post
এনআরবি সাফল্য

লন্ডনে টানা চতুর্থবারের কাউন্সিলর হবিগঞ্জের মেয়ে সমতা

হবিগঞ্জের চুনারুঘাটের মেয়ে সমতা খাতুন টানা চারবারের মতো লন্ডন সেন্ট প্যানক্রাস ও সামার্স টাউনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত ৫ মে বিপুল-উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে চুনারুঘাটের গর্ব সমতা খাতুন টানা চতুর্থবারের মতো লন্ডন কেমডেন বারার সেন্ট প্যানক্রাস ও সামার্স টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লন্ডনের দ্বিতীয় বাঙালি অধ্যুষিত শহর কেমডেনের এই ওয়ার্ড থেকে অনুষ্ঠিত নির্বাচনে মোট তিনজন কাউন্সিলর নির্বাচিত হন। এদের মধ্যে সমতা খাতুন লেবার পার্টি থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৭৪ পেয়ে নির্বাচিত হন। এছাড়া এডমাউন্ড ফ্রন্ডিগাউন (লেবার) ১ হাজার ৮৪৫ ও শাহ মিয়া (লেবার) ১ হাজার ৭৯৯ ভোটে জয়লাভ করেন। সমতা খাতুন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মরহুম হাজি আলী আসকর জমাদারের মেয়ে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মো. গাজীউর রহমান গাজীর ছোট বোন। তার শশুরবাড়ি বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের খানবাড়িতে। তার স্বামী সাজ্জাদ হোসেন খান টিপু সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ভাতিজা। তিনিও একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটির প্রিয়মুখ। বর্তমানে সমতা খাতুন লন্ডনের কেমডেনে স্বামীসহ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সমতা খাতুন সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যেন তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। 

post
এনআরবি সাফল্য

লিসবনে প্রবাসী বাংলাদেশির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু

পর্তুগালের রাজধানী লিসবনে সেগুনদা ভিদা (Segunda Vida) নামক পর্তুগিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রবিবার লিসবনের সেন্টারে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস আরোইশ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জসিম, বরিশাল কমিউনিটির সভাপতি শাহীন সাঈদ, লিসবনের বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সহ-সভাপতি এফ আই রনি ও তারিকুল হাসান আশিক, যুগ্ম সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, অর্থ সম্পাদক জাহিদ কায়সার সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীবৃন্দ। পর্তুগাল প্রবাসী মারিয়া আলীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক কাজী মাহমুদ আনিস উক্ত প্রতিষ্ঠান নিয়ে তার স্বপ্ন পরিকল্পনার কথা সকলের উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে একটি দাতব্য প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্স ছাড়াও ধর্মীয় শিক্ষা এবং প্রবাসী শিশুদের বাংলা শিক্ষা কার্যক্রম স্বল্প সময়ের মধ্যে চালু করার বিষয়ে সকলকে অবহিত করেন তিনি। অতিথিদের মধ্যে রানা তসলিম উদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। একই সাথে তিনি ধর্মীয় শিক্ষা এবং বাংলা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জসিম বলেন, নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ। বাংলাদেশিরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের সাথে সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রবাসে দেশের আলো ছড়াচ্ছে যা আমাদের জন্য গৌরবের। স্থানীয় ভাষা শিক্ষার প্রতি তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে মাওলানা অধ্যাপক আবু সাঈদ দোয়া ও মোনাজাত করেন এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

