ইন্টারনেট গতির র‍্যাংকিংয়ে বাংলাদেশ ২০২২ এর নভেম্বরে ১০২ অবস্থান থেকে পিছিয়ে এ বছর ১০৮ তম অবস্থানে গেছে। প্রতিবেদনে বাংলাদেশের ইন্টারনেট গতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোরও তুলনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে নেপাল (৮৭) ও ভারত (৮৯) বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে।

post
খেলা

ঘরের মাঠে ১-০ গোলে ব্রাজিলকে হাড়াল আর্জেন্টিনা

ঘরের মাঠেও দুর্দশা আর কাটানো হলো না ব্রাজিলের। টানা দুই হারের ক্ষত নিয়ে মারাকানায় পা রেখেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। কিন্তু ঘরের মাঠের ব্যাপক সমর্থনেও বদলালো না ব্রাজিলের গল্পটা। আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালে দুয়ো দিয়ে চাপ বাড়ানোর চেষ্টাও করেছিলেন সেলেসাও সমর্থকরা। তাতে ম্যাচ আধঘণ্টা পরে শুরু হলেও ম্যাচের ভাগ্য বদলায়নি। উল্টো লালকার্ডের সূত্র ধরে ব্রাজিলের উপরেই বেড়েছে চাপ। শেষ পর্যন্ত বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারটাই সঙ্গী ব্রাজিলের।পুরো ম্যাচে গোল হয়েছে একটিই। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার। আর খেলা গড়ানোর আগে দুই পক্ষের মারামারি, এক লালকার্ড ব্রাজিলের ক্ষতটাই কেবল বাড়িয়েছে।মারাকানায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরু হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষেই শুরু হয় প্রথম ঝামেলা। ব্রাজিলের মারাকানায় উপস্থিত আর্জেন্টিনার সমর্থকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ব্রাজিলের সমর্থকরা। দ্রুতই সেখানে ছুটে যান স্থানীয় পুলিশের সদস্যরা। ঘটনার জের ধরে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পুরো দল নিয়ে চলে যান ড্রেসিংরুমে।ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ম্যাচের লাইভ বিবরণীতে জানায়, ‘আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালে ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলে ঝামেলার শুরু হয়। আর্জেন্টিনা দলের সদস্যরা এবং ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস দর্শকদের শান্ত করার চেষ্টা করছিলেন। এরপর মেসির সঙ্গে আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। ম্যাচের সময়েও ছিল এই উত্তেজনার রেশ। শুরুর ১৫ মিনিট যেন শারীরিক ভাষা প্রয়োগেই ব্যস্ত ছিলেন দুই দলের খেলোয়াড়রা। এরমাঝে ব্রাজিলের খেলোয়াড়রাই অবশ্য চড়াও হয়েছেন বেশি। ম্যাচের ১৫ মিনিট না গড়াতেই কড়া ট্যাকল করে কার্ড দেখেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস এবং রাফিনহা। ৩৪ মিনিটে আবার কার্ড দেখেন ব্রাজিলের কার্লোস অগাস্টো। ম্যাচের সেরা সুযোগ এসেছে একেবারে শেষের আগে। ব্রাজিলের গ্যাব্রিয়েল মার্টিনেলি এদিন শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। ৪৪তম মিনিটে তিনিই এগিয়ে দিতে পারতেন দলকে। দারুণ এক হাফভলিতে বল জালেই জড়াতে পারতেন। তবে গোললাইন থেকে তা ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত রাখেন আর্জেন্টাইন ডিফেন্ডার কুটি রোমেরো। দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্ত ছিল ব্রাজিলেরই। এমারসন রয়্যালের ক্রস আর্জেন্টিনার রক্ষণে কাঁপন ধরিয়েছিল বটে। তবে গ্যাব্রিয়েল জেসুস ছিলেন অনেকটা দূরে। বিপদটাও তাই আর বাড়েনি। যদিও খানিক পরেই আবার ফিরে আসে ব্রাজিল। এবার হুমকির নাম গ্যাব্রিয়েল মার্টিনেলি। গ্যাব্রিয়েল জেসুস একাই গিয়েছিলেন বক্সে। জটলার মাঝ থেকে বল পেয়ে যান মার্টিনেলি। তবে দুর্বল শটে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজকে পরাস্ত করা হয়নি তার। বরং খেলার ধারার বিপরীতে ৬৩ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। নাহুয়েল মলিনার ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডার রয়্যালের পায়ে লেগে চলে যায় গোললাইনের বাইরে। এরপরই কর্নার থেকে লিড নেয় সফরকারী দলটি। জিওভানি লো সেলসোর কর্নার থেকে লাফিয়ে হেড করেন নিকোলাস ওতামেন্ডি। বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। মারাকানার মাঠে তখন পুরোপুরি নিঃস্তব্ধতা। গোল খেয়ে আর বসে থাকেনি ব্রাজিল। আক্রমণের ধার আরও বাড়ানোর তাগিদ ছিল কোচ দিনিজের। মরিয়া হয়েই ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে তুলে নামানো হয়েছিল জোয়েলিংটনকে। কিন্তু তাতে লাভের লাভ হয়নি কিছুই। বরং ম্যাচের ৮১তম মিনিটে রদ্রিগো ডি পলকে মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। শেষের সময়টা ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। শেষের এমন দৃশ্যে আরও খানিক অপমানও যুক্ত হয়েছে ব্রাজিলের জন্য। মাঠে হতশ্রী পারফর্ম্যান্সে ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়ে চলে যান ব্রাজিলের সমর্থকরা। মারাকানার মাঠে তাই ব্রাজিলের শেষটা হলো আরও বেশি তিক্ত। 

