post
প্রযুক্তি

তরুণদের পছন্দের শীর্ষে টেলিফটো লেন্স!

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি ‘মিডিয়া প্রিভিউ ইভেন্ট ২০২৪’ এর আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। অনুষ্ঠানে রিয়েলমি ১২ প্রো সিরিজে একটি ফ্ল্যাগশিপ পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইভেন্টে পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি এবং বিলাসবহুল ঘড়ির ডিজাইনের ফিচার সমৃদ্ধ রিয়েলমি ১২ প্রো সিরিজটি অংশগ্রহণকারীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চলতি বছর থেকে রিব্র্যান্ডিংয়ের ঘোষণার পর রিয়েলমি প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আনলো রিয়েলমি ১২ প্রো সিরিজটি। রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি সম্প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রিয়েলমি প্রেমীদের জন্য একটি খোলা চিঠি লেখেন। এ চিঠিতে তিনি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের বছর হিসেবে ঘোষণা করেন। এজন্য ‘মেক ইট রিয়েল’ শীর্ষক একটি নতুন স্লোগানও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিজেকে এমন একটি টেক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে যা তরুণ ব্যবহারকারীদের টেক চাহিদা আরও ভালোভাবে উপলব্ধি করার পাশাপাশি তা পূরণেও কাজ করবে। নতুন ব্র্যান্ড পজিশনিং এর মাধ্যমে, রিয়েলমির এ নম্বর সিরিজ নেক্সট-জেন ইমেজিং এর ভবিষ্যত হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করবে। রিব্র্যান্ডিং এর পর রিয়েলমি’র আনুষ্ঠানিক যোগাযোগের প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এই মিডিয়া ইভেন্টকে। রিয়েলমি’র করা এক গবেষণায় দেখা গেছে, তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ৩ গুণ বা তারও বেশি টেলিফটো লেন্স পছন্দ করে, যা মূলত ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করা হয়। তাই তরুণ প্রজন্মের পছন্দের কথা বিবেচনা করে, রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে একটি ফ্ল্যাগশিপ-এক্সক্লুসিভ পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রিয়েলমি ১২ প্রো সিরিজটি রাতে ছবি তোলার সময় আশেপাশের উজ্জ্বলতা কমিয়ে সাবজেক্টকে আরও স্পষ্ট করে তোলে। স্বাভাবিক ছবি তোলার জন্য ৭১ এমএম গোল্ডেন ফোকাল লেংথের পাশাপাশি এতে রয়েছে একটি ৩ গুণ পোট্টেট মোড। ডিভাইসটিতে আরও রয়েছে অসাধারণ টেলিফটো সক্ষমতা, যা গ্রাহককে দিবে ১২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমের অনন্য অভিজ্ঞতা। স্মার্টফোনের পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে রিয়েলমি ১২ প্রো সিরিজটিতে। সিরিজের টেলিফটো লেন্সটির আলো-সংবেদনশীলতা আইফোন ১৫ প্রো এর তুলনায় প্রায় ৩ গুণ বেশি। রিয়েলমি ১২ প্রো সিরিজের মূল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯০ ওআইএস ফিচার। এই ক্যামেরায় রয়েছে একটি ১/১.৫৬ ইঞ্চির বৃহৎ সেন্সর, একটি ২৪ এমএম এর সমপরিমাণ ফোকাল লেংথ, এবং একটি বিস্তৃত এফ/১.৮ অ্যাপারচার। এই সিরিজে রয়েছে একটি পেরিস্কোপ টেলিফটো ও আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। এতে আছে ০.৬ গুণ, ১ গুণ, ২ গুণ, ৩ গুণ ও ৬ গুণ লসলেস জুমের সুবিধা।

post
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আরও নিরাপদ থাকার ৫ উপায়

