post
বিনোদন

১৫ বছরের বিরতি, কার সঙ্গে পর্দায় ফিরছেন প্রীতি জিন্তা!

নব্বই দশকের শেষের দিকে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিন্তা। এরপর জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো তাবড় তারকাদের সঙ্গে। তবে গত ১৫ বছর সিনেমার পর্দা থেকে দূরে ছিলেন বলিউডের ‘ডিম্পল গার্ল’। মাঝে ব্যস্ত ছিলেন আইপিএল নিজের ক্রিকেট দল নিয়ে। এবার লম্বা বিরতির অবসান হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন এই অভিনেত্রী।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গেছে প্রীতিকে। এসময় তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই নাকি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। সেই ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। এর আগে ‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ ছবিতে সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা প্যাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।

post
বিনোদন

চলচ্চিত্র সমিতি থেকে অব্যাহতি চাইলেন নায়ক সাইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এ বিষয়ে তিনি তার ব্যক্তিগত প্যাডে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে একটি চিঠি লিখেছেন।চিঠিতে সাইমন লিখেছেন, ‘আমি সাইমন সাদিক আপনার নেতৃত্বাধীন বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না।’সাইমন সাফটা চুক্তির ব্যাপারে লেখেন, ‘বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভুত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।’নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে সাইমন লেখেন, “আমার অভিনীত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে একই দিনে নিয়মনীতি না মেনে বিদেশি আরেকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এ কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় এ সম্পর্কেও আমাদের সমিতি নীরব রয়েছে। এসব বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি।”চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাইমন উল্লেখ করেন, ‘অবাক হই বার বার এটা ভেবে যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সব ক্ষেত্রে আমরা স্বনির্ভর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু চলচ্চিত্র শিল্পে ক্রমাগত পরনির্ভরশীল হচ্ছি, বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান রইলো। আমি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাব।’ এসব কারণ চিঠিতে উল্লেখ করে সাইমন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অব্যাহতি চেয়েছেন।

post
বিনোদন

‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানের গীতিকারের মৃত্যু

‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ (সুর: শেখ সাদী খান, কণ্ঠ: সুবীর নন্দী) ছাড়ও ‘কথা দাও, কথাগুলো ফেরত দেবে না’ (সুর: অজিত রায়, কণ্ঠ: সুবীর নন্দী), ‘স্বাধীনতা তুমি আমার বাড়িতে এসো’ (সুর: খন্দকার নূরুল আলম, কণ্ঠ: শাম্মী আখতার), ‘স্বপ্ন আমার কাজল পুকুর তুমি’ (সুর: সত্য সাহা, কণ্ঠ: এন্ড্রু কিশোর), ‘যে দেশে বাতাস স্মৃতির স্পর্শে ভারী’ (সুর: আজাদ রহমান, কণ্ঠ: সুবীর নন্দী ও সামিনা চৌধুরী), ‘তোমার প্রিয়তমার কাছে তুমি ছিলে মনোহর’ (সুর: অনুপ ভট্টাচার্য, কণ্ঠ: সামিনা চৌধুরী), ‘কতোদিন পরে দেখা, ভালো আছো তো’ (সুর: খন্দকার নূরুল আলম, কণ্ঠ: হাসিনা মমতাজ ও মোহাম্মদ হান্নান), ‘আমি তোমার ভালোবাসার খাঁচায় ধরা দেবো’ (সুর: দেবু ভট্টাচার্য, কণ্ঠ: রুনা লায়লা), ‘এই পতাকাকে চির করো তুমি’ (সুর: সত্য সাহা, কণ্ঠ: শাম্মী আখতার)-এর মতো বিখ্যাত গানগুলোর গীতিকার জাহিদুল হক আর নেই।আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল হকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভাগ্নী নোভা। তার বয়স হয়েছিল ৭৫ বছর। জাহিদুল হক বাংলা একাডেমির ফেলো ছিলেন। গান লেখার পাশাপাশি তিনি ছিলেন একজন কবি ও গল্পকার।নোভা জানান, মাসখানেক আগে স্ট্রোক করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তার মামাকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা আলোচনা করে জাহিদুল হকের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান নোভা।

post
বিনোদন

লন্ডন মাতাবেন মিলা ও মুজা

এবার গান গেয়ে ইংল্যান্ডের লন্ডন মাতাবেন সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী মিলা এবং মুজা। প্রথমবারের মতো বাংলাদেশের এই দুই শিল্পী আসছেন লন্ডনে।আগামী ১১ ফেব্রুয়ারি আইঅন টিভির আয়োজনে অনুষ্ঠিত হবে ভ্যালেন্টাইন কনসার্ট ২০২৪। সেখানেই মঞ্চ মাতাবেন এ দুই তারকা। লন্ডনের দ্যা রয়্যাল রেজেন্সিতে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এ বিষয়ে আইঅন টিভির হেড অব প্রোগ্রাম কিশোয়ার মুনিয়া বলেন, প্রথমবারের মতো লন্ডনের মঞ্চ মাতাতে আসছেন সংগীতশিল্পী মিলা এবং মুজা। দর্শকদের এক্সাইটমেন্ট দেখে ভালো লাগছে। ইতোমধ্যে লন্ডন তথা ইউরোপের জনপ্রিয় আইঅন টিভির আয়োজনে একাধিক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মিলা ও মুজা গাইবেন রয়্যাল রজেন্সির হলে। এর আগে বালাম ও আগুন গান গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন।

post
বিনোদন

অস্কারে শাহরুখের ডাঙ্কি!

