অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি ও সার্বিয়ায় ঢোকার সময় বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। এদের মধ্যে ১৩ জন নেপালের ও তিনজন বাংলাদেশের নাগরিক।
রোমানিয়া সীমান্ত পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিমিস কাউন্টির সেনাদ সীমান্তে আসা একটি গাড়ি থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা জানান, এদিন সকালে অভিবাসীদের বহনকারী একটি গাড়ি সীমান্তে আনুষ্ঠানিকতার জন্য হাজির হলে শুল্ক কর্মকর্তাদের কাছে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ কারণে গাড়িটি ভালোভাবে তল্লাশির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তল্লাশির এক পর্যায়ে গাড়ির ট্রেলারে থাকা কম্বল এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে লুকানো তিন বাংলাদেশি নাগরিককে খুঁজে পায় পুলিশ। তারা গাড়ির ট্রেলারে লুকিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি ঢোকার চেষ্টা করছিলেন বলে জানানো হয়েছে।
এদিকে, আরেক বিবৃতিতে জানিয়েছে, তিমিসোয়ারা বর্ডার পুলিশের টেরিটোরিয়াল ইন্সপেক্টরেট সার্বিয়া সীমান্তে প্রবেশের চেষ্টা করা ১৩ জন অভিবাসীকে আটক করে।
