post
খেলা

৬ বলে ৬ ছক্কায় ইতিহাসে নেপালি ক্রিকেটার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কার বিরল কীর্তি রয়েছে কেবল বিশ্বের দুজন ব্যাটারের। ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এবার এক ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন নেপালের দীপেন্দ্র সিং আইরে। ওমানে চলমান এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ইনিংসের ২০ তম ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন নেপালি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৫ম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এমন নজির আছে প্রোটিয়া ব্যাটার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে এই দীপেন্দ্র সিং যুবরাজ সিংয়ের আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের তারকা এই ব্যাটার। ৯ বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল। শেষমেশ যুবরাজের অনন্য সেই কীর্তি ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।

post
আন্তর্জাতিক

ফের লন্ডন মেয়র নির্বাচনে সাদিক

আগামী ২ মে অনুষ্ঠিত হবে লন্ডন মেয়র নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে টরি ও লেবারপার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমান মেয়র সাদিক খান আবারো প্রার্থী হয়েছেন লেবার পার্টি থেকে। নির্বাচনকে সামনে রেখে তিনি এবং লেবার দলের শ্যাডো এনার্জি সেক্রেটারী এডমিলি ব্যান্ড ঘোষণা করেছেন, জলবায়ু পরিবর্তনে নতুন পরিকল্পনা। সাদিক খানের লক্ষ্য, নেট জিরো পরিকল্পনা বাস্তবায়ন করা। তিনি ২০৩০ সালের মধ্যে, সম্পূর্ণ দুষণমুক্ত করতে চান লন্ডনকে। শুক্রবার উত্তর লন্ডনের একটি স্কুলে নির্বাচনী প্রচারনা অনুষ্ঠানে, তিনি এবং এডমিলি ব্যান্ড এ পরিকল্পনার বিষয়ে জোর দেন। সাদিক খান বলেছেন, লন্ডনের বায়ূ দূষণ কমানোর ক্ষেত্রে, ইতোমধ্যে তার পরিকল্পনা কাজ করেছে। তিনি নতুন পরিকল্পনার মধ্যে ১০টি পন্থা নিয়ে এগোবেন উল্লেখ করে বলেন, লন্ডনের স্কুলগুলোতে বায়ুদূষণ রোধে সোলার প্যানেল বসানো হবে। তার পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে, জিরো এমিশন বাস সার্ভিস চালুর লক্ষ্যও রয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে, আরো ৪০ হাজার বৈদ্যুতিক গাড়ি চার্জের পয়েন্ট বসানো হবে বলেও জানান তিনি। যদিও টরি, লিবডেম এবং গ্রীনপার্টি তাদের এ পরিকল্পনার সমালোচনা করেছে।

post
আন্তর্জাতিক

আবারও ফিরছে ব্রিটেনের অর্থনীতি

ব্রিটেনের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গত ফ্রেব্রুয়ারি থেকে জিডিপি বাড়তে শুরু করেছে উল্লেখ করে অফিস ফর ন্যাশনাল স্টেটেস্টিকস ওএনএস বলেছে, ব্রিটেনের অর্থনীতি মন্দার কবল থেকে মুক্ত হতে শুরু করেছে। ওএনএস এর মতে, অর্থনীতিতে দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। উৎপাদন বাড়ার ফলে অর্থনীতির চেহারা বদলাতে শুরু করেছে বলে ওএনএস এর দাবি। ফলে গত বছরের শেষ দিকে ব্রিটেন যে রিসেশনে প্রবেশ করেছিলো, তা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে। ওএনএস এর ইকোনমিক স্টেটেস্টিকসের পরিচালক লিজ ম্যাককওন বলেছেন, গত বছরের সামারের পর থেকে অর্থনীতি মন্দার কবলে প্রবেশ করলেও, ফেব্রুয়ারি থেকে চেহারা পাল্টাতে শুরু করেছে। চ্যান্সেলর জেরেমি হান্টও বলেছেন, অর্থনীতি গতি পাল্টাচ্ছে। নিজেদের পরিকল্পনায় অটল থাকলে, লক্ষ্য মাত্রা অর্জন সম্ভব বলেও মনে করেন তিনি।

post
আন্তর্জাতিক

মিয়ানমারে মারাত্মক অর্থনৈতিক সংকট

মিয়ানমারে গৃহযুদ্ধের করাল গ্রাস, মানুষকে মারাত্মক অর্থনৈতিক সংকটে ঠেলে দিচ্ছে। মধ্যবিত্ত শ্রেণী বিলোপ হয়ে যাচ্ছে নাটকীয়ভাবে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে দারিদ্র্য। জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ মানুষের প্রায় অর্ধেকই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। ৪৯ দশমিক ৭ শতাংশ মানুষ দিনে ৭৬ ইউএস সেন্ট এরও নিম্ন আয়ে জিবীকা নির্বাহ করছে। ২০১৭ সালের পর থেকে এখন এই দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। মধ্যবিত্ত শ্রেণী তিন বছর আগে যা ছিল, তার চেয়ে এখন কমে অর্ধেক হয়েছে। বাড়তে থাকা মুদ্রাস্ফীতির মুখে আছে তারা।

post
বিশেষ প্রতিবেদন

কিশোরগঞ্জে আলপনায় বৈশাখ

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে, গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর প্রত্যয়ে শুরু হলো, আলপনায় বৈশাখ-১৪৩১ উৎসব। মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত, ১৪ কিলোমিটার সড়কে শুক্রবার বিকেলে আলপনা অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় আলপনায় বৈশাখ। এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড,বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস এর যৌথ উদ্যোগে এই আলপনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক,এশিয়াটিক-সিক্সটি'র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এমপি,ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদসহ অন্যরা।