post
এনআরবি সাফল্য

রত্নগর্ভা সম্মাননা পেলেন প্রবাসী সোহাগের মা

বিশিষ্ট সংগীত শিল্পী ও কমিউনিটি ব্যক্তিত্ব ক্যালগেরি প্রবাসী সোহাগ হাসানের মা এ বছর রত্নগর্ভা সম্মাননা পেয়েছেন। মা দিবসের বিশেষ অনুষ্ঠানে যে ২৫ জন রত্নগর্ভা মাদের সম্মাননা দেওয়া হয় তারমধ্যে সোহাগ হাসানের মা ফয়েজুন্নেছা বেগম অন্যতম।আট সন্তানের জননী ফয়েজুন্নেছার স্বামী অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল সাত্তার। তিনি বর্তমানে চাঁদপুরে বসবাস করেন। এই দম্পতির আট সন্তানের প্রত্যেকেই দেশে বিদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে স্ব-স্ব স্থানে দেশে-বিদেশে মর্যাদা সম্পন্ন চাকরিতে নিয়োজিত রয়েছেন। ভাই বোনের মধ্যে সোহাগ হাসান পঞ্চম।প্রবাসী সোহাগ হাসানের বড় ভাই ইসমে আজম পনির আমেরিকা থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি এবং এমবিএ সম্পন্ন করে দীর্ঘদিন ধরে আমেরিকার এটিএন টির প্রিন্সিপাল প্রোগ্রাম ম্যানেজার হিসেবে নিয়োজিত রয়েছেন। অন্যদিকে সোহাগ হাসান বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে আলবার্টার সাউদার্ন আলবার্টা ইনস্টিউট অফ টেকনোলজি থেকে পিপিডি ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে আগাড ওয়েল এন্ড গ্যাস ল্যাবে কর্মরত রয়েছেন।ফয়েজুন্নেছার বাকি ছয় সন্তানের মধ্যে জান্নাতুল মাওয়া চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি এনজিও তে কর্মরত। এ এস এম মঈন ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) সম্পন্ন করে বর্তমানে ঢাকা আনোয়ার গ্রুপে ডিরেক্টর (অপারেশন) কর্মরত। গাউছুল আজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস সম্পন্ন করে বর্তমানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। আহসান হাবীব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ ও পরবর্তীতে ডিপ্লোমা ইন মাল্টিমিডিয়া সম্পন্ন করে বর্তমানে ক্লিক অন মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। জান্নাতুল নাঈম ইডেন মহিলা কলেজ থেকে (সমাজ বিজ্ঞান) এএমএ সম্পন্ন করে সামাজিক সেবা কার্যক্রমে নিয়োজিত। রত্নগর্ভা ফয়জুন্নেসার সর্বকনিষ্ঠ সন্তান জান্নাতুল ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (উদ্ভিদবিজ্ঞান) এমএসসি এবং পিএইচডি সম্পন্ন করে বর্তমানে রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।মা রত্নগর্ভা সম্মানে ভূষিত হওয়ার পর ফয়েজুন্নেছার বড় সন্তান ইসমে আজম পনির গণমাধ্যমকে বলেন, সন্তানরা মাকে ঘিরেই ভালোবাসার পৃথিবী রচনা করে। মাকে খুশি করাই সব সন্তানের ব্রত হওয়া উচিত। ছোট বেলা থেকেই দেখেছি কিভাবে মা তার শাসন আর ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখেছেন।আবেগে আপ্লুত হয়ে কন্ঠশিল্পী সোহাগ হাসান গণমাধ্যমকে বলেন, প্রবাসে প্রতিটা ক্ষণ যাকে খুব মিস করি, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা সেই মা আজ রত্নগর্ভা সম্মাননা নিচ্ছে এর চাইতে বড় আনন্দ সন্তানের আর কিছুই হতে পারে না। নৈতিক চরিত্র ও মূল্যবোধের শিক্ষা সন্তানকে মাই দিয়ে থাকেন। একজন আদর্শ মা সন্তানের পাশে থাকেন বিপদে বন্ধু হিসেবে। হতাশায় আশার আলোকবর্তিকা হয়ে। অসহায় অবস্থায় অভিভাবক হয়ে। সর্বোপরি সকল পরিস্থিতিতে স্নেহ-দয়া ও ভালোবাসার অপার ভাণ্ডার হলেন মা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।রত্নগর্ভা সম্মাননা পাওয়ায় আবেগে আপ্লুত ফয়েজুন্নেছা বলেন, আমিও কোন মায়ের সন্তান। এই আনন্দ সব সন্তানদের আনন্দ। পৃথিবীর সব মায়েদের আনন্দ। আমাদের মনে রাখা উচিত, আজ যিনি সন্তান, তিনিই আগামী দিনের বাবা কিংবা মা। বৃদ্ধ বয়সে এসে মা-বাবারা যেহেতু শিশুদের মতো হয়ে যায়, তাই তাদের জন্য সুন্দর জীবনযাত্রার পরিবেশ তৈরি করাই সন্তানের কর্তব্য। এ সময় তিনি রত্নগর্ভা সম্মাননা দেয়ার জন্য কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

