'আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্যা ইয়ার' সম্মানে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। ২২-২৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হওয়া দু'দিন ব্যাপী গ্লোবাল বিজনেস কনফারেন্সে তাকে এই বিশেষ সম্মাণনা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। যেখানে অংশ নিয়েছিলেন ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসগণ।
দু'দিনব্যাপী এই কনফারেন্সে বৈধে পথে রেমিট্যান্সের প্রেরণ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, স্মার্ট বাংলাদেশ গঠন ও সরকারের ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে হয়েছে একাধিক মতবিনিময় সভা।
তার মধ্যে বিশেষ গুরুত্ব ছিলো 'স্কিল ডেভেলপমেন্ট'র উপর কনফারেন্সটিতে। যেখানে ব্যবহারিক দক্ষতা অর্জন এবং গতিশীল পেশাদার মাইলফলক এর সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি বলেন, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত শুধু ডিগ্রীর উপর মূল ফোকাস করা হয়ে থাকে। এসব বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষার্থীরা যখন চাকরির বাজারে প্রবেশ করে তখন পড়ে বিপাকে। কারণ জব ইন্ড্রাস্টিতে খোঁজা হয় স্কিলড পার্সন। বিশেষ কোন স্কিল না থাকা শিক্ষার্থীরা তখন পরে কঠিন বাস্তবতার মুখে।
আবুবকর হানিপ বলেন, বিশ্বের যে কোন প্রান্তে বর্তমান চাকরির বাজারে শীক্ষার পাশাপাশি স্কিলের কোন বিকল্প নেই। যেই বিষয়টিকে তিনি শুরু থেকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে আসছেন তার পরিচালিত বিশ্ববিদ্যালয় ডব্লিউইউএসটিতে। উদাহরণ টেনে তিনি বলেন, তার বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে আসছে ট্রিপল মিশনকে সামনে রেখে। যা হলো ডিগ্রী, স্কিল ডেভেলপমেন্ট ও শিক্ষার্থীদের চাকরি পেতে সহায়তা প্রদান করা।
শিক্ষার্থীরা মেধার পাশাপাশি যে অর্থ ব্যায় করছে সেই রিটোনাল ইনভেস্টমেন্ট যেন নিশ্চিত হয় সেই দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় ডব্লিউইউএসটিতে। আর এই মডেলটি যে শিক্ষার্থীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠেছে তার কথা বলতে গিয়ে তিনি জানান, প্রিন্সটন ইউনিভার্সিটি, হার্ভাড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনির্ভাসিটি, জর্জ মেশন এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মত বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আসা স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে ডব্লিউইউএসটিতে।
আবুবকর হানিপ অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে এই স্কিল বেসড মডেল অনুসরণ করার পরামর্শ রাখেন তার কি-নোট স্পীচে। শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি শিক্ষা ব্যবস্থার জন্য এই মডেল অসাধারণ এক সমাধান হয়ে দাঁড়াবে বলে জানান, এই শিক্ষাবীদ।
এর সাথে তিনি আরও যোগ করেন, যথেষ্ট পরিমাণ স্কিলড জনবল নেই বলে এইচওয়ানবি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতিবছর বাইরে থেকে ৮৫ হাজার মানুষ নিয়ে আসে। অথচ যুক্তরাষ্ট্রের মাটিতে হাজার হাজার নাগরিক ও গ্রিনকার্ড হোল্ডার রয়েছেন যারা কিনা একটি এ্যান্ট্রি লেবেল জবের জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। তারা যদি শুরুতে এই স্কিলড বেসড মডেলের আওতায় শিক্ষা সেবা পেতো তাহলে দৃশ্যপট অন্যরকম হতে পারতো।
ইঞ্জিনিয়ার হানিপ বাংলাদেশের ভার্সিটিসমূহেও এমন ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে বলেছেন, 'প্রয়োজনে আমার ইউনিভার্সিটি সর্বাত্মক সহায়তা দেবে।'
এই স্কিলড ডেভোলপমেন্ট গ্লোবাল কনফারেন্সে ডিজিটাল ইন্টেলের প্রতিষ্ঠাতা লিটন বাউলের নেতৃত্বে একটি প্যানেলও ছিলো। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান; বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এলএন.এম.কে. বাশার, ডব্লিউইউএসটির সিএফও এবং পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ, এইচবিডি গ্রুপ পিটিই লিমিটেড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মোঃ আবু শাহাদাত সরকার, ডিজিটাল এন্ট্রাপ্র্রেনার হাবের সিইও হেমি হোসেন, ইনারওয়েস্ট প্রপার্টি ম্যানেজিং ডিরেক্টর মাহিন আবেদীন, স্টাডি পিটিই লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর মো: মাসুদুর রহমান,এবং ইএসআই গ্লোবাল সার্ভিস পিটিই লিমিটেডের কর্ণধার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কাজী আব্দুল কাদের।
গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহবিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যাবসায়ীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়। সেখানে প্রথম বাংলাদেশী-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় সফলতার সাথে পরিচালিত করার জন্য 'আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্যা ইয়ার' সম্মানে ভূষিত করা হয়। অ্যাওয়ার্ড তুলে দেন গ্লোবাল কনফারেন্সের সম্মানিত অতিথীগণ। এসময় তার সাথে এই অ্যাওয়ার্ড গ্রহন করেন ডব্লিউইউএসটির সিএফও ও পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ।
২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের সতেরশো শিক্ষার্থী লেখাপড়া করছে।
আসছে বছরের প্রথম দিন থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার অত্যাধুনিক নতুন ক্যাম্পাসে।
