post
খেলা

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের ইতিহাস গড়ে শ্রীলঙ্কা হারালো দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে শনিবার তারা বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পুঁজি গড়ে লঙ্কানদের আটকে দেয় ৩২৬ রানে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কয়েক জন। শুরুতে উইকেট হারানোর পর দুইশ রানের জুটি গড়ে ব্যক্তিগত শতকের দেখা পান কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডাসেন। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এইডেন মারক্রাম। ৫৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৬ রান করে ম্যাচের সেরা অবশ্য তিনিই। ওপেনার ডি কক ৮৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১০০ রান। ফন ডাসেনের ব্যাট থেকে ১১০ বলে ১০৮ রান আসে ১৩ চার ও ২ ছক্কার সুবাদে। তাদের হাত ধরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুইশ রানের জুটি পায় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার তিন জন পঞ্চাশ ছুঁলেও তিন অঙ্কে যেতে পারেননি কেউই। কুসাল মেন্ডিস ৪২ বলে ৭৬, চারিথ আসালাঙ্কা ৬৫ বলে ৭৯ ও অধিনায়ক দাসুন শানাকা ৬২ বলে করেন ৬৮ রান। দুই দল মিলে ম্যাচে রান হয়েছে মোট ৭৫৪, বিশ্বকাপের এক ম্যাচে যা সর্বোচ্চ। ২০১৯ আসরে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের ৭১৪ রান ছিল আগের সেরা। এই ম্যাচে চার ও ছক্কা হয়েছে মোট ১০৫টি, এটিও বিশ্বকাপে রেকর্ড। ২০১৫ আসরে ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ড ম্যাচের ৯৩ বাউন্ডারি ছিল আগের সর্বোচ্চ। এই সব রেকর্ডের পাশাপাশি বিশ্বকাপে এক ইনিংসে তিন শতকের দেখা মেলে প্রথমবার।

post
খেলা

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে ২০২৩-ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রানে আফগানিস্তানকে বেধে ফেলে সাকিবের দল। সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৪ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। দেখে-শুনে খেলছিলেন দুই ওপেনার লিটন দাস-তানজিদ তামিম। কিন্তু ৫ম ওভারে নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউট হয়ে যান তামিম। এরপর দ্রুত সাজঘরে ফিরে যান লিটন দাসও। ফেরার আগে ১৮ বলে করেন ১৩ রান। দুই ওপেনারের আউট হয়ে যাবার পর হাল ধরেন মিরাজ আর শান্ত মিলে। জয়ের ভীত গড়ে দেয় এই জুটি। ৫৮ বলে দু'বার জীবন পাওয়া মিরাজ তুলে নেন ফিফটি। বাংলাদেশের জয় যখন এক প্রকার নিশ্চিত, তখন মিরাজ আউট হয়ে যান ৭৩ বলে ৫৭ রান করে। উইকেটে এসে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে গিয়ে অধিনায়ক সাকিব আউট হয়েছেন ১৪ রানে। তবে বাকি কাজটা মুশফিকুর রহিম আর শান্ত সেরেছেন সহজে। অপরাজিত ৫৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নাজমুল হাসান শান্ত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে বিনা উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ছিলো ২৭ রান। ২২ রান করা ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। শুরুর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছিল আফগানিস্তান। পরের দশ ওভারে কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ মিলে। ১১-২০ ওভারের মধ্যে আফগানিস্তান তুলেতে পেরেছে ৪৬ রান। ১৮ রান করা হাশমতউল্লাহ শাহিদিকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ওপেনার গুরবাজ তখনো আগলে রেখেছেন উইকেটের আরেক প্রান্ত। অবশেষে ৪৭ রান করা গুরবাজকে ফেরান মুস্তাফিজর রহমান। আর সাকিব তার তৃতীয় উইকেট তুলে নেন ৫ রান করা নাজিবুল্লাহকে ফিরিয়ে। টপ অর্ডার ব্যাটারদের কল্যাণে ভালো শুরুই পেয়েছিল আফগানিস্তান। তবে মিডল অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতোই। ১০ রানের ব্যবধানে ফিরে যান-হাশমতউল্লাহ-গুরবাজ-নাজিবুল্লাহ। ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি ও রশিদ খান। দলীয় ১৫৬ রানে আউট হয়েছেন ওমরজাই। সেই একই রানে পরের দুই উইকেটও হারিয়েছে আফগানিস্তান। ফলে ১৫৬ তেই আটকে যায় তারা।দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