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা দিয়ে থাকে। সহজ ভাষায়, আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কথা বলছেন, সেটা আপনি এবং যাকে পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ জানবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এই বার্তাগুলো বুঝতে পারবে না। কারণ, গোপন সংকেতে এগুলো লুকিয়ে রাখা হয়। এরপরও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হতে পারেন। আপনি যদি সন্দেহ করেন, কেউ হোয়াটসঅ্যাপে আপনার ওপর নজর রাখছে এবং আপনি আরও নিরাপদ থাকতে চাচ্ছেন, তবে নিচের এই পাঁচটি সেটিংস চালু রাখুন। ১. প্রথমে দেখতে হবে আপনি যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর চ্যাট বা বার্তাগুলো ‘এনক্রিপ্টেড’ আছে কি না। এটি যাচাই করার জন্য, চ্যাট করার সময় থ্রি ডটস অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ভিউ কনট্যাক্ট’থেকে ‘এনক্রিপশন’মেনুতে গিয়ে সবুজ রঙের তালা (লক) চিহ্ন দেখলে বুঝতে হবে চ্যাটটি নিরাপদ আছে। ২.আপনি যদি চান কাউকে পাঠানো বার্তাগুলো আপনাআপনি হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাক, সেটিও করা যাবে। সে জন্য আবারও থ্রি ডটস অপশনে গিয়ে ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করতে হবে। সেখান থেকে নির্দিষ্ট সময় ঠিক করে দিলেই, বার্তাগুলো নির্ধারিত সময়ের পর হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাবে। ৩.আপনি যদি আরও নিরাপদ হতে চান তবে হোয়াটসঅ্যাপের বার্তাগুলো যেখানে সংরক্ষিত (ব্যাকআপ) রাখা হয় সেখানেও ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করতে পারবেন। ফলে গুগল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানও আপনার বার্তাগুলো দেখতে পাবে না। এটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস অপশনে যেতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ-এ গিয়ে এন্ড টু এন্ড এনক্রিপশন একটি পাসওয়ার্ড দিয়ে চালু করা যাবে। তবে মনে রাখবেন, এই পাসওয়ার্ড ভুলে গেলে গুগল থেকে তথ্য ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই। ৪.চাইলে যার সঙ্গে কথা বলছেন তাঁর চ্যাট লক করে রাখা যাবে। এর ফলে কেউ আপনার ফোন হাতে পেলেও আপনার পাঠানো বার্তাগুলো পড়তে পারবে না। এটি করার জন্য ভিউ কনট্যাক্ট-এ গিয়ে চ্যাট লক অপশন চালু করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের পর্দায় (হোমস্ক্রিন) লকড চ্যাট নামের একটি মেনু চলে আসবে। চ্যাট করার জন্য প্রতিবারই সেখানে লক খুলে ঢুকতে হবে। ৫.আপনি যদি হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে কল আসা বন্ধ করতে চান তবে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখান থেকে সাইলেন্স আননোন কলার চালু করে দিলেই অপরিচিত নাম্বার থেকে আসা কল বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।

post
প্রযুক্তি

সাইবার হামলাসহ নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন বাংলাদেশীরা

অভিবাসনের জন্য জার্মানীসহ অন্তত ১৭০টি দেশে রয়েছেন বাংলাদেশীরা। দেশের আর্থ সামাজিক উন্নয়নেও গুরুপূর্ণ অবদান রাখছেন এসব প্রবাসীরা। কিন্তু সাইবার হামলাসহ নানান সমস্যার সম্মুখিন হচ্ছেন অনেক বাংলাদেশী। এসব অপরাধ থেকে মুক্তি পেতে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আহবান জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রবাসীরদের এ অর্থ। ইউরোপের দেশ জার্মানীও রয়েছে এই সারিতে। কিন্তু উন্নত বিশ্বের এ দেশটিতে হরহামেশাই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে অদক্ষতার কারণে সৃষ্টি হচ্ছে এ সংকট। প্রতারক চক্রের সাথে জড়িত রয়েছে কোন কোন বাংলাদেশীরাও। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়ের কারণেই প্রতারানার পথ বেছে নিচ্ছেন কিছু বাংলাদেশী। এদিকে সাইবার প্রতারণা ঠেকাতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতারা। দেশে সাইবার প্রতারণা জালের মতো ছড়িয়ে পড়ছে। মহামারী এ সংকট নিরসনে আইনী কঠোরতার আহবান বিশেষজ্ঞদের।