post
এনআরবি সাফল্য

সারা কেয়ার ইউএসএ ব্রঙ্কস শাখার উদ্ভোধন

জলি আহমেদ: বরিবার, ১২ নভেম্বর ২০২৩ নিউইয়র্কের সারা হোমকেয়ার এর ব্রঙ্কস শাখা উদ্ভোধন করা হয়েছে ১২ নভেম্বর রবিবার। নতুন এই শাখায় রয়েছে সিডি প্যাপ ও হোমকেয়ারসহ আরো নানা সার্ভিস ।অনুষ্ঠানের আয়োজন এ সঞ্চানায় ছিলেন ইন্জি: আব্দুল খালেক (চেয়ারম্যান )ও এডভোকেট রিদয়ানা সেতু (ডিরেক্টর ) কে আর সেরা ইন কর্পোরেট। পুরো আয়োজনটি তাদের সাবলিল সঞ্চালনায় প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন মিরউল্লাহ ।সারা হোমকেয়ার এর প্রেসিডেন্ট ডা. শাহজাদী পারভীন সারা ও ভাইস প্রেসিডেন্ট ডা. জি সি পাটেল সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত করে তোলে। তারা দুজনেই নতুন শাখার খোলায় বেশ আশাবাদী। সহযোগী ও সহকর্মীদের উদ্দেশ্য করে ওনারা উৎসাহমূলক বক্তব্যও রাখেন। ডা. শাহজাদী পারভীন বলেন ,"আমি একজন ফামাসিষ্ট ,কিন্তু বয়ষ্ক মানুষ গুলো যেন সঠিক বেনিফিট পায় সে লক্ষ থেকেই হোমকেয়ার করেছি।” মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে তিনি “মা “ফাউন্ডেশন নামে আরোও একটি ননপ্রফিট অরগানাইজেশন করেছেন।উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্য উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, সাংবাদিক রিতা রহমান ,আলহ্বাজ সোলায়মান ভাইয়া ,বীর মুক্তিযোদ্ধ আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধ লিয়াকত আলী, ,বীর মুক্তিযোদ্ধ নাসির উদ্দিন, লেখক আবাব চৌধুরী,ফয়েজ চৌধুরী।ইমরান শাহ রন,মো:আনোয়ারুল আলম ভাইয়া প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিদের উওরিয় পরিয়ে সম্মানিত করা হয়।সারা হোমকেয়ার এ বিশেষ অবদানের জন্য তাদের। সহকর্মীদের হাতে উপহার তুলে দেয়া হয়। তাদের মধ্য উল্লেখযোগ্য হলেন-লিয়াকত আলী, সোলায়মান, আনোয়ার জাহিদ, লিটন, কোহিনুর ও শিউলী।অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন বাফার নৃত্যশিল্পিরা।গান পরিবেশন করেন আলী মাহমুদ ও নেন্সি।সবশেষে কেক কেটে নতুন শাখার শুভ সূচনা করা হয় ও সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।গান শুনতে শুনতে শুভ্র সুন্দর সুরের মুর্ছনায় সকলে উল্লাস করেন।

post
সংবাদ

গুজব-অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান তথ্যমন্ত্রীর

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনতে, নতুন আইন করা হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী। এসময় বিদেশে বসে গুজব ছড়িয়ে, আর ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ নেই বলেও এসময় মন্তব্য করেন হাছান মাহমুদ। এছাড়া নির্বাচনকে সামনে রেখে কেউ যেনো অপপ্রচার করতে না পারে, সেজন্য গণমাধ্যমকেও সোচ্চার থাকার আহবান জানান তথ্যমন্ত্রী। 

