গ্রিসে সড়ক দুর্ঘটনায় সজিব খান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়। শনিবার স্থানীয় সময় রাতে এথেন্সের মেতারসুগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানতলিয়া এলাকার মাফুজ খানের ছেলে। সজিব খান চার বছর আগে গ্রিসে পাড়ি জমান। তিনি সিজনাল কর্মী হিসেবে আইল্যান্ডের রেস্টুরেন্টে কাজ করতেন। থাকতেন এথেন্সের ইপীরু এলাকায়।
জানা যায়, বন্ধু ফাহিমকে নিয়ে সজিব ওমোনিয়া এলাকায় বাজার করতে মোটরসাইকেলে চড়ে রওনা হন। পথে মেতারসুগিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সজিব। আহত ফাহিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এথেন্সের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে,আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশ পাঠানো হবে।
