post
এনআরবি সাফল্য

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আবারও নাম উঠে এসেছে বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতে অন্যতম কম্পানি সামিট পাওয়ার'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বুধবার (৭ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর এই তালিকা প্রকাশ করে। তালিকায় আজিজ খান রয়েছেন ৪২ নম্বরে। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ৯৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৯ হাজার কোটি টাকা।২০১৯ সালের পর থেকে আজিজ খানের সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। তাতেই তিনি এ বছর বিলিয়ন ডলারের ধনীর ক্লাবে স্থান করে নিয়েছেন। ফোর্বসের হিসাবে এবারই প্রথম আজিজ খান সিঙ্গাপুরের বিলিয়ন ডলারের (১ বিলিয়নে ১০০ কোটি) সম্পদশালী ব্যক্তিদের ক্লাবে ঢুকলেন। এরআগে ২০২১ সালে তার সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালের পর থেকে আজিজ খানের সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে।সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। এ কারণে বাংলাদেশ ভিত্তিক হলেও এই কম্পানির হিসাব করা হয় সিঙ্গাপুরে। ফোর্বসের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত মুহাম্মদ আজিজ খানের নাম প্রথম উঠে আসে ২০১৮ সালে। ওই বছর তিনি এ তালিকায় ৩৪ নম্বরে ছিলেন। ২০১৮ সালে সিঙ্গাপুরে তার ও তার পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৯১ কোটি মার্কিন ডলার।ফোর্বস জানিয়েছে, ২০১৯ সালে মুহাম্মদ আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করে দেন। ফলে সেবছর তার সম্পদের পরিমাণ কমে নেমে আসে ৮৫ কোটি ডলারে। এরপর থেকে আবার তার সম্পদের পরিমাণ বাড়তে শুরু করে। সামিটের যাত্রা শুরু হয় ট্রেডিং কোম্পানি হিসেবে। পরে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায় এসে ভালো করে প্রতিষ্ঠানটি। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩ বছর বয়সী আজিজ খান এক যুগেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, অবকাঠামো খাতের ব্যবসা আছে সামিট গ্রুপের। সামিটের অধীনে দেশে বিদ্যুৎ খাতের যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল।সামিট গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ফোর্বস মুহাম্মদ আজিজ খানের যে সম্পদের হিসাব দিয়েছে, সেটি শুধু বিদ্যুৎ খাতের ব্যবসার সম্পদের হিসাব। এর বাইরে সামিটের অন্যান্য খাতের ব্যবসার সম্পদের হিসাব সেখানে যুক্ত হয়নি।

post
এনআরবি সাফল্য

মুক্তিযুদ্ধে অবদান রাখায় ৫ আমেরিকান পাচ্ছেন সম্মাননা

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৫ আমেরিকানকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে 'বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার'র উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে। সেই দিন স্থানীয় সময় বিকেল ৬টায় টাইমস স্কয়ারের ম্যারিয়ট মার্কুইজ হোটেলের ৭ম তলায় এস্টোর বলরুমে ৩ দিনব্যাপী এই ট্রেড ফেয়ার উদ্বোধন হবে।সম্মাননা পেতে যাওয়া ৫ আমেরিকান নাগরিক হলেন: মুক্তিযুদ্ধে সহায়তার জন্য 'সেন্টার ফর বাংলাদেশ'র কো-ফাউন্ডার ও মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের কলেরা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. ডেভিড নেলিন, মুক্তিযুদ্ধকালের ভিডিওধারক লিয়ার লেভিন (যার ধারণ করা ফুটেজ নিয়ে 'মুক্তির গান' প্রামাণ্যচিত্র হয়েছে), মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশ সেন্টারের অন্যতম উদ্যোক্তা ডেভিড ওয়েজবোর্ড, 'কনসার্ট ফর বাংলাদেশ'র অন্যতম শিল্পী প্রয়াত ওস্তাদ আলী আকবর খান ও 'মুক্তির গান' প্রামাণ্যচিত্রের অন্যতম পরিচালক ক্যাথরিন মাসুদ। অনুষ্ঠানের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ বলেন, 'যারা সম্মাননা পেতে যাচ্ছেন তাদের মধ্যে যারা জীবিত আছেন সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রয়াত আলী আকবর খানের পক্ষে উপস্থিত থাকবেন তার ছেলে আশীষ খান।' গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহযোগিতায় 'বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার' আয়োজন করছে মুক্তধারা নিউইয়র্ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে আইএফআইসি ব্যাংক। শীর্ষস্থানীয় শিল্পপতি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক আলোচনা ও সেমিনারের পাশাপাশি প্রদর্শনী চলবে। মেলায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও এফবিসিসিআইর সদস্যদের স্টল থাকবে।