post
খেলা

সুপার ক্লাসিকোতে কাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

সময়টা মোটেই ভাল যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য। বিশ্বকাপ বাছাইয়ে যাদের জয় পাওয়া নিয়ে কখনো ভাবতেই হয়নি। সেই দলটিই কিনা এবার খুঁজছে জয়ের পথ। দলের বড় দুই তারকা নেইমার এবং ভিনিসিয়ুসের না থাকা যেন খাদের কিনারেই ঠেলে দিয়েছে সেলেসাওদের। বিপরীতে ভিন্ন এক অবস্থা আর্জেন্টিনা শিবিরে। শেষ ম্যাচ বাদ দিলে প্রায় ১ বছর অপরাজিত দলটি।সবশেষ ম্যাচে মার্সেলো বিয়েলসার উরুগুয়ের কাছে ট্যাকটিক্সে পিছিয়ে পড়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। নিজ দেশের সমর্থকদের সামনে ম্যাচটাও হারতে হয়েছে তাদের। হারের সেই যন্ত্রণার স্মৃতি মাথায় এখনও নিশ্চয়ই বয়ে বেড়াচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। যদিও বর্তমান ছন্দটা বেশ চোখে পড়ার মতোই।তবে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের ফোকাস এখন আগামীকাল বুধবারের ম্যাচে। দুই চিরপ্রতিদ্বন্দ্বি এবার একে অন্যের মুখোমুখি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় দুই দল নামবে মাঠে। ম্যাচের ভেন্যু ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে মিশে আছে আলবিসেলেস্তেদের সুখস্মৃতি। এই মাঠেই ২০২১ কোপা আমেরিকার ফাইনাল জয় করে নিজেদের ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল আর্জেন্টিনা।আর্জেন্টিনার স্বপ্নযাত্রার শুরুটাও হয়েছিল সেখান থেকেই। মারাকানার মাঠে তাই আরও একবার ফিরতে পেরে খুশিই হবেন মেসি এন্ড কোং। দুই দলই অবশ্য নিজেদের খেলা শেষ ম্যাচটায় হেরেছে। সে হিসেবে চাপ থাকবে দুজনের উপরেই। ব্রাজিলের উপর চাপটা অবশ্য বেশিই থাকবে। অন্তর্বর্তীকালীন কোচ লুইস দিনিজের ট্যাকটিক্স প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়ছে। ফ্লুমিনেন্সের কোচ দিনিজ যতটা উজ্জ্বল, ব্রাজিলের কোচ দিনিজ যেন ততটাই নিষ্প্রভ। বাছাই পর্বের ৫ ম্যাচ থেকে সেলেসাওদের অর্জন মোটে ৭ পয়েন্ট। শেষ দুই ম্যাচে আবার জুটেছে হার। এর মাঝে দলের বড় দুই তারকা নেইমার জুনিয়র এবং ভিনিসিয়ুস জুনিয়রকে পাওয়া হচ্ছেনা তাদের। মারাকানার পূর্ণ স্টেডিয়ামের সামনে তাই কপালের ভাঁজ একটু চওড়া হওয়ার কথা দিনিজের। ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক গোলের খোঁজে মেসি পক্ষান্তরে আর্জেন্টিনার বাঁধা নেই কিছুই। লিসান্দ্রো মার্টিনেজ ছাড়া পুরো স্কোয়াডই ফিট। শেষ ম্যাচের হারটাই হয়ত খানিক দুশ্চিন্তার কারণ স্কালোনির জন্য। তবে পরিপূর্ণ ছন্দে থাকা মেসি ব্যবধান গড়ে দেওয়ার কারিগর হতে পারেন, এটাই বড় স্বস্তির খবর। মেসি অবশ্য এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে কোন গোল বা অ্যাসিস্ট পাননি সেটাও আছে আলোচনায়। দুই দলের মুখোমুখি লড়াইটা অবশ্য সঙ্গ দিচ্ছে ব্রাজিলকে। মুখোমুখি ১০৯ ম্যাচে আর্জেন্টিনার ৪০ জয়ের বিপরীতে তাদের জয় ৪৩ ম্যাচে। ২৬ ম্যাচ হয়েছে ড্র। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জয় ২ ম্যাচে। আর ব্রাজিলের জয় ৪ ম্যাচে। অবশ্য প্রতিযোগিতামূলক ৫১ ম্যাচে ব্রাজিলের ১৮ জয়ের বিপরীতে ২ ম্যাচ বেশি জিতেছে আর্জেন্টিনা। 

