যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ দিন দিন বেড়েই চলছে।
গত বছর উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে এক লাখ ৯১ হাজার ৬০৩ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এই সংখ্যা ২০২২ সালের থেকে ৪১ শতাংশ বেশি। শুধুমাত্র কানাডা থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ভিড় করছেন অভিবাসীরা। ফলে কম সুরক্ষিত এবং আরও বিস্তৃত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে অভিবাসী পারাপারের সংখ্যা বাড়ছে। তবে অভিবাসীদের বেশিরভাগ সীমান্ত পারাপারের বৈধ বন্দর ব্যবহার করছেন। তারপরও ২০২৩ সালে কানাডা থেকে ১২ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে অবৈধভাবে প্রবেশের দায়ে গ্রেফতার করা হয়।
এই সংখ্যা আগের বছর গ্রেফতার হওয়া তিন হাজার ৫৭৮ জন থেকে ২৪১ শতাংশ বেশি। বেশির ভাগ অবৈধ অভিবাসী শনাক্তকরণ এড়াতে কানাডা থেকে প্রবেশ করেন বলে জানা গেছে। গত তিন মাসে নিউ ইয়র্ক, ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ারের কাউন্টিগুলোতে সীমান্ত পারাপারের রেকর্ড পরিমাণ বেড়েছে।
