post
সংবাদ

ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোণার দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে লাইনে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং একজনের মরদেহ ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

post
বাংলাদেশ

এমপি বাহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ অনুসন্ধান কমিটির

কুমিল্লায় একাত্তর টিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি। এর আগে, এমপি বাহার ক্রমাগত আচরণ বিধি ভঙ্গ করায় তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি।সোমবার ইসিতে এ তদন্ত প্রতিবেদন পাঠান অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল। প্রতিবেদনে তদন্ত কমিটি জানায়, গত ১৮ ডিসেম্বর কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বলেন, যদি কোনো বিএনপি ও জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত ও ঠ্যাং ভেঙ্গে দেবেন। পরে ‘আমি আ.ক.ম বাহাউদ্দিন আপনাদের সাথে আছি’— মর্মে উসকানিমূলক নির্দেশনা সম্বলিত বক্তব্য নিয়ে একাত্তর টেলিভিশনে ভিডিও ফুটেজসহ সংবাদ প্রচারিত হলে তা অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়।

post
বাংলাদেশ

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভোট বন্ধ : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, লোক দেখানো পাতানো নির্বাচন হবে এমন আশঙ্কা করা অমূলক। নির্বাচন কমিশন এরকম কাজ করেনি। আপনারা গাইবান্ধার নির্বাচন ভুলে যাননি, প্রয়োজনে অনেক জায়গা গাইবান্ধা হবে । সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতেই হবে। এর কোনো বিকল্প নাই।রোববার দুপুরে সুনামগঞ্জের হাছনরাজা মিলনায়তন বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।  তিনি বলেন, আমরা এবার সতর্ক করে দিয়েছি, যদি কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড না হয় ভোট বন্ধ হয়ে যাবে।  সেখানে ভোটের কার্যক্রম চলবে না। যখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারবো তখন আবার ভোট নিব। কোনো হেভিওয়েট, লাইটওয়েট প্রার্থী নেই। আমাদের কাছে সব প্রার্থী সমান। সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
সংবাদ

উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্ছনার শিকার : জিএম কাদের

রাজনীতি এবং উন্নয়ন বরাদ্দে রংপুর অঞ্চল বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্ছনার শিকার বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়ত সেই কারণেও বিভিন্নভাবে বঞ্ছনার শিকার। রোববার দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাপা চেয়ারম্যান বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা হয়ত অনেক সময় সফল হতে পারছি না। তার জন্য আমরা নিরাশ নই। সামনে আল্লাহর রহমতে আমরা যদি সংসদে যাই, তখন আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবো। আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুরের জন্য আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করবো।

post
সংবাদ

নৌকার আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ইসির

আচরণ বিধি লঙ্ঘন করায় ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আদালতে নিয়মিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।গত শুক্রবার ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে জানানো হয়। চিঠিতে বলা হয়, শৈলকূপা থানাধীন ১৪নং দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া দেয় ও জনগণের মনে ভীতি সঞ্চার করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে মো. আব্দুল হাই "সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮" এর বিধি ৮(ক), ১১(ক) ও বিধি ১২ এর লঙ্ঘন করেছেন। এ বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। চিঠিতে আরো উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত অভিযোগ দায়ের করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

post
বাংলাদেশ

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা করার সময় হাতেনাতে ৩ নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান। আটককৃতরা হলেন জয়নাল, হাবিবুর ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। এসআই মোখলেসুর রহমান বলেন, আমরা সকাল থেকে রেললাইনে পাহারা দিচ্ছিলাম। এর মধ্যে দেখতে পাই ৩ তরুণ হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা গিয়ে তাদের হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

post
বাংলাদেশ

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, সিদ্ধান্ত হলে তখন দেখা যাবে।রোববার দুপুরে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মো. আলমগীর বলেন, প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। শোকজ করেন রিটার্নিং অফিসাররা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা কিংবা মামলাও করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখনো ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কার প্রার্থিতা বাতিল করব, কার প্রার্থিতা বাতিল করব না, সেটি অগ্রিম বলা যাবে না। রিপোর্ট আসার পর দেখতে হবে, সেখানে কী আছে। রিপোর্ট হাতে এলে তখন আমরা বসব, আলোচনা করে দেখব এবং নিয়ম অনুযায়ী তাকেও আমাদের শুনতে হবে। তাকে বলতে হবে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এই বিষয়ে আপনার বক্তব্য কী। তারপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

post
বাংলাদেশ

রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল বিএনপির

রাতের আঁধারে তৃণমূল বিএনপি প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা এবং বিভিন্ন আসনে পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ।রোববার পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সালাম মাহমুদ বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৩৭টি আসনে লড়ছে তৃণমূল বিএনপি। একজন প্রার্থী এখনো আপিলে আছেন, রায়ে জিতলে প্রার্থীর সংখ্যা ১৩৮ জনে দাঁড়াবে। আমরা সরকারের সঙ্গে কোনো প্রকার সমঝোতায় না গিয়ে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করছি। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল বিএনপি মূল বিরোধী হিসেবে কাজ করছে। ফলে সরকার আমাদের প্রতিদ্বন্দ্বী ভেবে নানারকম বাধা সৃষ্টি করছে। বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদের পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। এমনকি রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ফলে আমরা সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কায় আছি। আমরা ইসির কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

post
সংবাদ

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরো তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটিরোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই কোনো কর্মসূচি নেই। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে। এ ছাড়া, গত দিন ৩ দিনের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, এই ২৪ ঘণ্টায় পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলায় সারা দেশে ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে।

post
বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থী দলের হলেও ‘প্রতিদ্বন্দ্বী’ ভাবতে হবে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা আমাদের দলের হলেও তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবতে হবে।রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে সর্বত্রই এখন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। এখন অন্য কোনো আলোচনা নেই। আমরা নির্বাচন শান্তিপূর্ণ চাই। নির্বাচনকে নিয়ে কোনো সহিংসতা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভায়োলেন্স ফ্রি, শান্তিপূর্ণ নির্বাচন চান। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী বা কোনো প্রার্থী যদি সহিংসতায় জড়ায় তাহলে নির্বাচন কমিশন যে আইনগত ব্যবস্থা নেবে, আমরা সেটিকেই সমর্থন করব। নির্বাচনকালীন কোনো সহিংস কর্মকাণ্ড সমর্থন দেব না, প্রশ্রয়ও দেব না। কাদের বলেন, যারা আমাদের দলের প্রার্থী আছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারাও কিন্তু আমাদের দলেরই নেতাকর্মী। সুতরাং এর মধ্যে কোনপ্রকার পক্ষপাত বা কোনো বৈরি পরিবেশ তৈরি করা যাবে না। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক প্রতিক্রিয়া আমরা চাই না, যা সমর্থনযোগ্য নয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.