post
খেলা

বাদ তামিম, আছেন রিয়াদ, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নানা নাটকিয়তার পর সবার শেষে এসে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লম্বা সময় ধরে চলা নানা আলোচনা সমালোচনার পর তামিম ইকবলাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে দলে আছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনয়াক আছেন যথারীতি সাকিব আল হাসান। সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে ১৫ সদস্যের এই দলের প্রত্যেকের হাতে তুলে দেয়া হচ্ছে জার্সি । বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের এই স্কোয়াডে আছেন: অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জন্য এটি হতে যাচ্ছে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে দুজনের অভিষেক হয়েছিলো ২০০৭ সালে। তারপর একে একে খেলেছেন ২০১১, ২০১৫, ২০১৯ বিশ্বকাপে। দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহরও আছে দীর্ঘ অভিজ্ঞতা। খেলেছেন ২০১১ বিশ্বকাপ। আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সেঞ্চুরির অনন্য রেকর্ডটি তার ২০১৫ ইংল্যান্ড বিশ্বকাপে। সেঞ্চুরি করেছিলেন পরের ম্যাচেও নিউ জিল‌্যান্ডের বিপক্ষে। ২০১৯ বিশ্বকাপেও মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন দলে। তবে ব্যাট করেছে সাত নম্বরে। এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে হয়ে গেছে অনেক কিছূ। তামিম না থাকলেও সাকিব তার বিশ্বকাপ সফরে দলে পাচ্ছেন এই অভিজ্ঞা কান্ডারীকে। এবারের বিশ্বকাপে তামিমের থাকা না থাকা নিয়ে গত তিন মাস জল অনেক ঘোলা হয়েছে। ক্রিকেট ছেড়ে চলে গিয়েছিলেন অবসরে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিশ্বকাপকে সামনে রেখে আবারো ফিরে আসেন আর্ন্তজাতিক ক্রিকেটে। কিন্তু দুদিন আগে হঠাৎ তামিম ঘোষণা দেন ইনজুরির কারণে বিশ্বকাপের সব ম্যাচ হয়তো তার পক্ষে খেলা সম্ভব হবে না। তার এই কথা ধরে, সব বিচার বিশ্লেষণ শেষে দলের অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়াই ঘোষণা করা হলো বিশ্বকাপ স্কোয়াড। না হলে এটা হতো তামিমেরও পঞ্চম বিশ্বকাপ। বাকিদের মধ্যে ২০১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ৬ ক্রিকেটারের। তাসকিন আহমেদ এর আগে সবশেষ ২০১৫ বিশ্বকাপ। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার রোমাঞ্চে পেতে যাচ্ছেন আছেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। সাকিব মুশফিক রিয়াদের সাথে আছে লিটন দাস মোস্তাফিজ ও মিরাজের মতো অভিজ্ঞরা। ফলে অভিজ্ঞতার বিবেচনা অন্য দলের তুলনায় খুব একটি পিছিয়ে নেই বাংলাদেশ। সাকিবের সহ অধিনায়ক হিসেবে আলাদা দায়িত্ব থাকবে শান্তর কাধে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। যা শুরু হবে ৭ অক্টোবর থেকে। ৬টি ভেন্যূতে আছে বাংলাদেশের ম্যাচ। তার মধ্যে দুটি ম্যাচ খেলবে ধর্মশালা, পুনে ও কলকাতায়। বাকি তিনটি ম্যাচ খেলবে চেন্নায়, মুম্বাই ও দিল্লীতে।  ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ধারাবাহিকভাবে বিশ্বকাপের বাকি খেলবে সাকিবরা। ধর্মশালা বাদে সব ধরণের কন্ডিশনই প্রায় বাংলাদেশের কাছাকাছি। ধর্মশালায় অক্টোবরের শুরুতে প্রচণ্ড ঠাণ্ডা থাকবে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওই কন্ডিশনে বাংলাদেশ একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 

post
খেলা

আনুষ্ঠানকিভাবে নেইমার এখন আল হিলালের; ব্রাজিলিয়ান তারকা মনে করেন, তার ক্লাব এশিয়ার সেরা

