post
প্রযুক্তি

এক মাসের ব্যবধানে ব্যবহারকারী হারাতে শুরু করেছে থ্রেডস!

লোগো পরিবর্তন হলেও মাইক্রোব্লগিং বাজার দখল করে রেখেছে টুইটার। টুইটারকে টক্কর দেওয়ার জন্য মেটা প্রধান মার্ক জুকারবার্গ জুলাইয়ের শুরুতে থ্রেডস অ্যাপ চালু করেন। প্রথমদিকে বিশ্ব জুড়ে দৈনিক নতুন ব্যবহারকারীর হিসেবে টুইটারকে ভালোই টক্কর দিয়েছিল এই নতুন অ্যাপ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, যাত্রা শুরুর একমাসের মধ্যেই থ্রেডসের ব্যবহারকারীর সংখ্যায় ব্যাপক ধস নেমেছে। প্রথম ৩০ দিনেই প্রায় ৭৯ শতাংশ ব্যবহারকারী হারিয়েছে থ্রেডস।সিমিলারওয়েবের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ জুলাই এই থ্রেডস অ্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৯.৩ মিলিয়ন। সেখানে ঠিক একমাসের ব্যবধানে ৭ আগস্টে ওই অ্যাপে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০.৩ মিলিয়নে। আবার ৭ জুলাইয়ের হিসাবে বিশ্ব জুড়ে থ্রেডস অ্যাপের সক্রিয় ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ১৪ মিনিট সময় ওই অ্যাপে ব্যয় করতো। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই থ্রেডস ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ২১ মিনিট সময় ওই অ্যাপে ব্যয় করত। সাম্প্রতিক রিপোর্টে সেই সময়টা কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৩ মিনিটে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, টুইটারের দৈনিক ব্যবহারকারীর সংখ্যার কাছে থ্রেডসের ব্যবহারকারীর সংখ্যা প্রায় কিছুই নয়। বর্তমানে বিশ্বজুড়ে টুইটারের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়নেরও বেশি। যারা টুইটারে প্রতিদিন গড়ে ২৫ মিনিট সময় কাটান। আনুষ্ঠানিক যাত্রার সময় প্রযুক্তি বিশেষজ্ঞরা এই অ্যাপকে ‘টুইটার কিলার’ হিসেবে অভিহিত করছিল। উন্মুক্ত হওয়ার ৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ ব্যবহারকারী এতে অ্যাকাউন্ট খুলেছিলেন। মার্ক জুকারবার্গ বলেছিলেন, ‘এটি বড় হতে সময় নেবে। কিন্তু আমি মনে করি ১০০ কোটি ব্যবহারকারী সমৃদ্ধ একটি কথোপকথন অ্যাপস থাকা উচিত। সুযোগ থাকা সত্ত্বেও টুইটার এটি করতে পারেনি। তবে আশা করি আমরা পারব।’