post
এনআরবি সাফল্য

ওমানে কুরিয়ে পাওয়া অর্থ ফিরিয়ে দিয়ে সম্মাননা পেল প্রবাসী বাংলাদেশি

৪০০ ওমানি রিয়াল বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকার কিছু বেশি। পেট্রোডলারের দেশ ওমানে এই অর্থ খুব বেশি নয়। কিন্তু কোনো প্রবাসী বাংলাদেশি কুড়িয়ে পাওয়া এই অংকের অর্থ ফিরিয়ে দিয়ে সে দেশের রাষ্ট্রীয় সংস্থা থেকে সম্মানিত হলে, জাতীয় পত্রিকার খবরের শিরোনাম হলে, তা বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের বিষয়। সততা ও দায়িত্ববোধের এমন উদাহরণ দিয়ে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছেন প্রবাসী নুর উদ্দিন শহীদ। রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪০০ রিয়াল পুলিশের কাছে ফিরিয়ে দিয়ে এই রেমিট্যান্সযোদ্ধা সম্মানিত হয়েছেন।দেশটির রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এর সর্বোচ্চ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছে নুর উদ্দিন শহীদকে। সনদের সঙ্গে নগদ ২০০ রিয়াল (বাংলাদশি মুদ্রায় ৫০ হাজার টাকা) অর্থ পুরষ্কার দেওয়া হয়েছে তাকে। নুর উদ্দিন জানান, গত ১ আগস্ট রাজধানী মাস্কাটের মোয়েলা সবজি মার্কেটে তিনি গিয়েছিলেন বাজার করতে। ফেরার সময় পার্কিং এলাকায় নিজের গাড়ির নিচে ৪০০ ওমানি রিয়াল খুঁজে পান। উপযুক্ত দাবিদার না পেয়ে স্থানীয় আল খোদ পুলিশ স্টেশনে গিয়ে টাকাগুলো জমা দেন তিনি। এ ঘটনার ২৭ দিন পরে রয়্যাল ওমান পুলিশের সম্মাননার আমন্ত্রণ পান তিনি।গত রোববার সকালে রাজধানীর আল কুরুম এলাকায় আরওপির সদর দপ্তরে নুর উদ্দিন শহীদকে আনুষ্ঠানিক সম্মাননা দেওয়া হয়। 

post
এনআরবি সাফল্য

কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষ্যে ফয়সাল কাদেরের গানচিত্র ‘শ্রাবণের ধারার মতন’

গত ৭ আগস্ট ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। এ উপলক্ষ্যে গত ১৬ আগস্ট প্রকাশ করা হলো স্বপ্নীল ফাউন্ডেশনের গান-কবিতার অভিনব গানচিত্র ‘শ্রাবণের ধারার মতন’।এতে রবীন্দ্র কাব্য পাঠে আছেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক এবং রবীন্দ্রসংগীতশিল্পী ফয়সাল কাদের। ফয়সাল কাদের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আমেরিকান আইটি বিশেষজ্ঞ। রবীন্দ্রসংগীতের প্রতি তার নিষ্ঠা ও সাধনা তাকে দুই বাংলায় তথা এই প্রবাসেও সমাদৃত করেছে। শ্রাবণের ধারা, কবিগুরুর ব্যবহৃত একটি প্রতীকী শব্দ, তার অতিপ্রিয় বিচিত্র চরিত্রের শ্রাবণ নিয়ে বহু বিচিত্র ভাবনার প্রকাশ ঘটিয়েছেন গানে, কবিতায়- এমনকি গ্রামবাংলাভিত্তিক পদ্মা পর্বের কিছুসংখ্যক ছোটগল্পে। এই পরিবেশনায় শ্রাবণ বহুভাবে শ্রোতাদের কাছে ধরা দেবে। যেমন- শ্রাবণ ঘনমোহে, ঘনশ্রাবণমেঘ, শ্রাবণের বরিষায় বা শ্রাবণের ধারার মতো, বলেছেন এই গানচিত্রের শিল্পীরা। তারা বলেন, শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি বাস্তবিকই রোমান্টিক মনের জন্য এক একক নিঃসঙ্গ অনুভূতির ভুবন তৈরি করে। গীতাঞ্জলি ও মানসী কাব্যের ৩টি কবিতার নির্বাচিত কিছু অংশ ও পূজা পর্যায়ের গানের মেলবন্ধনে এক শ্রাবণ কথন। এই প্রযোজনাটির ভাবনা ও শৈল্পিক নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। গানচিত্রে বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় মডেল অনীলা তাবাসসুম হৃদিকে। নির্দেশনা দিয়েছেন ইমরান এফ রহমান এবং সংগীতায়োজন করেছে মার্সেল। গানচিত্রটি দেখা যাচ্ছে স্বপ্নীল ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