অবশেষে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি সেরে ফেললেন ব্রাজিলিয়ান ফুটবল স্টার নেইমার। তার যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছে তার ক্লাব। ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’ নেইমার জানান, তার লক্ষ্য হলো ফুটবলের নতুন এক ইতিহাস লেখা। সাবেক এই পিএসজি তারকা মনে করেন সৌদি প্রো লিগে এখন দুর্দান্ত উদ্যম এবং বিশ্বের তারকা অনেক ফুটবলার এখানে আছেন , সামনে আসবেন। নেইমার আরও বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব, তাদের দুর্দান্ত সমর্থক রয়েছে এবং এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমার মনে হচ্ছে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই। নেইমার চলে আসায় মন খারাপের এক বিবৃতি দিয়েছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। সেখানে তিনি বলেছেন, 'নেইমারের মতো বিশ্বনন্দিত একজন ফুটবলারকে হারানো এবং বিদায় বলা খুব কঠিন কাজ। সে বিশ্বসেরাদের একজন। আমাদের দারুণ কিছু মুহূর্ত আছে এবং নেইমার সবসময় আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে।’ ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। বারবার চোটে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। তবে অর্জনের হিসেব বেশ ভালো। ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল। জিতেছেন পাঁচটি লিগ ওয়ান এবং তিন ফ্রেঞ্চ কাপের শিরোপা। ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি না হারলে ক্লাবের হয়ে ইতিহাসও গড়া হয়ে যেতো নেইমারের।

post
খেলা

মেসি ম্যাজিকে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে ইন্টার মিয়ামি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সকার লিগ এলএমএসের দল ইন্টার মায়ামিতে যোগ দেবার পর থেকে দারুণ ফর্মে আছে দলটি। জিততে ভুলে যাওয়া দলটি ম্যাচের পর ম্যাচ জিতেই চলছে। নিজের ফুটবল জাদুতে গোটা যুক্তরাষ্ট্রকে আবিষ্ট করে রেখেছেন লিওনেল মেসি। ১৩ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে তিনি যে দেখালন তা ফুটবল বিশ্ব মনে রাখবে অনেক অনেক দিন। এদিন পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে লিগস কাপের সেমি-ফাইনালের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে মেসির মিয়ামি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলবে তারা। মেসি ছয় ম্যাচে নয় গোল করে রেকর্ড গড়ার পাশাপাশি দলকে নিয়ে গেছেন লিগ কাপের ফাইনালে। মিয়ামিতে মেসি যোগ দেওয়ার পর দলটি ছয়টি ম্যাচে ২১টি গোল করেছে। ম্যাচের প্রথম গোলটি অবশ্য এসেছিল হোসেফ মার্টিনেজের পা থেকে। মেসি ব্যবধান দ্বিগুণ করেন ২০ মিনিটে। মিয়ামির জার্সিতে নবম গোলটি মেসি করেছেন ৩০ মিটার দূর থেকে মাটি কামড়ানো এক শটে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডি আলবা। প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়া ফিলাডেলফিয়া ইউনিয়নের পক্ষে ঘুরে দাড়ানো সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে ১টি গোল করে ব্যবধান কমায় তারা। ৮৪ মিনিটে মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করেন দাভিদ রুইজ।  ১৯ আগষ্ট শনিবার প্রথম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ন্যাশভিলের বিপক্ষে খেলতে নামবে অপ্রতিরোধ্য মেসির দল। ফুটবল বিশ্ব দেখার অপেক্ষায় আছে ইন্টার মিয়ামীর প্রথম শিরোপা মেসির হাতে উঠে কিনা। 