post
এনআরবি বিশ্ব

বেলজিয়ামে ঈদুল ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউরোপের দেশ বেলজিয়ামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ মসজিদে, ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের খুতবায় ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনায় মোনাজাত করা হয়।

post
সংবাদ

লেবাননে বাংলাদেশিদের ঈদ উৎসব

লেবাননে গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশিদের এবারের ঈদ উৎসব কেটেছে অনেকটা স্বস্তিতে। ঈদের ছুটিতে ভূমধ্যসাগরপাড়সহ বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো বাংলাদেশিদের ঢল। পরবাসে ঈদ আনন্দের আমেজ আনতে প্রবাসী বন্ধুদের সাথে চলেছে বিরামহীন আড্ডা ও ঘুরাঘুরি। ঈদ উপলক্ষে বাংলাদেশিদের কেউ কেউ, অস্থায়ী দোকান খুলে বাড়তি অর্থ আয় করছেন। সবার মুখে রয়েছে আনন্দ।

post
এনআরবি বিশ্ব

ওমানে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ওমানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের আলখয়েরের বাসভবনে এ আয়োজন করা হয়। এতে ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য, সোশ্যাল ক্লাবের কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি,ব্যবসায়ী, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই সপরিবারে অংশগ্রহণ করেন। বহুদিন পর সবাই একত্রিত হওয়ায় এসময় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশের। হই-হুল্লোড়, গল্প, আড্ডা ছাড়াও কমিউনিটির নানান সমস্যা তুলে ধরে, এর সমাধানের রাস্তা খুঁজে বের করতেও সবাই ঐকমত্য প্রকাশ করেন। খোশগল্পে প্রবাসীদের ঈদের আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ।

post
লাইফ স্টাইল

সকালে ঘুম থেকে ওঠা জরুরি?

স্বাচ্ছন্দ্য নিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনি আরও সতেজ বোধ করবেন এবং দিনের কাজগুলো সামলাতে প্রস্তুত থাকবেন। দ্রুত ঘুম থেকে ওঠা ব্যক্তিরা সকালের শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজে মনোযোগ দিতে পারেন। এটি আপনার সৃজনশীলতার বিকাশ এবং লক্ষ্য নির্ধারণ সহজ করে দেয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো সহজে করতে পারবেন। আপনার দিনের জন্য লক্ষ্য নির্ধারণ করতে পারবেন এবং কাজেও গতি আসবে। গবেষণায় দেখা গেছে যে, সকালে ঘুম থেকে ওঠা বেশি ব্যক্তিরা সক্রিয় থাকে এবং তাদের সময় ব্যবস্থাপনার দক্ষতাও বেশি ভালো থাকে, যার ফলে ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই সাফল্য বৃদ্ধি পায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে তা আপনাকে পরিষ্কার এবং সতর্ক মন নিয়ে দিন শুরু করতে দেয়। আপনার মস্তিষ্ক যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন স্মৃতি, একাগ্রতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা অপ্টিমাইজ করা হয়। সকালে এই মানসিক স্বচ্ছতার সদ্ব্যবহার করে আপনি আরও বেশি মনোযোগ এবং দক্ষতার সঙ্গে কাজগুলো সম্পন্ন করতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার জন্য আপনাকে অবশ্যই একটি সামঞ্জস্যপূর্ণ রুটিন সেট করতে হবে। হতে পারে তা মাইন্ডফুলনেস মেডিটেশন অনুশীলন করা বা ব্যায়াম করা। চাইলে আপনি আয়েশ করে সকালের নাস্তাও খেতে পারেন। এ ধরনের কাজ আপনার স্ট্রেস এবং উদ্বেগ কমাতে সাহায্য করবে, মেজাজ উন্নত করবে এবং সামগ্রিক সুস্থতা বাড়াতে সাহায্য করবে।

post
বিনোদন

চুরির অভিযোগে কী বললো ময়দান

বৃহস্পতিবার ভারত জুড়ে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ‘ময়দান’। এ দিকে তার আগেই নির্মাতাদের পাঠানো হয়েছে আইনি নোটিস। গল্প ‘চুরি’ করা হয়েছে, দাবি জানিয়ে কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার নির্মাতাদের বিরুদ্ধে মহীশূরের একটি জেলা আদালতের দারস্থ হয়েছিলেন। আদালত ছবিমুক্তির উপর স্থগিতাদেশও জারি করে। এ বার এ প্রসঙ্গে ‘ময়দান’ ছবির নির্মাতারা বিবৃতি প্রকাশ করলেন।ময়দান’ ছবির অন্যতম প্রযোজক বনি কপূর। তার প্রযোজনা সংস্থা ‘বেভিউ প্রজেক্ট এলএলপি’র তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তারা দাবি করেছেন যে, তাদের না জানিয়েই আদালত এই স্থগিতাদেশ জারি করেছে। লেখা হয়েছে, জেলা আদালত এক পক্ষের বক্তব্য শুনেই রায় দান করেছে। আমাদের কথা শোনা হয়নি। এরই সঙ্গে নির্মাতারা দাবি করেছেন, যে তাদের না জানিয়েই এই রায় দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ছবিমুক্তির পর এ রকম কোনও রায় দেওয়া হলে মনে রাখতে হবে সেটাই বেআইনি। একই সঙ্গে তারা জানিয়েছেন, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা এ বার কর্নাটক হাই কোর্টে মামলা করতে চলেছেন। একই সঙ্গে ‘ময়দান’-এর মুক্তি যে কোনওভাবেই আটকাচ্ছে না, সে কথাও ওই বিবৃতিতে স্পষ্ট করেছেন নির্মাতারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.