আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বের সবচেয়ে বড় দর্শক সমাগম সাক্ষী হয়ে থাকলো এক অসাধারণ ক্রিকেট ম্যাচের, যেখানে ভারতের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল অস্ট্রেলিয়ার পেশাদারিত্বের কাছে। ট্রাভিস হেডের মনোমুগ্ধকর সেঞ্চুরি এবং দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে তারা জয় করে নিলো ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। হেক্সা মিশন সম্পন্ন করে ভারতের মাটিতে উড়ালো বিজয় কেতন।
আগের সব ম্যাচে এ দলটি ছিল অপরাজিত অপ্রতিরধ্য। কিন্তু ফাইনালে এসে থেমে গেলো বিরাট-শামীদের জয় রথ। অজিরা জয় ছিনিয়ে নিলো ম্যাচটাকে এরকমক একপেশে বানিয়ে। অথচ বিশ্বকাপ মিশন তারা শুরু করেছিলো প্রথম দুই ম্যাচ হেরে। সেই অস্ট্রেলিয়া কিনা অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে টানা নয় ম্যাচ জিতে হয়ে গেলো ২০২৩'র বিশ্বচ্যাম্পিয়ন।
প্যাট কামিন্সের অসাধারণ অধিনায়কত্ব ও কৌশলগত সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার এই জয়ে ছিলো অনন্য ভূমিকা। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া না কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপ, বরং জয় করে নিলো ওয়ানডে বিশ্বকাপও। ট্রাভিস হেডের অসাধারণ ব্যাটিং এবং মার্নাস লাবুশেনের সাথে তার জুটি ছিল এই জয়ের মূল চাবিকাঠি। ১২০ বলে ১৩৭ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন ট্রাভিস হেড। এক প্রান্ত আগলে রেখে ১১০ বলে ৫৮ রানের মহামূল্য অপরাজিত ইনিংস খেলেন লাবুশেন।
ম্যাচের শুরুর সময়টাও ছিল বেশ রোমাঞ্চকর। টস হেরে আগে ব্যাটিং পেয়ে খুশিই হয়েছিলেন রোহিত। তার চাওয়া ছিল আগে ব্যাটিং করাই। কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপে রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের প্রচেষ্টা সত্ত্বেও দল বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।
পরে অস্ট্রেলিয়ার দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে ভারত ২৪০ রানে আটকে যায়, পাঁচ বারের চ্যাম্পিয়নদের জন্য যা ছিলো সহজ লক্ষ্য। যদিও ৪৭ রানে তারা হারিয়ে বসেছিলো ৩ উইকেট। কিন্ত অজিদের চেনা পেশাদারিত্বে পিষ্ট হয় ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফাইনালে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল হিসেবে অস্ট্রেলিয়া জিতে নিল তাদের ষষ্ঠ শিরোপা।
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ট্রাভিস হেড। আর কোন বিশ্বকাপে সর্বোচ্চ ব্যাক্তিগত রান সংগ্রাহক হিসেবে ৭৬৫ করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিরাট কোহলি।
স্বভাবতই ম্যাচ শেষে দুই দলের অনুভূতির বিপরীত চিত্র দেখা যায়। একপাশে যখন রোহিত-সিরাজদের চোখে পানি, পাশেই চলছিলো ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের বিজয় উৎসব। এই জয় অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যোগ হলো আরেকটি গৌরবময় অধ্যায়।