post
খেলা

নেইমার এখন আল হিলালের

জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হতে চললো। ইউরোপ ছেড়ে যাচ্ছেন আরেক বিশ্বসেরা তারকা নেইমার। পিএসজি ছেড়ে এই ব্রাজিলিয়ান তারকা নাম লেখাতে যাচ্ছেন সৌদি ক্লাব আল হিলালে। ক্লাবটির সঙ্গে এরই মধ্যে নেইমার দুই বছরের চুক্তি সই করে ফেলেছেন বলে জানিয়েছে ফ্রান্সের বিখ্যাত দৈনিক এল ইকুইপে। ফ্রান্সের পত্রিকাটি জানিয়েছে, বছরপ্রতি নেইমারের পারিশ্রমিক হবে ১৬০ মিলিয়ন ইউরো। টাকার হিসেবে যা দাড়ায় প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা। দুই বছরে অঙ্কটা দাঁড়াবে ৩১০ মিলিয়ন ইউরো। জানা গেছে, নেইমারকে বিক্রির ব্যাপারে এরই মধ্যে আল হিলালের প্রস্তাব গ্রহণ করে নিয়েছে পিএসজি। সৌদি ক্লাবে যাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেতও দিয়েছেন নেইমার। দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটে জানিয়েছেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে চুক্তি করবেন নেইমার। সৌদিতে যাবেন ব্রাজিল তারকা এবং আজই স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাওয়ার কথা। আল হিলালে ১০ নম্বর জার্সি পরবেন নেইমার। এই সপ্তাহের শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে আল হিলালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে। সুতরাং, খুব শিগগির সৌদি প্রো লিগে নেইমারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আল হিলাল ক্লাবও শেষ পর্যন্ত বড় কোনো ফুটবলারকে দলে নিতে সক্ষম হচ্ছে। প্রথমে তারা চেষ্টা করেছিল লিওনেল মেসির ব্যাপারে। বছরপ্রতি ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল তাকে। দুই বছরের চুক্তির বিষয়ে আল হিলালের সঙ্গে প্রায় একমতও হয়ে গিয়েছিলেন মেসি। তবে শেষ মুহূর্তে মত পরিবর্তন করে তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এরপর আল হিলাল চেষ্টা করে কিলিয়ান এমবাপেকে দলে নিতে। পিএসজি রাজিও ছিল তাকে বিক্রি করার ব্যাপারে। কিন্তু এমবাপে যেতে রাজি হননি। তিনি আল হিলাল কর্মকর্তাদের সঙ্গে দেখাই করেননি। শেষ পর্যন্ত নেইমারের দিকে হাত বাড়িয়ে সফল হলো আল হিলাল। ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নিয়ে এবার নিজেদের লিগে শক্তিশালী একটা অবস্থানে পৌঁছাতে পেরেছে আল হিলাল। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সে থেকে ট্রান্সফার মার্কেটে এখনও পর্যন্ত নেইমারই সবচেয়ে দামি খেলোয়াড়। সে থেকে গত ৬টি মৌসুম পিএসজিতে কাটিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। ক্লাবের হয়ে গত মার্চ থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। যে কারণে পিএসজিও চাচ্ছে তাকে ছেড়ে দিতে। নেইমারও চান পিএসজি ছেড়ে যেতে। আল হিলালে গিয়ে কালিদু কৌলিবালি, রুবেন নেভেস এবং সাবেক বার্সা উইঙ্গার ম্যালকমের সঙ্গে একত্রিত হবেন ৩১ বছর বয়সী নেইমার।