post
এনআরবি বিশ্ব

পোল্যান্ডে বাংলাদেশিদের জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী

পোল্যান্ডে বাংলাদেশিদের জাঁকজমকপূর্ণভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশটির রাজধানীতে ওয়ারশতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে হোটেল গ্ৰোমানের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটির বিভিন্ন প্রান্ত থেকে স্বতস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেয়। দীর্ঘদিন ধরেই পোল্যান্ডে বাংলাদেশিদের তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সম্প্রতি করোনা মহামারিজনিত বাধ্যবাধকতা এর অন্যতম কারণ। বর্তমান সরকারি নিষেধাজ্ঞা না থাকায় সব বয়সীদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। এ যেন পোল্যান্ডের বুকে এক টুকরো বাংলাদেশ!প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেতে উঠেছিল সেদিন। এ মিলনমেলা যেন প্রবাসে একটি ছোট বাংলাদেশে। ঈদ উপলক্ষে সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক এমনকি প্রবাসীদের বিদেশি স্বামী ও স্ত্রীরাও বাংলাদেশি পোশাকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফজলে রাব্বী। শুরু হয় ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গণসংগীত দিয়ে। এরপর তানিয়া আফরিনের কোরিওগ্ৰাফিতে নৃত্য পরিবেশন করেন ইশমাম ও তানিয়া। সংগীত পরিবেশন করেন মাহদীসহ আরও অনেকে।উৎসবে নানা আয়োজনের মধ্যে ছিল নারীদের পিলো পাসিং খেলা, ছেলেদের ফুটবল পাসিং, বড়দের মোরগ লড়াই, বাচ্চাদের মিউজিকাল চেয়ার ও ফান বক্স। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় দেশীয় খাবার দিয়ে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিদের, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের, অনুষ্ঠানে অর্থায়নকারী প্রতিষ্ঠানদের ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ড. মাহবুবুর রহমান ও শেখ এরশাদুর রহমান।সার্বিক আয়োজনে ছিলেন শরিফ আহমেদ, সিদ্দিকুর রহমান, তানিয়া আফরিন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানকে সফল করতে আর্থিক সহযোগিতা করেছে একুশ বাংলাদেশি প্রতিষ্ঠান।আমন্ত্রিত অতিথিদের সবাই অনুষ্ঠান উপভোগ করে আনন্দ করেছেন। সবাই এমন আয়োজন বেশি বেশি করতে জোর দেন। এছাড়াও পোল্যান্ডে সবাই একটি কমিউনিটি গড়ে তুলতে দাবি জানান। বিশেষ করে বাংলাদেশি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করতে জোর দেওয়া হয়।আহমেদ রাজ- পোলান্ড থেকে

post
এনআরবি বিশ্ব

কানাডার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কানিজ মৌলীর নির্বাচনী প্রচারণা

কানাডার অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কানিজ মৌলীর নির্বাচনী প্রচারণা শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বার্লিংটনের ৪০৪ পালাডিয়াম ওয়েতে বিপুল সংখ্যক সমর্থক স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে কানিজ মৌলী তার নির্বাচনী প্রচারণার ঘোষণা দেন।সরকারে ক্ষমতাসীন লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে কানিজ মৌলী ওকভিল নর্থ-বার্লিংটন এলাকা থেকে প্রভিন্সিয়াল পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।কানিজ মৌলী তাকে এবং লিবারেল পার্টিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অভিবাসী পরিবারের সন্তান হিসেবে অভিবাসীদের সংকট তিনি ভালোভাবেই বুঝতে পারেন। সেই সব সংকট দূর করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে ঘোষণা দেন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত ক্যানবেরা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে লাল সবুজের আলোকসজ্জায় সাজে ক্যানবেরার গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয় অস্ট্রেলিয়ার রাজধানীর এসব স্থাপনা।অস্ট্রেলিয়ার সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় সময় শুক্রবার (৬ মে) সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত এ আলোকসজ্জা প্রদর্শন করা হয়। প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এ আলোকসজ্জা উপভোগ করেন।এদিন বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোক সজ্জায় সজ্জিত করা হয় অস্ট্রেলিয়ার পুরাতন পার্লামেন্ট ভবন, ঐতিহাসিক জন গর্টন বিল্ডিং এবং ন্যাশনাল ক্যারিলিয়ন।এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ ন্যাশনাল ক্যারিলিয়নেও এরূপ আলোকসজ্জার প্রদর্শন করা হয়েছিল।

post
এনআরবি সাফল্য

টাওয়ার হ্যামলেটসে মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভুত লুৎফুর রহমান

