মালয়েশিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
দেশটির মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সিনেমাটি প্রদর্শন করা হয়। বাংলাদেশ হাইকমিশনের চলমান জনকূটনীতি কার্যক্রমের ধারাবাহিকতায়, বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার অংশ হিসেবে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমা দেখতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ও তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, মালয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বি এন রেড্ডি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক দাতো ড. মাজলিহাম মো. সৌদ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মালয়েশিয়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক কোরের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতা, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতা, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা।