post
খেলা

এশিয়া ও বিশ্বকাপে সাকিবই অধিনায়ক

জল্পনা-কল্পনা শেষ। আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকেই অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে গত বছর টি-টোয়েন্টি ও টেস্টেও অধিনায়কত্ব পান সাকিব। সবমিলিয়ে তিন ফরম্যাটেই টাইগারদের অধিনায়ক এখন এই বিশ্বসেরা অলরাউন্ডার। গত ৩রা আগস্ট ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবে কে? অবশেষে ৮ দিন পর উত্তর মিললো। এর মধ্যে একই প্রশ্নে কখনও সাকিব, কখনও বর্তমান সহ অধিনায়ক ও ৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাস বা মেহেদী হাসান মিরাজের নামও শোনা গেছে। যদিও অভিজ্ঞতা, পারফর্মেন্স, গ্রহণযোগ্যতা, সবমিলিয়ে বাকিদের তুলনায় সাকিবই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত এই বিশ্বসেরা অলরাউন্ডারের হাতেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব দিলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদিও তামিম অধিনায়কত্ব ছাড়ার পর পরবর্তী অধিনায়ক হিসেবে সাকিবকেই ‘অবধারিত’ পছন্দ বলেছিলেন বিসিবি সভাপতি পাপন। কিন্তু দীর্ঘমেয়াদে সাকিবকে নেতৃত্বে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সাকিবকেই বেছে নেয়া হলো। এ নিয়ে দ্বিতীয় বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন সাকিব। এর আগে ঘরের মাঠে ২০১১’র বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডে ম্যাচে তিনি নেতৃত্ব দিলেও সেটা ছিল নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে। ২০০৯ সালে প্রথম ওয়ানডে অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজার চোটে এই সিরিজে অধিনায়কত্ব পান তিনি। এখন পর্যন্ত ভারপ্রাপ্ত, খণ্ডকালীন সবমিলিয়ে ৫০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে বাংলাদেশ জয় পেয়েছে ২৩ ম্যাচে আর হেরেছে ২৬ ম্যাচে। বাকি ১ ম্যাচ পরিত্যক্ত। অধিনায়ক হিসেবে সাকিবের সাফল্যের হার ৪৬%। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন, এরপর ভারপ্রাপ্ত দায়িত্ব ছিল তার। সর্বশেষ ২০১৭ সালে এ সংস্করণে অধিনায়কত্ব করেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচে সাকিবের পারফর্মেন্সও উজ্জ্বল। সামনে থেকে নেতৃত্ব দিতে পারার দক্ষতা তাকে আলাদা করেছে বাকিদের থেকে। অধিনায়ক সাকিবের ৪৮ ইনিংসে ব্যাট হাতে রান ৩৫.৯৭ গড়ে ১৫৪৭, স্ট্রাইক রেট ৮৭.৩০। এ সময় এই বিশ্বসেরা অলরাউন্ডার সেঞ্চুরি করেছেন ৩টি আর ফিফটি ৯টি। বল হাতে ৪৯ ইনিংসে সাকিবের শিকার ৬৮ উইকেট। ইকোনোমি ৪.৩৩ আর ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৩ বার। সেরা বোলিং ফিগার ৩৩ রানে ৪ উইকেট।

post
খেলা

পদ্মা সেতু ঘুরে গেল ওয়ানডে বিশ্বকাপ ট্রফি

৬ আগস্ট রবিবার মধ্যরাতে ঢাকায় আসে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট এই তিনদিন বাংলাদেশে ছিলো ট্রফিটি। তিন দিনের সফরে তিনটি ভিন্ন তিনটি জায়গায় প্রদর্শনী হয়েছে ট্রফিটি।  ৭ আগষ্ট সোমবার বিকেল চারটায় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে ১ নম্বর পিলারের পাশে রাখা হয়। সেখানে আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশনের পর সংবাদমাধ্যমকে ছবি তোলার সুযোগ দেওয়া হয়। তারপর সেখান থেকে নিয়ে হোটেলে রাখা হয় ট্রফিটি।পরদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হয় ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেয়া হয়।শেষের দিন বুধবার ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হয়। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বিশ্বকাপ ট্রফি। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তুলেছেন ভক্তরা। এ জন্য লাগেনি কোনো টিকিট। বেশি সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বিসিবি।গত ২৭ জুন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছে ট্রফিটি। বাংলাদেশ থেকে এটি যাবে কুয়েতে। সব মিলিয়ে এবার ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।আসছে ৫ অক্টোবর আহমেদাবাদ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসর।