post
বিনোদন

তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হলেন সাংবাদিকরা। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। এসময় তারা বিনোদন সাংবাদিকদের বিরুদ্ধে তানজিন তিশার অপেশাদার আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে এই অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেধে দিয়েছে টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)। সংগঠনটির মুখপাত্র বুলবুল আহমেদ জয় বলেন, তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সিনিয়র সাংবাদিক তানভীর তারেক বলেন, আমি এ অভিনেত্রীর নাম ‍মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই। আর তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তবে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। সিনিয়র সাংবাদিক নাজমুল আনম রানা বলেন, তিশার যদি কোনো অভিযোগ থাকে তবে সে আমাদের জানাতে পারতো। কিন্তু সেটা না করে সে হুমকি ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। চ্যানেল ২৪ তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা চ্যানেল কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদার। সে যদি তার অপেশাদার আচরণের জন্য ক্ষমা প্রকাশ না করে তবে আমরা যে যার জায়গা থেকে সাংবাদিকরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। মূলত তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের দূরত্বের সূত্রপাত হয় অভিনেত্রীর ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর এই খবরটি গণমাধ্যমে চলে আসে। মূলত এরপরই তানজিন তিশা ঘটনাটিকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’র নানান চেষ্টা-অপচেষ্টা শেষে সর্বশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন এক বিরুদ্ধে। তারও আগে তিশা সাংবাদিকদের ‘উড়ায়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সামাজিকমাধ্যমে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন। অভিযোগ রয়েছে, সংগীত তারকা হাবিব ওয়াহিদের সংসার ভাঙার নেপথ্যে রয়েছেন তানজিন তিশা। আর শেষ ঘটনাটির সঙ্গে জড়িয়ে আছেন আরেক উঠতি অভিনেতা মুশফিক আর ফারহান।

post
বিশেষ প্রতিবেদন

একগুচ্ছ মুখে হাসি ফোটাচ্ছে কুমিল্লার সরকারি শিশু পরিবার

বর্তমান সরকারের নতুন বরাদ্দ পেয়ে হাসি ফুটেছে,কুমিল্লার সরকারি শিশু পরিবারের শিশুদের মুখে। পরিবার-পরিজন ছাড়া শিশুদের আশ্রয় স্থল এই শিশু পরিবার। এখানে লালন পালনের পাশাপাশি শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বি করে তোলা হয় এসব অসহায় শিশুদের। তাদের জীবনমান উন্নয়নে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিশুরা।১৯৭২ সালের পয়লা জুলাই কুমিল্লা মহানগরীর সংরাইশ এলাকায় ২ দশমিক ২৮ একর জমিতে সমাজ সেবা অধিদফতর নিয়ন্ত্রিত, এতিম ও দুস্থ বালিকা শিশুদের জন্য জেলার একমাত্র সরকারি শিশু সদন প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৮৮-১৯৮৯ অর্থ বছরে তা সরকারি শিশু পরিবার হিসেবে রূপান্তরিত করা হয়। বর্তমানে এর আসন সংখ্যা শতাধিক’। বর্তমানে প্রতিজন শিশুর জন্য চার হাজার টাকা সরকারি বরাদ্দ রয়েছে। এর মধ্যে দুই বেলা খাবার,২ বেলা নাস্তা,শিক্ষা,প্রশিক্ষণ,পোষাক,চিকিৎসা এবং প্রসাধনী দেয়া হয় তাদের। আগে বরাদ্দ ছিলো মাসে একহাজার টাকা। যা দিয়ে বাচ্চাদের খরচ চালাতে হিমশীম খেতে হতো। বর্তমানে বরাদ্দ বৃদ্ধি করায় প্রতিষ্ঠানটি চালাতে সহজ হয়েছে। সরকারি সাহায্য সহযোগীতার পাশাপাশি বেসরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি এগিয়ে এলে শিশু পরিবারটি আরো ভালোভাবে চলবে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রতিষ্ঠানটির উপ তত্বাবধায়ক শরফুন্নাহার মনি জানায়,নতুন বরাদ্দ আসার পর প্রতিষ্ঠানটি চালানো সহজ হয়েছে। শিক্ষা ক্ষেত্রে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভসহ, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করার রেকর্ডও রয়েছে প্রতিষ্ঠানের শিশুদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.