post
প্রযুক্তি

বৈদ্যুতিক বাইক আনলো হার্লে ডেভিডসন

জনপ্রিয় বাইক সংস্থা হার্লে ডেভিডসন নতুন বাইক আনলো বাজারে। লাইভওয়্যার এস২ মুলহল্যান্ড নামের বৈদ্যুতিক বাইক আনলো তারা। এটি একটি ইলেকট্রিক ক্রুজার বাইক। লাইভওয়্যার কোম্পানির তৃতীয় মডেল। যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ১৯৫ কিলোমিটার। হার্লে-ডেভিডসনের যেমন ববার ক্রুজার স্টাইল বাইক রয়েছে ঠিক তেমনই ডিজাইন রয়েছে এতেও। রেট্রো লুক, গোল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফ্ল্যাট হ্যান্ডেলবার, ছিমছাম লম্বা সিট ইত্যাদি। রেট্রোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ রয়েছে মোটরসাইকেলে। এর আগে এস২ ডেল মার এবং এস২ ডেল মার এলই লঞ্চ করেছে কোম্পানিটি। তবে এই টু হুইলার ডিজাইন ও শক্তির দিক দিয়ে আলাদা বলে দাবি করেছে লাইভওয়্যার।বাইকটিতে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ ও স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস কমান্ড, টেক্সট টু স্পিচ, নেভিগেশন, হিটাসি সাসপেনশন, ওটিএ আপডেট, এলইডি লাইটিং ট্র্যাকশন কন্ট্রোল এবং রি-জেনারেটিভ ব্রেকিং সিস্টেম। ঠাসা প্রযুক্তি এবং ফাংশন রয়েছে মোটরসাইকেলে। এটির কার্ব ওয়েট ১৯৫ কেজি।সংস্থার দাবি, এটি আগের মডেলের থেকে হালকা এবং ফাস্ট। মাত্র ৩.৩ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি ছুঁতে পারে। সিটি ও হাইওয়ে রাইডিংয়ের বাইকের পারফরম্যান্স আলাদা। এতে রয়েছে ৬টি রাইডিং মোড। যা রাইডার তার পরিস্থিতি অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে। বাইকে রয়েছে ১০.৫ কিলোওয়াটআওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ১৯৫ কিলোমিটার নিয়ে যেতে সক্ষম। বাইকের হাইওয়ে রেঞ্জ ১১৬ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বাধিক ৮৪ হর্সপাওয়ার এবং বিরাট ২৬৩ এনএম টর্ক তৈরি করতে পারে এই ইলেকট্রিক বাইক।সংস্থার সবচেয়ে সস্তা বাইক এটি। আন্তর্জাতিক বাজারে ইলেকট্রিক বাইকের দাম ১৫ হাজার ৯৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ ৫৫ হাজার টাকা।

post
আন্তর্জাতিক

অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

রমজান মাসে গাজায় 'অবিলম্বে যুদ্ধবিরতি'র আহ্বান জানিয়ে প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। আজ সোমবার নিরাপত্তা পরিষদের সভায় প্রস্তাবটি পাস হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ জানিয়েছে।গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ছাড়াও অবিলম্বে ও নিঃশর্তভাবে জিম্মিদের মুক্তি এবং গাজায় ত্রাণ সরবরাহ 'বাড়ানোর জরুরি প্রয়োজন' উল্লেখ করে এ প্রস্তাব আনা হয়।নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষে মোজাম্বিক এ প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবের ওপর ভেটো না দিলেও ভোটদানে বিরত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রস্তাবের সমর্থনে ভোট পড়েছে ১৪টি। যুদ্ধবিরতি, জিম্মিদের ফিরিয়ে আনা, গাজায় ত্রাণ বাড়ানো-এই তিন দাবিতে প্রস্তাবটি উপস্থাপন করা হয় নিরাপত্তা পরিষদের সভায়। প্রস্তাবে রমজান মাসে 'অবিলম্বে যুদ্ধবিরতি'র আহ্বান জানানো হয়, যা 'স্থায়ী' যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। তবে রাশিয়ার প্রস্তাব ছিল, এই প্রস্তাবনাতেই স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো। কিন্তু, তা গৃহীত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায়, হামাস জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত থাকলে আরও 'কয়েক মাস আগে' যুদ্ধবিরতি হতে পারত-তা প্রস্তাবে স্পষ্ট করে উল্লেখ করা উচিত। প্রস্তাব পাসের পর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাবটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। (নিরাপত্তা) পরিষদের ব্যর্থতা ক্ষমা করা হবে না।