post
খেলা

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে আবারও ফিরলেন তামিম

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর মান ভেঙেছে তামিম ইকবালের। অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর জন্য দেড় মাস সময় দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সী দেশসেরা ওপেনারকে।এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দেন তামিম। তারপরপরই গণমাধ্যম থেকে সাবেক ক্রিকেটার, সাধারণ মানুষের মধ্যে চলতে থাকে আলোচনা সমালোচনা নানা রকম বিচার বিশ্লেষণ। এরপর ৬ জুন শুক্রবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তামিমের স্ত্রী আয়শাও সঙ্গে ছিলেন। একই সঙ্গে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনকেও ডাকা হয় সেখানে। তামিমের গণভবনে আসার খবর পেয়ে দর্শকরা ছুটে গিয়েছিলেন সেখানে। প্ল্যাকার্ড হাতে তারা রাস্তায় দাঁড়িয়েছিলেন। অবসর ভেঙে ফের ক্রিকেটে ফেরার দাবি জানাতে থাকেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম। তবে আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। তিনি অধিনায়ক হয়েই ফিরবেন এশিয়া কাপ দিয়ে।প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’বৈঠক শেষে তামিমের পর বিসিবি সভাপতি সংবাদকর্মীদের বলেছেন, 'এটা সবার জন্য স্বস্তির খবর। অধিনায়কই যদি না থাকে বাংলাদেশ খেলব কীভাবে!’বিসিবি সভাপতি বলেছেন, 'যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই ক্রিকেটে ফিরে আসবে।’ গণমাধ্যমে তামিমের অবসর ভাঙার খবর আসার পরেই তার নিজ বাড়ির সামনে শুরু হয় আনন্দ উৎসব। চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় ভক্তদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। তামিমের পরিবারের পক্ষ থেকে ভক্তদের জন্য ছিল এই আয়োজন।

post
খেলা

চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপে মেসির চুমু

বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল! এমনটাই বারবার বলছিলেন ধারাভাষ্যকার। সত্যিই তাই। এমন প্রতিযোগিতপূর্ণ বিশ্বকাপ কমই হয়েছে। যার মধ্য দিয়ে শেষ হাসিটি হাসলো আর্জেন্টিনা। মেসির আর্জেন্টিনা। সারাবিশ্বের শতকোটি ভক্তকুলের প্রিয় আর্জেন্টিনা। জয় পরাজয় সেতো নির্ধারিত হবেই। কিন্তু একটি ফাইনাল ম্যাচ যা দেখার জন্য সকল ফুটবলপ্রেমী অধীর আগ্রহে বসে থাকেন তারা এমন ফুটবলই দেখতে চান। তবে সরাসরি যারা আর্জেন্টিনার ফুটবলের ভক্ত নন, তাদের মধ্যেও অনেকে রয়েছেন যারা লিওনেল মেসির ভক্ত। যারা ফুটবলে মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় থাকেন। আজও ছিলেন। এবং মেসি তাদের নিরাস করেন নি। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ যাবে, সেটা কি ভাগ্যলিখন। না! নিজ দক্ষতায় তিনি সেটা অর্জন করেছেন। এই যে স্বর্ণে গড়া বিশ্বকাপে চুমু খেলেন মেসি, সেটা তিনি অর্জন করেই নিলেন। শেষ ম্যাচে, ফুটবলের যে মঞ্চ রচিত হয়েছিলো তাতে পট পরিবর্তন হচ্ছিলো বার বার। শুরু দিকে একক আধিপত্যে মঞ্চ মাতিয়ে আর্জেন্টিনা ফাইনালকে নিজের করে নিয়েছিলো বটে কিন্তু এমবাপেদের ফিরে আসাটা ছিলো দারুণ উপভোগ্য। মেসির জোড়া গোল, এমবাপ্পের হ্যাটট্রিক, ডি মারিয়ার গোল মিলিয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতা। তবে খেলা বার বার তার গতি পেয়েছে একেকটি পেনাল্টি কিকের মধ্য দিয়ে। শেষ পর্যন্ত সেই পেনাল্টি শুটআউটেই গড়ালো ম্যাচ আর ফুটবল বিশ্বকাপের শেষ হাসিটি হাসলো আর্জেন্টিনা। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন এবার আর্জেন্টিনা। ৩৬ বছর পর জুলেরিমে কাপটিকে নিজের ঘরে নিয়ে যাওয়ার সুযোগ মিললো ফুটবলের এই পরাশক্তির। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.