সমালোচক থেকে সাধারণ দর্শক, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ নিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। বক্স অফিসে ৪৫০ কোটির দোরগোড়ায় এই সিনেমা। এবার সামনে এল বড় খবর। শোনা যাচ্ছে অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’কে।ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছে শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাঙ্কি’। এর আগেও অস্কারে পাঠানো হয়েছে শাহরুখের সিনেমা। অমন পালেকর পরিচালিত পহেলী পাঠানো হয়েছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে। এরপর শাহরুখের স্বদেশও পাঠানো হয় অস্কারে। কিন্তু দুইটির কোনোটিই শেষ পর্যন্ত অস্কার নিয়ে ফিরতে পারেনি। এবার শোনা যাচ্ছে, ডাঙ্কিকে সম্বল করেই এবার অস্কারের পথে ফের শাহরুখ। তবে খবরের সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। অভিবাসন সমস্যা নিয়ে তৈরি ডাঙ্কি আসলে চার বন্ধুর সিনেমা। প্রেম থেকে শুরু করে রাজনীতি, সিনেমার পরতে পরতে রয়েছে বার্তা। শাহরুখ খান ছাড়াও এতে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানির মতো তারকা। ২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’র হাত ধরে শুরু হয় শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা বছর। বিশ্বজুড়ে প্রথম দিন থেকেই ঝড় তোলে অ্যাকশনে মোড়া এই সিনেমা। এর টোটাল কালেকশন এক হাজার ৫০ কোটি রুপি। এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত ‘জওয়ান’। আদ্যোপান্ত একটি রাজনৈতিক ছবি জওয়ান। পাঠানের থেকেও এই সিনেমা বেশি পছন্দ করে দর্শক। বিশ্ব জুড়ে এই সিনেমার মোট আয় এক হাজার ১৪৬ কোটি। অবশেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পায় ‘ডাঙ্কি’। বছরের শুরুতে এ যাবৎ সিনেমার আয় ৪৪৭ কোটি। তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যায়, শাহরুখ একাই এক বছরে বলিউডের ঝুলিতে দিয়েছেন দুই হাজার ৫০০ কোটি টাকার বেশি।

post
বিনোদন

ইউরোপমুখী অভিবাসীদের নিয়ে নির্মিত ‘দ্য গেইম’র প্রিমিয়ার অনুষ্ঠিত

গেইমের বাইরে থাকা মানুষদের কাছে ‘গেইমের’ বাস্তব চিত্র তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেন নির্মাতা জয় চ্যাটার্জি ও প্রকাশ রায়। তথ্যচিত্রের নাম দিয়েছেন ‘দ্য গেইম’। গেইমের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে তারা কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। একইসঙ্গে কাজ করেছেন ‘গেইম মেরে’ ফ্রান্সে এসে কাগজহীন হয়ে যাওয়া একাধিক অভিবাসীকে নিয়ে। গেইমের যাত্রাপথের নির্মম কাহিনি তুলে ধরতে সংযোজন করেছেন সাগরে ভেসে আসা সেইসব ভয়ংকর ‘বুটের’ ভিডিও। সবমিলিয়ে গেইমের শিকার একজন অভিবাসীর বাস্তব জীবনের চিত্র ফুটে উঠেছে তথ্যচিত্রে।তথ্যচিত্রটি প্যারিসের একটি সিনেমা হলে শুক্রবার সন্ধ্যায় প্রদর্শিত হয়। এতে ফ্রান্স সরকারের অভিবাসী বিষয়ক বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। দ্য গেইম প্রদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন দুই চলচ্চিত্র নির্মাতা জয় চ্যাটার্জি, প্রকাশ রায় ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে কাজী এনায়েত উল্লাহ বলেন, একজন দর্শক হিসেবে চলচ্চিত্রটি উপভোগ করেছি। কিন্তু যে চিত্র ফুটে উঠেছে, তা খুবই নির্মম আর হৃদয়বিদারক। আমরা আশা করব, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসা থেকে দেশের যুবকেরা বিরত থাকবে।

post
বিনোদন

ঢাকা-১০ আসনে বিজয়ী হলেন চিত্রনায়ক ফেরদৌস

ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।রোববার (৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করেন।এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়।