বাঙালি অধ্যুষিত লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আবার মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত লুৎফুর রহমান।শুক্রবার সন্ধ্যায় তাকে নতুন মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তিনি বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগসকে প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে হারান।জন বিগস গত সাত বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করেন।এর আগে ২০১৪ সালে টাওয়ার হ্যামলেটসে দ্বিতীয়বারের মত মেয়র পুনর্নির্বাচিত হয়েছিলেন লুৎফর। তবে পরের বছর ভোট জালিয়াতি করে মেয়র হয়েছিলেন বলে প্রমাণিত হওয়ায় তখন নতুন করে ভোট হয়; যাতে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশি অধ্যুষিত বারা কাউন্সিলে প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।২০১৪ সালের ভোটে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আদালত পর্যন্ত গড়ায় এবং তাকে মেয়র পদ থেকে সরে দাঁড়াতে হয়। এ কারণে গত পাঁচ বছর তিনি নিবা‍র্চনে অংশ নিতে পারেননি।বির্তকিত লুৎফুরের বিরুদ্ধে উগ্র ইসলামি গোষ্ঠীকে মদদ দেওয়ার পাশাপাশি লন্ডনে থাকা একাত্তরের যুদ্ধাপরাধীদের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।এবার বৃহস্পতিবারের ভোটে আসপায়ার দলের প্রার্থী লুত্‌ফুর পেয়েছেন ৪০ হাজার ৮৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট। নির্বাচনে মোট ভোট পরে ৮৬ হাজার ৯টি।বিজয়ী হওয়ার পর লুৎফুর বলেন, “জনগণ আমাকে ও আমার দলকে আরেকবার সুযোগ দিয়েছেন টাওয়ার হ্যামলেটসকে এবং আমাদের ভবিষ্যতকে রিবিল্ড করতে। আমি সকল কমিউনিটর প্রত্যেককে সেবা দিতে চাই। আমি বাঙালি, অবাঙালি, সাদা-কালো সকল কমিউনিটির মানুষের কাছে কৃতজ্ঞ তারা দলে দলে এসে ভোট দিয়েছেন।“বারার মানুষের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তারা কোনটি সঠিক কোনটি ভুল তা বুঝতে পারেন। আমার বিরুদ্ধে প্রপাগান্ডার পরেও তারা আমাকে বিশ্বাস করেছেন। আমার উপর বিশ্বাস রেখেছেন।“প্রথম দফা প্রথম পছন্দের ভোট গণনায় লুত্‌ফুর ভোট পান ৩৯ হাজার ৫৩৩ এবং বিগস পান ২৭ হাজার ৮৯৪ ভোট। দুই প্রাথী‍র্র কেউ মোট ভোটের ৫০ শতাংশের ভোট পাননি তাই আবার দ্বিতীয় পছন্দের ভোট গণনা হয়।এতে দ্বিতীয় পছন্দের ভোটেও লুৎফুর এগিয়ে যান, যা মোট ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ। পরে তাকে নিবা‍র্চিত ঘোষণা করা হয়। তৃতীয় প্রার্থী লিবডেমের রাবিনা খান পেয়েছেন ৬ হাজার ৪৩০ ভোট।শনিবার টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলরদের নিবা‍র্চনের ভোট গণনা করা হবে। ৪৫টি কাউন্সিলার পদে লেবার ও লুৎফুররে আসপায়ার দলসহ অন্যান্য দলের প্রাথী‍ প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' আজ