post
প্রযুক্তি

আসল ও নকল আইফোন চিনবেন যেভাবে

একটা আইফোন কেনার শখ নেই, এমন মানুষ পাওয়া দায়। মানুষ যে পেশারই হোক না কেন, সবারই শখের মোবাইলের নাম আইফোন। অনেকেই একটু একটু করে টাকা জমিয়ে কেনেন আইফোন। কিন্তু এত শখ করে, এত দাম দিয়ে যে ফোনটি কিনছেন, সেটি আসল নাকি নকল তা বুঝবেন কীভাবে? বাংলাদেশে আইফোনের কোনো নিজস্ব শোরুম নেই, কিন্তু বেশ কিছু অফিসিয়াল রিসেলার ব্রান্ড আছে। তবে, অফিসিয়াল ব্রান্ড রিসেলার শোরুম থেকে না কিনে যদি অন্য কোনো দোকান থেকে আইফোন কেনা যায়, তাহলে অনেক কম দামে একই মডেলের আইফোন পেতে পারেন। আবার অনেকে নতুন আইফোন কেনার বাজেট মেলাতে হিমশিম খান। ফলে, তারা পছন্দের তালিকায় সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত আইফোনকে জায়গা দিতে বাধ্য হন। আইফোনের ব্যাপক চাহিদা থাকায় নকল আইফোনও রয়েছে বাজারে। আসল আইফোনের আদলে পাওয়া যায় নকলটা। অনেক বিক্রেতাই গ্রাহকের কম ধারণার সুযোগ নিয়ে নকল আইফোন বিক্রি করছেন এবং অজান্তেই এসব ফোন কিনে প্রতারিত হচ্ছেন গ্রাহক। কেনার আগে অবশ্যই আইফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরের সঙ্গে বক্সের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে হবে। আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে ক্লিক করে অ্যাবাউট নির্বাচন করলেই আইএমইআই নম্বর পাওয়া যাবে। তারপর http://checkcoverage.apple.com ওয়েবসাইটে ব্রাউজ বরে ফোনের আইএমইআই নম্বর ভেরিফাই করে দেখতে পারেন যে ফোনটি আসল নাকি নকল। যদি অ্যাপলের ওয়েবসাইটে আপনার দেওয়া আইএমইআই নম্বরটি ভুল দেখায় বা কোনো তথ্য না দেখায়, তাহলে বুঝবেন ওই ফোনটি নকল। আর আইফোনটির সব তথ্য যদি সেখানে দেখায়, তাহলে বুঝবেন ফোনটি অ্যাপলের অফিসিয়াল। এ ছাড়া, *#06# ডায়াল করে ফোনের আইএমইআই নম্বর বের করতে পারবেন এবং অ্যাপলের ওয়েবসাইট থেকে ফোনটি যাচাই করতে পারবেন। আইএমইআই নম্বর দিয়ে সার্চ করলে আপনি ফোনের সকল তথ্য সেখানে দেখতে পারবেন।

post
প্রযুক্তি

টাকা আয়ের পথ সহজ করল ইউটিউব

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। টেক জায়ান্ট গুগলের এই প্ল্যাটফর্মটি বিনোদনের অন্যতম মাধ্যম। নাটক, সিনেমাসহ বিভিন্ন ক্লাসের লেকচার পাওয়া যায় সহজেই। দিনের বেশিরভাগ সময় অনেকে ইউটিউবে নাটক, সিনেমা বা বিভিন্ন টিউটোরিয়াল দেখে কাটান। তবে ইউটিউব দেখে সময় নষ্ট না করে ইউটিউবকে কাজে লাগিয়ে আয় করতে পারেন লাখ লাখ টাকা। অনেকে মনে করেই ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই বুঝি আয় করা যায়। এই ধারণা একেবারেই ভুল। কারণ ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউবের শর্ত মতো আপনার ভিডিওতে ভিউ হতে হবে।ইউটিউবের শর্তানুযায়ী চ্যানেলে ১ বছরের মধ্যে কমপক্ষে ১ হাজার গ্রাহক থাকতে হবে। তাহলেই আয় কর যাবে। তবে এখন ইউটিউবের নতুন সিদ্ধান্তে বলা হয়েছে মাত্র ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই সেই চ্যানেল থেকে আয় করা সম্ভব হবে। এমনকি ভিডিও দেখার সময় ৪ হাজার ঘণ্টার বদলে ৩ হাজার ঘণ্টায় কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি আবেদনের ৯০ দিনের মধ্যে কমপক্ষে ৩টি ভিডিও আপলোড করতে হবে। ফলে নতুন এ নীতিমালার আওতায় সহজেই নতুন চ্যানেলগুলো ইউটিউব থেকে আয় করা বা মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবে।‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম ২০২৩’ নীতিমালায় ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের এই নতুন শর্ত দেওয়া হয়েছে ব্যবহারকারীকে। অর্থাৎ এখন আপনার চ্যানেলে ১ বছরের মধ্যে কমপক্ষে ৫০০ গ্রাহক এবং যে কোনো বা সব ভিডিওতে ৩ হাজার ঘণ্টা ‘ভিউয়ারশিপ টাইম’ থাকলেই চ্যানেল থেকে আয় করতে পারবেন ব্যবহারকারী। বর্তমানে এই সুবিধা পাবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার ইউটিউব ব্যবহারকারীরা। খুব শিগগির সব দেশের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলেই ধারণা করা হচ্ছে।