post
বিনোদন

শাবনূরের নির্মাতাকে প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই নতুন সিনেমার কাজ শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ইতোমধ্যেই অংশ নিয়েছেন ‘মাতাল হাওয়া’র রিহার্সালেও। যেটি নির্মাণ করছেন পরিচালক চয়নিকা চৌধুরী। এই সিনেমায় শাবনূরের বিপরীতে দেখা যাবে অভিনেতা মাহফুজ আহমেদকে। এরপরই  নতুন আরেক সিনেমা ‘রঙ্গনা’র কাজ শুরু করবেন এই নায়িকা। ইতোমধ্যেই ফার্স্ট লুকও দেখেছেন দর্শকরা। এসবের মাঝেই শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’র সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। শুধু তাই নয়,শাবনূরের বায়োপিকও বানাতে চান এ নির্মাতা।শাবনূরকে নিয়ে সিনেমা নির্মাণের সেই ঘোষণা দেওয়ার পরেই অজ্ঞাত একজনের কাছ থেকে হুমকি পেয়েছেন এই নির্মাতা। নায়িকাকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে। এবিষয়ে মানিক জানান, হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।২০০৫ সালে মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। শুধু তাই নয়,এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খানও।

post
বিনোদন

বিমান দুর্ঘটনায় দুই মেয়েসহ হলিউডের অভিনেতা নিহত

ক্যারিবিয়ান সাগরে একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার নিহত হয়েছেন। ওই একই দুর্ঘটনায় তার দুই মেয়েও প্রাণ হারিয়েছে। বিমানটি উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই ক্যাারিবিয়ান সাগরে আছড়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।জার্মানিতে জন্ম নেওয়া হলিউডের এ অভিনেতা জর্জ ক্লোনির সঙ্গে ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালে অ্যাকশন-কমেডির সিনেমা ‘স্পিড রেসারে’ অভিনয় করেছিলেন। ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার এক ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে নিহত হন তারা। মাছ ধরার জেলে, ডাইভার এবং কোস্টগার্ডের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে যান। যেখান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার, তার দুই মেয়ে মাদিতা ও আন্নিক এবং পাইলট রবার্ট সাচস নিহত হন। বৃহস্পতিবার দুপুরে বিমানটি ক্যারাবিয়ান অঞ্চলের গ্রেনাডিন্সের ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়ায় যাচ্ছিল। ধারণা করা হচ্ছিল, পরিবারকে নিয়ে ছুটি কাটাতে ক্যারাবিয়ান অঞ্চলে গিয়েছিলেন অলিভার। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি সমুদ্র সৈকতের ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘স্বর্গের কোনো স্থান থেকে কমিউনিটিকে শুভেচ্ছা এবং ভালোবাস… (২০২৪) আমরা আসছি।’ অলিভার ৬০টির বেশি ছবি ও টিভি সিরিজে কাজ করেছেন। তিনি টম ক্রুজের সিনেমা ‘ভালকারিতে’ ছোট একটি অংশে অভিনয় করেছিলেন।

post
বিনোদন

তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হলেন সাংবাদিকরা। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। এসময় তারা বিনোদন সাংবাদিকদের বিরুদ্ধে তানজিন তিশার অপেশাদার আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে এই অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেধে দিয়েছে টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)। সংগঠনটির মুখপাত্র বুলবুল আহমেদ জয় বলেন, তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সিনিয়র সাংবাদিক তানভীর তারেক বলেন, আমি এ অভিনেত্রীর নাম ‍মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই। আর তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তবে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। সিনিয়র সাংবাদিক নাজমুল আনম রানা বলেন, তিশার যদি কোনো অভিযোগ থাকে তবে সে আমাদের জানাতে পারতো। কিন্তু সেটা না করে সে হুমকি ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। চ্যানেল ২৪ তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা চ্যানেল কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদার। সে যদি তার অপেশাদার আচরণের জন্য ক্ষমা প্রকাশ না করে তবে আমরা যে যার জায়গা থেকে সাংবাদিকরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। মূলত তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের দূরত্বের সূত্রপাত হয় অভিনেত্রীর ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর এই খবরটি গণমাধ্যমে চলে আসে। মূলত এরপরই তানজিন তিশা ঘটনাটিকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’র নানান চেষ্টা-অপচেষ্টা শেষে সর্বশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন এক বিরুদ্ধে। তারও আগে তিশা সাংবাদিকদের ‘উড়ায়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সামাজিকমাধ্যমে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন। অভিযোগ রয়েছে, সংগীত তারকা হাবিব ওয়াহিদের সংসার ভাঙার নেপথ্যে রয়েছেন তানজিন তিশা। আর শেষ ঘটনাটির সঙ্গে জড়িয়ে আছেন আরেক উঠতি অভিনেতা মুশফিক আর ফারহান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.