post
এনআরবি সাফল্য

আগষ্টের ১৬ দিনে ১১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

বাংলাদেশে ডলার সংকট চরমে। সংকট সমাধানে রিজার্ভ থেকে ডলার ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এতে টান পড়েছে রিজার্ভে, কমে দাঁড়িয়েছে ৪০ বিলিয়নের নিচে। রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স।এসব উদ্বেগের মধ্যে প্রশান্তির সুবাতাস নিয়ে আসছে রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েই চলেছে। জুলাই মাসের পর আগস্টেও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী।চলতি আগস্ট মাসের ১৬ দিনে ১১৭ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা) ১১ হাজার ১২৪ কোটি টাকা। এটি গত বছরের (২০২১ এর আগস্টের ১৬ দিন) একই সময়ের চেয়ে ১৬.৩০ শতাংশ বেশি। প্রতিদিন এসেছে ৭ কোটি ২৬ লাখ ডলার বা প্রায় ৭০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে রেমিট্যান্স আসছে এটা ইতিবাচক দিক। এ ধারা অব্যাহত থাকলে গত জুলাই মাসের মতো আগস্ট মাসেও ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসবে।চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আর গত বছরের (২০২১) জুলাই মাসের চেয়ে বেশি ছিল ১২ শতাংশ।চলতি অর্থবছরের ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের (চলতি মাস আগস্টের ১৬ দিন) প্রথম দেড় মাসে ৩২৮ কোটি ৮০ লাখ (৩.২৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা হিসাবে) এ অর্থের পরিমাণ ৩১ হাজার ৪৬ কোটি টাকা।গত বছরের আগস্টের একই (১ থেকে ১৬ আগস্ট) সময়ে ১০০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর গত ২০২১-২২ অর্থবছরের প্রথম দেড় মাসে (২০২১ এর আগস্টের ১৬ দিন) ২৮৭ কোটি ৮০ লাখ (২.৮৮ বিলিয়ন) ডলার এসেছিল দেশে। সে হিসাবে গত অর্থবছরের দেড় মাসের চেয়ে ১৩.৫০ শতাংশ বেশি এসেছে।২০২১-২০২২ অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি (২১.০৩ বিলিয়ন) ডলার এসেছিল দেশে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৬ লাখ ডলার। সবচেয়ে বেশি এসেছিল ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে ২ হাজার ৪৭৮ কোটি (২৪.৭৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল দেশে যা প্রতিদিন গড়ে আসে ৬ কোটি ৭৯ ডলার।

post
এনআরবি সাফল্য

লিসবন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক পুরস্কার পেলেন বাংলাদেশি সোহেল মুর্শেদ

পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক পুরস্কার ২০২২ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল ইঞ্জিনিয়ারিং ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পুরস্কৃত হয়েছেন অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য বৈজ্ঞানিক অবদান ও প্রভাবের জন্য পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয় এই পুরস্কার দিয়ে থাকে। এর জন্য সম্মানসূচক ডিপ্লোমা ও পুরস্কার অংক হিসেবে সাড়ে ৬ হাজার ইউরো দেওয়া হয়।অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)। অধ্যাপক সোহেল মুর্শেদ ইম্পেরিয়াল কলেজ লন্ডন, রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি নিউইয়র্কসহ বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেছেন। অধ্যাপক সোহেল মুর্শেদের জন্ম বাংলাদেশের নড়াইল জেলায়। তার বাবা অধ্যাপক রুস্তম সিকদার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি অধ্যাপক সোহেল মুর্শেদঅধ্যাপক সোহেল নড়াইল জেলার মাইজপাড়া হাইস্কুল ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশুনা করেছেন। তিনি রুয়েট (সাবেক বিআইটি) থেকে বিএসসি এবং বুয়েট থেকে এমএসসি সম্পন্ন করে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) থেকে মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন।