post
প্রযুক্তি

এবার ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে গুগল

২০২২ সালে বিশ্বের উন্নত দেশগুলোর প্রযুক্তি কোম্পানিগুলোতে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে। ২০২৩ সালেও সেই ধারা কমবেশি অব্যাহত ছিল। এবার বছরের শেষ প্রান্তে এসে জানা গেল, প্রযুক্তি খাতের মহিরুহ কোম্পানি গুগলে আবারও বিপুল পরিমাণ ছাঁটাই হতে পারে। এবার ৩০ হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে। ছাঁটাইয়ের কারণ আর কিছু নয়, সেই বহুল চর্চিত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। গুগল এখন তাদের বিজ্ঞাপন বিক্রয় বিভাগকে পুনর্গঠন করছে। কারণ, তাদের দৈনন্দিন কার্যসম্পাদনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। সে কারণে উদ্বেগ তৈরি হয়েছে যে এই বিজ্ঞাপন বিক্রয় বিভাগে বড় ধরনের ছাঁটাই হতে পারে এবং সেই সংখ্যা ৩০ হাজার পর্যন্ত উঠতে পারে। হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, সম্প্রতি গুগলের বিজ্ঞাপনসংক্রান্ত আন্তবিভাগীয় বৈঠকে এ ছাঁটাইয়ের বিষয়টি আলোচিত হয়েছে। গুগল নতুন প্রজন্মের এআইভিত্তিক বিজ্ঞাপন চালু করার পর এ বাস্তবতা তৈরি হয়েছে। এআইভিত্তিক বিজ্ঞাপন সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করেছে। এর মাধ্যমে গুগল গ্রাহকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওয়েবসাইট স্ক্যান করা ও স্বয়ংক্রিয়ভাবে কি–ওয়ার্ড তৈরির সুযোগ দিচ্ছে এবং সেই সঙ্গে শিরোনাম, ছবি ও বিজ্ঞাপনের অন্যান্য সুবিধাও দিচ্ছে। গত কয়েক বছরে এআই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক ল্যাবরেটরিতে এ নিয়ে নানামুখী গবেষণা হচ্ছে এবং কীভাবে এর মাধ্যমে কোম্পানির কার্যক্রম আরও মসৃণভাবে পরিচালনা করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। ২০২২ সালজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোতে বিপুল ছাঁটাই হয়েছে। সেবার গুগলের ১২ হাজার কর্মীর চাকরি চলে যায়। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই; বলেছেন, কী কারণে এই কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো। সুন্দর পিচাই বলেন, এই ছাঁটাইয়ের কারণে কর্মীদের মনোবল দুর্বল হয়ে গেছে। যদিও পিচাই সেই ছাঁটাইয়ের সাফাই গাইতে গিয়ে বলেছেন, ছাঁটাই করা না হলে ভুল হতো। পরিস্থিতি খুব কঠিন ছিল, কিন্তু ছাঁটাই প্রয়োজনীয় ছিল বলে তাঁর মত।সুন্দর পিচাই বলেন, ছাঁটাই করা না হলে কোম্পানিতে জনবলের আধিক্য হতো, ফলে এখন এআইসহ বিভিন্ন খাতে যে বিনিয়োগ করতে হচ্ছে, তা খুবই কঠিন হয়ে যেত।

