সৌদি আরবের রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশন উপপ্রধান মোঃআবুল হাসান মৃধা। জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মিশন উপপ্রধান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তার হৃদয়ের গভীর থেকে উৎসারিত। তিনি বলেন- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী ভাষণ। তিনি আরো ও বলেন- যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকালে বাংলাদেশের সকল খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন।
মিশন উপপ্রধান বলেন- বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের স্মার্ট বাংলাদেশে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য প্রবাসীদের আহবান জানান।