post
এনআরবি সাফল্য

নিউইয়র্কে সাকিব আল হাসান ও শাকিব খান, সম্মাননা স্মারক তুলে দিলেন আবুবকর হানিপকে

যুক্তরাষ্ট্র সফরে এসেছেন বাংলাদেশের দুই সুপার স্টার। একজন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যজন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এই দুই তারকা ব্যক্তিত্বকে সম্মানিত করতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সফল ব্যক্তিত্বরা সমবেত হয়েছিলেন শো টাইম মিউজিক'র আয়োজনে। যাদের অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রে সফল বাংলাদেশি আমেরিকান, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ। অনুষ্ঠানে আবুবকর হানিপকে প্রবাসীদের সামগ্রিক উন্নয়নে অশেষ অবদানের জন্যে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন দুই সুপার স্টার। আর আবুবকর হানিপও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে দুই সুপারস্টারকে দেন বিশেষ সম্মাননা স্মারক। নিউইয়র্কের ওয়ার্ল্ডফেয়ার মেরিনার আলো ঝলমল মিলনায়তনে ‘মিট এ্যান্ড গ্রিট এক্সক্লুসিভ’ শীর্ষক মনোজ্ঞ এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন শো টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম।কোন ভূমিকা ছাড়াই দুই রাজাধিরাজকে মঞ্চে আলিশান চেয়ারে বসার আহবান জানালেন আলমগীর খান। এরপর দুই শাকিবের পাশে দু’জন করে বসেন এবং তারা সরাসরি উভয়ের মতামত ও মন্তব্য জানতে চান নানা ইস্যুতে। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলাজি’র চ্যান্সেলর আবুবকর হানিপের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেন সাকিব আল হাসান ও শাকিব খান। আবুবকর হানিপ শাকিব ও সাকিবকে প্রবাসীদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে জানতে চান, নিজ নিজ ক্ষেত্রে আপনারা উভয়ে শীর্ষে আরোহন করেছেন। কঠোর অধ্যাবসায়ের পাশাপাশি আর কোন বিষয়টি আপনাদের সুপার স্টারে পরিণত করেছে বলে মনে করেন। ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বললেন, "পরিশ্রম তো করতে হয়েছে এবং এখনো করছি। এরকম পরিশ্রম অনেকেই করেন। কিন্তু সবাই তো হতে পারেন না। এজন্যে কপাল লাগে। মাশআল্লাহ আমার কপাল বড়, সেটি বড় একটি ব্যাপার।"সুপার স্টার শাকিব খান বলেন, "ভাগ্য লাগে। সেটি নির্দ্ধারণ করেন আল্লাহ তা’লা। এটাই বড় সত্য। আমি চেষ্টা করে আসছি। এই চেষ্টা জনপ্রিয়তার শীর্ষে উঠতে সহায়তা করে অনেককেই। আমার ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে ভাগ্য প্রসন্ন হয়েছে এবং সেটি পরম করুণাময় সৃষ্টিকর্তার দান।" চ্যান্সেলর আবুবকর হানিপের অপর এক কৌতুহলের জবাবে সাকিব আল হাসান বলেন, আমি বাস্তববাদি মানুষ। বর্তমান নিয়েই ব্যস্ত থাকি। তাই মারা যাবার পর কে কী ভাবলেন সেটি তো আমি জানতে পারবো না। তবে আমি জানি যারা একান্তই কাছের মানুষ তারা স্মরণ করবেন, দোয়া করবেন। আর যদি সমগ্র জাতির কল্যাণে কিছু করছি বলে বিবেকসম্পন্নরা অনুধাবনে সক্ষম হন, তাহলে তারাও স্মরণ রাখবেন বহুদিন।ইউএস সুপ্রিম কোর্টে প্রথম বাংলাদেশি আমেরিকান এটর্নি এবং কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার মঈন চৌধুরীর কৌতুহলের জবাবে সাকিব ও শাকিব বলেন, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের চিন্তা যখন করবেন, তখোন নিশ্চয়ই ইমিগ্রেশনের এটর্নি হিসেবে তার (মঈন চৌধুরী) শরণাপন্ন হবেন। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ক্রিকেটার সাকিব বলেন, অবশ্যই করার ইচ্ছা আছে। নতুন প্রজন্মে ব্যাপক আগ্রহ রয়েছে ক্রিকেটের প্রতি। সেই আবেগ কাজে লাগাতে সচেষ্ট রয়েছেন সকলেই।মার্কিন মূলধারার চলচ্চিত্রে প্রতিভাসম্পন্ন অন্যদেরকে নিয়ে সম্পৃক্ততার কোন চিন্তা-ভাবনা আছে কিনা জানতে চাইলে ঢালিউডের কিং শাকিব বলেন, বাংলাদেশিসহ এশিয়ানদের মেধা এবং প্রতিভা অত্যন্ত প্রখর-এটি মার্কিন মুল্লুকের বিদগ্ধজনেরা ইতিমধ্যেই উপলব্ধিতে সক্ষম হয়েছেন। এ আর রহমান, প্রিয়াঙ্কা চোপড়া এর অন্যতম উদাহরণ। নিশ্চয়ই আমরাও একই অবস্থানে উঠতে সক্ষম হবো। এজন্যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতির বিকাশে নিরন্তরভাবে কর্মরত শো-টাইম মিউজিকের উদ্যোগে কয়েকস মাস আগে এই নিউইয়র্কে প্রথমবারের মতো দুই কিংবদন্তি কন্ঠশিল্পী রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমীন একই মঞ্চে গেয়েছেন। এরপর এই দুই সুপার স্টারকেও একই মঞ্চে প্রাণবন্ত মতবিনিময়ে হাজির করার মধ্যদিয়ে কম্যুনিটিতে অনন্য এক উদাহরণ সৃষ্টি করলেন আলমগীর খান আলম। এই আলাপ-চারিতায় বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বাঙালি সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক নুরুল আজিম, রাহাত মুক্তাদির, রায়হান জামান, ডা. চৌধুরী সারওয়ার হাসান, ফাহাদ সোলায়মান, মোহাম্মদ এ কে আজাদ, শাহনেওয়াজ, রানু নাওয়াজ প্রমুখ।সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় নাম ‘প্রিসিলা নিউইয়র্ক’ তথা প্রিসিলা ফাতেমাও এই কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানের সকলেই আলমগীর খান আলমকে ধন্যবাদ জানিয়েছেন এমন একটি আয়োজনের জন্যে।