post
প্রযুক্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড বুটক্যাম্প

গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন এখন সময়ের দাবি, এ লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে সব স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতা। এ ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় “আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ' এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের বুট ক্যাম্পের আয়োজন করেছে আইটেসারেক্ট টেকনোলজিস। যার আবেদনের সুযোগ থাকছে ৩১ জুলাই পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সারাদেশে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডটি আয়োজন করেছেন আইটেসারেক্ট টেকনোলজিস। অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে ৮টি ভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ আবদুল হামিদ বলেন, 'চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতাসমূহের ওপর গুরুত্বারোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে সব শিক্ষার্থীকে সচেতন ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য। অলিম্পিয়াডে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরষ্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপের জন্য যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা'।মোট ছয়টি স্তরের শিক্ষার্থীরা এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। স্তরগুলো হচ্ছে প্রথম-পঞ্চম শ্রেণি, ষষ্ঠ-দশম শ্রেণি, কলেজ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পলিটেকনিক শিক্ষার্থী ও মাদরাসা শিক্ষার্থী। এ আয়োজন নিয়ে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বুটক্যাম্প করা হবে। প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপের জন্য থাকবে ৫০ হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আইটেসারেক্ট টেকনোলজিস আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে (www.nationalsteamolympiad.com) নিবন্ধন করতে হবে। আগামী ২০ শে জুন থেকে অফিসিয়াল রেজিস্ট্রেশন শুরু হবে। স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটেসারেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সমন্বয়ক মোহাম্মাদ আবদুল হামিদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের ও সমন্বয়ক সাকাওয়াত হোসেন। 

post
প্রযুক্তি

দেশে প্রথমবারের জেসিআইয়ের স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো

স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর স্মার্ট যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এগিয়ে এসেছে বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ করা স্বেছাসেবী সংগঠন জেসিআই বাংলাদেশ। জেসিআই বাংলাদেশ এর আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট-এটুআই এর সহযোগিতায় আগামী ৯-১০ জুন ২০২৩ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩”।মঙ্গলবার (৬ জুন) সকালে, সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান এসপায়ার টু ইনোভেট-এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব জিয়াউল হক ভূঁইয়া।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল জনাব নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআই বাংলাদেশ এর ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব ইমরান কাদির এবং এটুআই প্রোগ্রাম এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ম্যানেজার পূরবী মতিন, জেসিআই পাইওনিয়ারের লোকাল প্রেসিডেন্ট আল শাহরিয়ার। স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’র উদ্যোগ নিয়েছেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার তাহসিন আজিম সেজান, মুহাম্মাদ আলতামিশ নাবিল, আরিজ আফসার খান, মোঃ এজাজুল হাসান খান, রেজয়ান উল হক, ষ্টিভ বেনেডিক্ট ডি’সিলভা, শান শাহেদ, শাখাওয়াত হোসেন, ফাহিম আহমেদ ও মো. ফজলে মুনিম।সংবাদ সম্মেলনে এসপায়ার টু ইনোভেট-এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন “সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে, এগুলো হচ্ছে—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সৃষ্টিশীল তরুণদের সংগঠন জেসিআই বাংলাদেশ যে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে সেজন্য তারা প্রশংসা পাওয়ার দাবি রাখে। তাদের এই অনুষ্ঠানটির সফল করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবো।”জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া বলেন “আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশে “স্মার্ট বাংলাদেশ” শীর্ষক এতো বড় আয়োজন এটাই প্রথম। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য মাত্রার সাথে জেসিআই বাংলাদেশ সংগঠনের তারুণ্যদীপ্ত অংশগ্রহণ এক ভিন্ন মাত্রা যোগ করবে ।”তিনি আরও বলেন “অনুষ্ঠানে এবছরই প্রথম জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিউর বা সিওয়াইই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হচ্ছে এই সেশনটিতে প্রায় ২৫০জন তাদের উদ্ভাবনী ব্যবসার আইডিয়া শেয়ার করেন এর মধ্যে থেকে ১৫ জন্ বিজয়ীর জন্য রয়েছে ৩.৫ লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার, তাদের ব্যবসাকে জেসিআই এর বিশ্ব প্লাটফর্মে দেখানোর সুযোগ এবং ভেঞ্চার ক্যাপটালস্টদের থেকে আরও ফান্ডিং জেনারেশন এর সুযোগ।”জেসিআই বাংলাদেশ এর ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব ইমরান কাদির বলেন “এক্সপো আয়োজনের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক নামী ব্র্যান্ডগুলো তাদের ভবিষ্যত স্মার্টসল্যুশন প্রদর্শন করার সুযোগ পাবে”। উক্ত আয়োজনের প্রধান আহ্বায়ক জনাব তাহসিন আজিম সেজান বলেন “২দিন ব্যাপি অনুষ্ঠানে মোট ১১টি বিশেষ অধিবেশন বা সেশন থাকছে, উক্ত সেশনগুলোতে দেশ এবং দেশের বাইরের বিশেষজ্ঞ ও বক্তারা উপস্থিত থাকবেন”।

post
প্রযুক্তি

জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী উদ্বোধন করলেন পলক

আইসিটি বিভাগের উদ্যোগে উদ্বোধন হয়েছে জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আগারগাঁওস্থ বিসিসি অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে দেশের সাধারণ জনগণকে বাংলায় ইন্টারনেট ব্যবহারে সহায়তা প্রদানে “জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনী” এর উদ্বোধন করেন।অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেছেন ‘ঐতিহাসিক ৭ই মার্চে সাড়ে ৭ কোটি মানুষকে বঙ্গবন্ধু যে তর্জনীর ইশারা দিয়েছিলেন, সেই তর্জনীর ইশারায় দেশের ব্যাংক, বীমা, অফিস আদালতসহ সবকিছুই পরিচালিত হয়েছিল। তর্জনী উঁচিয়ে জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দিয়েছিলেন। কীভাবে একটি সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা ও ঝাপিয়ে পড়তে আহ্বান জানান।অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার এর সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন এবং ডিজিটাল লিটারেসি সেন্টারের প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল আলম খান।প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। এই স্মার্ট বাংলাদেশের সুফল পেতে হলে আমাদের শুধু বিদেশ নির্ভর সেবার ওপর নির্ভর করে থাকলে চলবে না। আমাদের স্বাবলম্বী হতে হবে। আমরা এমন একটি ‘স্মার্ট বাংলাদেশ ইকোসিস্টেম তৈরি করতে চাই, যেটি হবে স্বাবলম্বী। সেই স্বাবলম্বী স্মার্ট বাংলাদেশের জন্য আমরা এনেছি তর্জনী। পলক বলেন, আমরা আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশ গড়তে চাই যেখানে আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকবে, নিজস্ব ব্রাউজারে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করবে। আমরা শুধু ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করবো না, আমাদের দেশ থেকেও গুগল, অ্যামাজন, ফেসবুক ও আলীবাবার মতো বিলিয়ন-ট্রিলিয়ন ডলারের কোম্পানি তৈরি ও উদ্ভাবনে তরুণদের সহযোগিতা করাই আমাদের আইসিটি বিভাগের মূল উদ্দেশ্য। সেই ক্ষেত্রে তর্জনী প্রকাশের মাধ্যমে আজ একটা বিশাল অগ্রগতি হলো। এখানে সরকারের বিভিন্ন সেবা, নিউজপোর্টাল ও বিনোদনের ব্যবস্থা রয়েছে।উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এস্টাবলিসমেন্ট অব সিকিউরড ই-মেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার এর উদ্যোগে চালু করা ‘তর্জনী’ ব্রাউজার। গুগল ক্রোম একটি দ্রুত এবং নিরাপদ ব্রাউজার, যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অন্যদিকে তর্জনী ব্রাউজারটি তৈরি করা হয়েছে বাংলা ভাষা ব্যবহারকারীদের ভাষাগত জটিলতা দূরীকরণের জন্য। ব্রাউজারটিতে শুধু বাংলা নয়, ব্যবহারকারীদের জন্য রয়েছে ইংরেজি ভাষাও। অ্যাপল এবং গুগল প্লে স্টোরে মিলবে নিরাপদ ও দ্রুতগতির এই বাংলাদেশি ব্রাউজার। এর আগে সকালে প্রতিমন্ত্রী আইসিটি টাওয়ার চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনসহ বিভাগ ও সংস্থা সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

