মালয়েশিয়ায় এক বাংলাদেশি নারীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার হওয়া দম্পতি হচ্ছে, মো. শিহাব ও তার স্ত্রী নুপুর সুলতানা। এ ঘটনায় ‘টিকটকার’ হৃদয় নামে আরেকজন পলাতক রয়েছে। উম্মে রাইজা নামে অপহৃত ওই নারীকেও উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজন জান্নাতুল নাঈমা সংবাদ সম্মেলনে জানান, উম্মে রাইজাকে টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে তাকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর চক্রের মূলহোতা শিহাব মোবাইল ফোনে ৫ লাখ টাকা দাবি করে। পরে বাংলাদেশ কমিউনিটির এক নেতার মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দেয়া হয়। তখন শিহাব আরও ৪ লাখ টাকা দাবি করে। বাকি টাকা না দিলে উম্মে রাইজাকে অন্যত্র বিক্রি করে দেয়ার হুমকিও দেয় শিহাব। উম্মে রাইজাকে ৪ দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় অপহরণকারী চক্রটি । পরে কুয়ালালামপুরের দাংওয়াঙ্গি থানায় জান্নাতুল নাঈমা বাদী হয়ে মামলা করলে পুলিশ শিহাব ও তার স্ত্রীকে গ্রেফতার করে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ডাংওয়াঙ্গি থানায় অভিযোগ দায়েরসহ কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী।