post
প্রযুক্তি

ফেসবুকের মুখপাত্রকে ওয়ান্টেড তালিকাভুক্ত করল রাশিয়া

বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফরমের কর্মকর্তা ও মুখপাত্র অ্যান্ডি স্টোনকে ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।তবে বিজ্ঞপ্তিতে এই তথ্যটি ব্যতীত বিস্তারিত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতি রাশিয়া কঠোর হওয়া শুরু করেছে মূলত ইউক্রেনের সঙ্গে দেশটির যুদ্ধ বাঁধার পর থেকে। ফেসবুক ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের পক্ষে অবস্থান নেওয়াই এই কঠোরতার মূল কারণ।২০২২ সালের ফেসবুককে ‘সন্ত্রাসী ও চরমপন্থী সংস্থা’ হিসেবে আখ্যা দেয় রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও প্রদান করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ায় বন্ধ রয়েছে ফেসবুক, এটি অঙ্গপ্রতিষ্ঠান ইনস্টাগ্রাম এবং অপর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। প্রতিটির বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য বিশ্বের প্রতি একক পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে মস্কো।যুদ্ধের আগ পর্যন্ত এই তিনটি সামাজিক যোগাযোগমাধ্যমই ব্যাপকভাবে ব্যবহার করতেন রাশিয়ার নাগরিকরা। বিশেষ করে তরুণ রুশদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ছিল ইনস্টাগ্রাম।

post
প্রযুক্তি

তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে দেশে দক্ষ জনশক্তি তৈরীর আহবান স্পিকারের

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে দেশ অনেকটা এগিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর অ্যাগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুলের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।স্পিকার জানান, দক্ষ জনশক্তি তৈরিতে মটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এ পর্যন্ত প্রায় ৪৮ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত করেছে।যা অত্যন্ত গৌরবের বিষয়।মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার ক্ষেত্রে কারিতাস বাংলাদেশ অবদান রেখেছে বলেও জানান স্পিকার।

post
প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বে ১১১তম বাংলাদেশ

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গড় গতির পরিমাপের এক তুলনামূলক চিত্র পাওয়া যায় 'স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স' নামের নিরীক্ষায়। এই সূচক অনুযায়ী ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৪২ দেশের মধ্যে ১১১তম অবস্থান পেয়েছে বাংলাদেশ। ওকলার ওয়েবসাইটে অক্টোবরের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে আপলোড ও ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাই সহ অন্যান্য বিষয় আমলে নেওয়া হয়েছে।ওকলার প্রতিবেদন মতে, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২০ দশমিক ৬৬ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১০ দশমিক ০৬ এমবিপিএস৷২০২২ এর নভেম্বরে এই জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১১৯ তম। সে অবস্থান থেকে প্রায় এক বছরে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে ডাউনলোডের গড় গতি ছিল ১৩ দশমিক ৯৫ এমবিপিএস, আপলোডের গতি ছিল আট এমবিপিএসেরও কম। তালিকার শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত। ডাউনলোডের ক্ষেত্রে গতি ২৬৯ দশমিক ৪১ এমবিপিএস ও আপলোডের ক্ষেত্রে গতি ২৫ দশমিক ৪৯ এমবিপিএস৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাতার ও নরওয়ে। অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে কিউবা।mলাতিন আমেরিকার দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৩ এমবিপিএস। ১৪১ ও ১৪০ তম অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান ও ইয়েমেন।ব্রডব্যান্ড ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডে ৩৮ দশমিক ৬৫ এমবিপিএস ও আপলোডে ৩৯ দশমিক ৯১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের তুলনায় এগিয়ে থাকলেও গত বছরের তুলনায় র‍্যাংকে পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি, ইন্টারনেট, রবি আজিয়াটা, গ্রামীণফোন, বাংলালিংক,বৈশ্বিক ব্রডব্যান্ড ইন্টারনেট গতির র‍্যাংকিংয়ে বাংলাদেশ ২০২২ এর নভেম্বরে ১০২ অবস্থান থেকে পিছিয়ে এ বছর ১০৮ তম অবস্থানে গেছে। প্রতিবেদনে বাংলাদেশের ইন্টারনেট গতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোরও তুলনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে নেপাল (৮৭) ও ভারত (৮৯) বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে।