post
প্রযুক্তি

বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব

ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ দিতে বিজ্ঞাপন ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব। নতুন এ পরিকল্পনার আওতায় ‘ওভারলে’ ফরম্যাটের বিজ্ঞাপন আর দেখাবে না ভিডিও বিনিময়ের সাইটটি। ফলে ভিডিও চালুর আগে পর্দার নিচে চারকোনা বক্সে পপআপ বিজ্ঞাপন দেখা যাবে না। সবকিছু ঠিক থাকলে ৬ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।ইউটিউবের তথ্যমতে, ওভারলে বিজ্ঞাপন বন্ধ হলেও বর্তমানের মতোই ভিডিওর শুরুতে বা মধ্যে বিজ্ঞাপন দেখানো হবে। ফলে ভিডিও নির্মাতারা সহজেই আয় করতে পারবেন। নির্মাতাদের আয়ের পরিমাণ বাড়াতে নতুন বিজ্ঞাপন ব্যবস্থা চালুর জন্যও কাজ করছে ইউটিউব।উল্লেখ্য, ওভারলে ফরম্যাটের বিজ্ঞাপনগুলোতে সাধারণ টেক্সট বা ছবি থাকে। চার কোনা বক্সের বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই ব্যবহারকারী ব্যক্তিরা বিজ্ঞাপনদাতাদের ওয়েবসাইটে প্রবেশ করেন। তবে চাইলেই বক্সের কোণে থাকা ক্রস চিহ্নে ক্লিক করে বিজ্ঞাপন দেখা থেকে বিরত থাকা যায়। তবে এ ধরনের বিজ্ঞাপনের কারণে স্বচ্ছন্দে ভিডিও দেখতে না পারার অভিযোগ করে আসছিলেন অনেকেই। ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওভারলে ফরম্যাটের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

post
প্রযুক্তি

শুরু হতে যাচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড, আয়োজনে আইটেসারেক্ট টেকনোলজিস

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও আইটেসারেক্ট টেকনোলজিসের আয়োজনে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩। আগামী ১৫ মার্চ অনলাইনে আয়োজিত এ অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে ৮টি ভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সোমবার (৬ মার্চ) প্রেস ক্লাবে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতা সমূহের ওপর গুরুত্বারোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে সকল শিক্ষার্থীকে সচেতন ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের মিশন ও ভিশন। মোট ০৩ রাউন্ডের ৮ টি বিভাগে ৬ টি ভিন্ন ভিন্ন স্তরে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদের জন্য প্রতিটি বিভাগেই থাকছে পুরস্কার। ১ম পুরস্কার ৩ লক্ষ টাকা, ১ম রানার আপ ও ২য় রানার আপ এর জন্য যথাক্রমে ২ লক্ষ ও ১ লক্ষ টাকা করে মোট কোটি টাকার পুরষ্কার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক মো সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মাহফুজুল ইসলাম, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মাজহারুল ইসলাম প্রমুখ।

post
প্রযুক্তি

১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড প্রতিযোগিতা, থাকছে কোটি টাকা পুরস্কার

