২০২১ অর্থবছরে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হয়েছেন ৩১ জন আমিরাত প্রবাসী। এদের মধ্যে একজন আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম সিআইপি। দেশটিতে তার রয়েছে ২১ টি প্রতিষ্ঠান সম্মিলিত আল মাজাল গ্রুপ অব কোম্পানিজ। পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। আমিরাতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় পাঁচশত বাংলাদেশীর।
জানা যায়,চট্টগ্রামের চন্দনাইশ থানার সাতবাড়িয়া ইউনিয়নের মাওলানা আব্দুল সালামের ছেলে মোঃ নাজিম সিআইপি। ১৯৯৬ সালে বড় ভাই মোঃ মহিউদ্দিন এর হাত ধরে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। দুই ভাই এর অক্লান্ত পরিশ্রমে তৈরি হতে থাকে একের পর একটি প্রতিষ্ঠান।
আল মাজাল কারস ওয়াশিং এন্ড সার্ভিস স্টেশন, আল বাদিয়া রিয়েল এস্টেট এলএলসি সহ ২১ টি প্রতিষ্ঠান নিয়ে গড়ে তুলেন আল মাজাল গ্রুপ অব কোম্পানিজ। বাংলাদেশেও তৈরি করেন বেশ কয়েকটি কোম্পানী। বর্তমানে তিনি এনআরবিসি ব্যাংকের পরিচালক হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন। তার এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় পাঁচশত বাংলাদেশীর।
বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে ২০২১ অর্থবছরে অর্জন করেন বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মান সিআইপি অ্যাওয়ার্ড।
তিনি বলেন, আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় বাধ্য হয়ে অন্য দেশ থেকে কর্মী আনতে হচ্ছে তাকে। এতে রেমিটেন্স চলে যাচ্ছে অন্য দেশে।
ভিসা সমস্যা সমাধান হলে শিগগিরই আরো কয়েকটা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নেবেন বলে জানান সফল এই রেমিটেন্স যোদ্ধা।