post
প্রযুক্তি

চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআইয়ের সিইও

কৃত্রিমবুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেনএআইয়ের সিইও স্যাম আল্টম্যানকে বরখাস্ত করা হয়েছে। চ্যাটজিপিটি, ড্যাল-ই ৩, জিপিটি-৪ এর মতো বিশ্বখ্যাত চ্যাটবটগুলোর উদ্ভাবক হলো এই ওপেনএআই। বরখাস্ত হওয়ায় ওপেনএআইয়ের বোর্ড অব ডিরেক্টরসের পদও ছাড়তে হবে স্যাম আল্টম্যানকে। ওপেনআই তাদের অফিসিয়াল ব্লগে একটি পোস্টে জানিয়েছে, ‘প্রতিষ্ঠানের বোর্ডের সুচিন্তিত পর্যালোচনার পর’ অ্যাল্টম্যানকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পোস্টে আরও জানানো হয়, ‘বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অ্যাল্টম্যান অকপট ছিলেন না। এরমাধ্যমে প্রতিষ্ঠানের যে দায়িত্ব আছে সেটি বাধাগ্রস্ত হচ্ছিল।’এতে আরও বলা হয়েছে, ‘ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অ্যাল্টম্যানের ওপর বোর্ডের আর কোনো ভরসা নেই।’ বরখাস্ত হওয়ার পর অ্যাল্টম্যান মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘ওপেনএআইয়ের সঙ্গে থাকা সময়গুলোকে আমি ভালোবাসি। এটি আমার জন্য ব্যক্তিগতভাবে যুগান্তকারী ছিল। আশা করি বিশ্বের জন্যও কিছুটা ছিল। এ ধরনের মেধাবি মানুষের সঙ্গে কাজ করার বিষয়টিকে খুবই পছন্দ করেছি। পরবর্তীতে কি হবে এ ব্যাপারে অনেক কিছু বলার আছে।’ওপেনএআইয়ে নেতৃত্বে হঠাৎ এ নাটকীয় পরিবর্তনের মাধ্যমে দেখা যাবে গ্রেগ ব্রোকম্যান— যিনি ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন— তিনি বোর্ডের চেয়ারম্যানের পদ ছাড়বেন। তবে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে তার পদ বহাল থাকবে।ওপেনএআই জানিয়েছে, তারা আগামী কয়েকদিনের মধ্যে নতুন স্থায়ী সিইও খোঁজার কাজ শুরু করে দেবে। সিইওর পদ হারানো স্যাম অ্যাল্টম্যান ওপেনএআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সহপ্রতিষ্ঠা ছিলেন।

post
প্রযুক্তি

সরকারি ডাটা নিশ্চিতে মেঘনা ক্লাউড হতে পারে ইতিবাচক সমাধান : আইসিটি সচিব

সরকারি ডাটা নিশ্চিতে মেঘনা ক্লাউড একটি ইতিবাচক সমাধান হতে পারে বলে জানিয়েছেন আইসিটি সচিব শামসুল আরেফিন।ব্র্যাক ইন-এ জেননেক্সট টেকনোলজিস লিমিটেড আয়োজিত 'স্মার্ট বাংলাদেশে সাইবার নিরাপত্তা : ডাটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো-সিআইআই এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। আইসিটি সচিব জানান,আগামীতে ‘পেপারলেস’ এবং ‘ক্যাসলেস’ হয়ে যাবে, তখন সবকিছু ক্লাউডেই থাকবে। ভবিষ্যতে সকল উন্নয়ন পরিকল্পনা ডাটা ড্রিভেন উপায়ে নিতে হবে। এসব ডাটা যেখানেই রাখা হয় না কেন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেমিনারে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার-সিআইআই তালিকাভুক্ত ৩৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

post
প্রযুক্তি

আওয়ামীলীগ সরকার আমলে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করে : স্পীকার

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করে বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।রবিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের স্পিকার বলেন, সাংবাদিকদের কাজে বর্তমান সরকারের কোনো চাপ নেই। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে এসময় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী’সহ অন্যরা উপস্থিত ছিলেন ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.