মুক্তিযুদ্ধের সমর্থনে একাত্তরের 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' এর ৫০ বছর পূর্তিতে একই স্থানে এ আয়োজন করা হয়েছে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।দুই ঘণ্টার এই অনুষ্ঠানে মঞ্চে গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা কাদেরী কিবরিয়া। এ ছাড়া ঢাকার ব্যান্ড চিরকুট এবং জার্মানির রক ব্যান্ড স্করপিয়ন্স অংশ নেবে এ কনসার্টে।তবে 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' এর দুই উদ্যোক্তা জর্জ হ্যারিসন কিংবা পণ্ডিত রবিশংকরের পরিবারের কেউ সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে থাকছেন না।বুধবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরে কনসার্টের আয়োজক ‘হাইটেক পার্ক কর্তৃপক্ষ’।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, বিশ্বের দরিদ্র দেশগুলোর শিশুদের জন্য সাইবার নিরাপত্তা সহায়তা তহবিল গঠনের উদ্দেশ্য নিয়ে এই কনসার্টে আয়োজন করতে বাংলাদেশ সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অনুষ্ঠানের একমাত্র মিডিয়া পার্টনার বিটিভি। এছাড়া দেশের সাত কোম্পানি ওয়ালটন, সিটি গ্রুপ, আবুল খায়ের স্টিল, ইউনাইটেড গ্রুপ, বিকাশ, দারাজ এবং এডিএন পৃষ্ঠপোষকতা দিচ্ছে।  ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ এ আমন্ত্রণ না পাওয়ায় এর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংগঠন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটেরানস’ গত মাসে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনও করে।বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আয়োজনে গাইবে স্করপিয়ন্স‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ নিয়ে মুক্তিযোদ্ধাদের অসন্তোষ  এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে পলক বলেন, “নানাবিধ জটিলতায় কনসার্ট হচ্ছে কি হচ্ছে না এমন একটি পরিস্থিতিতে আমরা আবর্তিত হচ্ছিলাম। এমনকি ঢাকার শিল্পী গোষ্ঠি ‘চিরকুট’র সদস্যরাও দুদিন আগে ভিসা পেয়েছেন।“কনসার্ট নিয়ে সীমাহীন নীরবতা কিংবা গোপনীয়তা অবলম্বন করায় প্রবাসীরা আগে কিছুই জানতে পারেননি।”প্রতিমন্ত্রী বলেন, কনসার্টের জন্য বাংলাদেশ থেকে একাধিক মন্ত্রী, এমপি এবং বেশ কয়েকজন কর্মকর্তা এসেছেন, তবে সে সংখ্যা ২০ জনের বেশি হবে না।আরো কয়েকজন ব্যক্তি 'নিজ খরচে' এসেছেন জানিয়ে তিনি বলেন, “এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।”সংবাদ সম্মেলনে জানান হয়, প্রবাসে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্যিত, সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতারা কনসার্টের ফ্রি টিকিট পাচ্ছেন। ওই অডিটোরিয়ামের ১৪ হাজার আসনের বিপরীতে ৪ মে পর্যন্ত টিকিটি বিক্রি হয়েছে চার হাজারের মত। প্রতিমন্ত্রী বলেন, টিকেট বিক্রির হিসাব পাওয়ার পর তহবিলের পরিমাণও সংবাদ সম্মেলন করে জানানো হবে।নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুনিরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চাঁদপুর-২ এর এমপি নুরুল আমিন, সংসদ সদস্য অপরাজিতা হক, হাই টেক পার্ক কর্তৃপক্ষের এমডি বিকর্ণ কুমার ঘোষ বক্তব্য দেন।

post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় যেমন হলো ঈদ উদযাপন

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যর মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হন। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন এ উৎসব। করোনা মহামারীর কারণে বিগত দুটি বছর দেশটিতে সবাইকে ঘরোয়া ভাবেই কাটাতে হয়েছে ঈদ। তাই এবারের ঈদ আনন্দ সকলের কাছে একটু ভিন্ন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে ।    সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।ঈদুল ফিতরের জামাতে শরিক হতে স্থানীয়দের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরাও। তবে প্রতিটি মসজিদেই প্রবাসীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকে দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।এদিকে ঈদকে কেন্দ্র করে এবার মালয়েশিয়ার বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে থাকছে নানা ধরণের মুখরোচক খাবারের ব্যাপক আয়োজন।ঈদুল ফিতর উপলক্ষ্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারওয়ার দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।এছাড়াও চৌকিট বাংলাদেশি মসজিদ বায়তুল মোকাররম, কোতারায়া বাংলা মসজিদ, বুকিট বিনতাং বাংলাদেশি মসজিদ, সুবাংজায়া বাংলাদেশি মসজিদ, শ্রীমুডা বাংলাদেশি মসজিদ, ক্লাং, পেনাং, সুঙ্গাইবুলু, পুচং, মালাক্কা, পেনাং, জহুরবারু প্রদেশের বাংলাদেশি অধ্যুষিত এলাকা গুলোতে শত শত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রিংস টাউনে বসবাসকারী কামাল উদ্দিন নামে এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুঞা পৌরসভার মাস্টারবাড়ি।শুক্রবার স্প্রিংস টাউনে কামাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জানা গেছে, স্প্রিংস টাউনে ভবঘুরে অবস্থায় থাকতো; কোনো কাজকর্ম করতো না। দেশের সাথেও তার কোনো যোগাযোগ ছিলো না।প্রবাসী বাংলাদেশি তারভীর ভুুইয়া বাবু জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা মরদেহ দেশে নিতে নারাজ; তাই আগামীকাল সকালে স্প্রিংস কমিউনিটির পক্ষ থেকে কামালের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.