post
বাংলাদেশ

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ‘৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ওই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকদের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তারের আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হয়। সেই সময় বাস্তবতা ও নিরাপত্তা জনিত কারণে বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা নথি সংরক্ষণ করা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর ঘোষণাটি অন্তর্ভুক্ত করা হয়। তৎকালীন ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে ঘোষণাটি সারাদেশে ছড়িয়ে পড়ে। পরে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ ও ২৭ মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। বঙ্গবন্ধুর ঘোষণার মূল্যবান দলিলটি সেখানে লিপিবদ্ধ হয়েছে এভাবে ‘ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি, যে যেখানে আছেন, যার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এদিন সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। এ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।

post
বাংলাদেশ

সিআইপি পদক পাওয়ায় শওকত আলীকে সংবর্ধনা

কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী সোহাগ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদক পাওয়ায় সংবর্ধনা ও মেজবান আয়োজন করেছে লায়ন গ্রুপ কাতার। দোহা ঘরোয়া গ্রান্ড হলে ব্যবসায়ী জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। কমিউনিটি নেতা মোল্লা রাজ রাজি ও ওমর শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খাইর উদ্দিন, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো: কামাল উদ্দিন, বিসিকিউর ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও ফেনি সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত হোসেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি আকবর হোসেন বাচ্চু, ফেনি সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সেলিম ও কমিউনিটি নেতা জসিম উদ্দিন দুলালসহ অনেকে।

post
বাংলাদেশ

রমজানে বেড়েছে রেমিট্যান্স

প্রতি বছরের মতো এবারও রমজানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। মার্চের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী অর্থ এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৫ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এ বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। আর ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

post
আন্তর্জাতিক

৪ দিনের সফরে বাংলাদেশে ভুটানের রাজা

৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন, ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াং চুককে। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা। এ সময় রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অতিথিকে অভিবাদন জানায়। বাংলাদেশের রাষ্ট্রপতি ভুটানের রাজা অভিনন্দন মঞ্চে নির্ধারিত স্থানে দাঁড়ানোর পর, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাজা প্যারেড পরিদর্শন করেন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে যান রাজা-রানি। সেখানে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এসময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন, ভুটানের রাজা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের স্বার্থ সংস্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা।

post
আন্তর্জাতিক

গাজায় হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েল

গাজায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। এতে তুমুল গোলাগুলির মধ্যে আটকা পড়েছেন চিকিৎসাকর্মীরা। হামলার মুখে একটি হাসপাতাল থেকে রোগী ও আশ্রয় নিয়ে থাকা মানুষদের সরিয়ে নিতে বাধ্য হতে হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সদস্যরা। গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে। তবে হামাস ও হাসপাতাল কর্মীরা এমন অভিযোগ অস্বীকার করে আসছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীতে হামলা চলার মধ্যে আল—আমাল ও নাসের হাসপাতালের আশেপাশে একটি ইসরায়েলি ট্যাংক হুট করে ঢুকে পড়ায় তাদের এক কর্মী নিহত হয়েছেন। এক বিবৃতিতে দাতব্য সংস্থাটি বলেছে, আল,আমাল হাসপাতাল ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে অভিযান চালায়।

post
আন্তর্জাতিক

মস্কোয় সন্ত্রাসী হামলা: শঙ্কায় ব্রিটেন

মস্কোর মিউজিক ভ্যানুতে সন্ত্রাসী আক্রমণের পর নড়ে চড়ে বসেছে ব্রিটেন। চ্যান্সেলর জেরেমি হান্ট শংকা প্রকাশ করে বলেছেন, মস্কোয় ইসলামিক গ্রুপের হামলা ব্রিটেনের জন্য একটি লাল সংকেত। জেরেমি হান্ট বলেন, ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। গোয়েন্দা বিভাগের দক্ষতার কারণে সাম্প্রতিক সময়ের বহু সন্ত্রাসীর আক্রমন ঠেকাতে ব্রিটেন সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান জানিয়েছেন চ্যান্সেলর জেরেমি হান্ট । তার মতে ইসলামিক গ্রুপের সন্ত্রাসীরা নির্বিচারে মানুষ হত্যা করে।

post
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে চলতি মাসে অপহৃত প্রায় ৩ শ শিক্ষার্থী ও কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় এ কথা জানিয়েছে। বন্দুকধারীরা শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করে ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক দিন আগেই অপহৃতদের উদ্ধার করা হলো। ২০২১ সালের পর এই প্রথম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে।

post
বাংলাদেশ

১০০ নিয়োগ দেবে দারাজ

অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ‘প্যাকেজ হ্যান্ডলার’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম: প্যাকেজ হ্যান্ডলার পদসংখ্যা: ১০০ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: পুরুষ বয়স: সর্বনিম্ন ১৮ বছর কর্মস্থল: ঢাকা (তেজগাঁও, উত্তরা) আবেদনের নিয়ম: আগ্রহীরা Daraz Bangladesh Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.