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১৫ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের সকল স্তরের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাটির আয়োজক থাকছে আইটেসারেক্ট টেকনোলজিস। চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতা সমূহের ওপর গুরুত্বারোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে সকল শিক্ষার্থীকে সচেতন ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের মিশন ও ভিশন। মোট ০৩ রাউন্ডের ৮ টি বিভাগে ৬ টি ভিন্ন ভিন্ন স্তরে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদের জন্য প্রতিটি বিভাগেই থাকছে পুরস্কার। ১ম পুরস্কার ৩ লক্ষ টাকা, ১ম রানার আপ ও ২য় রানার আপ এর জন্য যথাক্রমে ২ লক্ষ ও ১ লক্ষ টাকা করে মোট কোটি টাকার পুরষ্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জানা যাবে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড এর ওয়েবসাইটে - www.nationalsteamolympiad.com এ উপলক্ষে আগামী ৬ই মার্চ ২০২৩ (সোমবার) দুপুর ১১.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি। প্রধান অতিথি হিসেবে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. লাফিফা জামাল। এজে/

post
প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে থাকবে সরকার, বেসিস সফটএক্সপোতে সালমান এফ রাহমান

শেষ হলো ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত চারদিনের বেসিস সফটএক্সপোর আয়োজন করা হয়েছিল।বেসিস সফটএক্সপোর সফল সমাপ্তিতে তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে থাকবে সরকার, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমাপনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এবারের বেসিস সফটএক্সপোর আয়োজনে সহায়তাকারী, অংশগ্রহণকারী, সহযোগী ও স্পন্সরদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এক্সপোর চতুর্থ দিনের সন্ধ্যা পর্যন্ত ৯২ হাজার দর্শনার্থী সফটএক্সপো ভ্রমণ করেছেন। এছাড়া অংশগ্রহণকারী ২০৪টি কোম্পানি ইতিমধ্যেই স্থানীয় ও বৈশ্বিকভাবে প্রায় একশ বিশ কোটি টাকার সম্ভাব্য লিড পেয়েছে। ঢাকার বাইরে হলেও এটি একটি মাইলফলক।’অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই আয়োজনের জন্য বেসিসকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বেসিস সফটএক্সপো একটা আন্তর্জাতিকমানের অনুষ্ঠান হয়েছে। কোন পলিসি সাপোর্ট দিলে বড় ধরনের ইমপ্যাক্ট পড়বে, মৌলিক পরিবর্তন হবে সেটি আপনাদেরকে বের করে সরকারকে জানাতে হবে। আমার এই মেলা দেখার পর মনে হয়েছে বেসিসকে দাবায় রাখা যাবে না।’তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথম যে অফিসে যাই সেটা হলো বেসিস। সেখান থেকেই আমি ১০০ দিনের একটা পরিকল্পনার কথা ঘোষণা করি। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ যে থ্রি বাই থ্রি থিওরির কথা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেব।’ এর আগে বেসিস সফটএক্সপোর বিশেষ আয়োজন হিসেবে ‘বিজনেস লিডারস মিট’ অনুষ্ঠিত হয়। সেখানে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।আলোচনায় অংশ নেন চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের স্বতন্ত্র পরিচালক আসিফ ইব্রাহীম, ফাইবার অ্যাট হোমের সিইও ময়নুল হক সিদ্দিকী ও এফআইসিসিআইয়ের প্রেসিডেন্ট নাসিরুজ্জামান বিজয়। আর অনু্ষ্ঠান সঞ্চালনা করেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.