post
এনআরবি সাফল্য

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন বাংলাদেশি ওয়াসফিয়া

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কে টু এর চূড়ায় ওঠার জন্য গত ১৭ জুলাই বেইজ ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন ওয়াসফিয়া নাজরীন। ফেইসবুক থেকে নেওয়া ছবি।প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কে টু জয় করেছেন ওয়াসফিয়া নাজরীন। যে দলের সঙ্গে এভারেস্ট বিজয়ী পবর্তারোহী ওয়াসফিয়া ৮ হাজার ৬১১ মিটার উঁচু কে টু জয় করেছেন, সেটির প্রতিষ্ঠান এলিট এক্সপেড শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে এ সুখবর দেয়। পোস্টে বলা হয়, “শতভাগ সাফল্যের হার! অসাধারণ এই মওসুম। কে টু অভিযানে আমাদের অবিশ্বাস্য দলটি তাদের লক্ষ্য অর্জন করেছে।” ওয়াসফিয়া তার ফেইসবুক পেইজে গত ১৭ জুলাই রাতে বেইজ ক্যাম্প থেকে কে টু চূড়ার উদ্দেশ্যে যাত্রার করার কথা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। এক সপ্তাহের মধ্যে ‘সুখবর আসার’ কথা জানিয়ে ওই পোস্টে ৩৯ বছর বয়সী এ পবর্তারোহী সেদিন তার সঙ্গে থাকা অন্য পবর্তারোহীদের নামও জানান। নিমসদাই, মিংমা তেনজি শেরপা ও মিংমা ডেভিড শেরপার নেতৃত্বে কে টু জয়ের জন্য যাত্রা করার কথা জানান তিনি।বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে টু এর চূড়ায় ওঠার জন্য বেইজ ক্যাম্পে অপেক্ষা। খারাপ আবহাওয়ার কারণে ১৫ জুলাই যাত্রা পিছিয়ে যাওয়ার কথা জানান ওয়াসফিয়া নাজরীন। ফেইসবুক থেকে নেওয়া ছবি। কারাকোরাম পবর্তমালার সর্বোচ্চ শৃঙ্গ কে টু স্থানীয়ভাবে চোগোরি নামে পরিচিত। এর উচ্চতা ৮ হাজার ৬১১ মিটার। ’হিংস্র পর্বত’ নামে পরিচিত এ পর্বতশৃঙ্গ অনেক পর্বতারোহীর বিবেচনায় এভারেস্টের চেয়েও দুর্গম। কে টু এর পাশাপাশি ব্রড পিকেও উঠেছেন ওয়াসফিয়াররা; যেটি স্থানীয়ভাবে পরিচিত ফাইচান কাংরি, যেটির উচ্চতা ৮ হাজার ৬৮ মিটার। দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের পথে ওয়াসফিয়া বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট জয়ী ওয়াসফিয়া গত ১৪ জুন এক ফেইসবুক লাইভে নিজের কারাকোরাম পর্বত জয়ের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। সেদিন তিনি বলেন, কারাকোরাম দুই শৃঙ্গ পাড়ির এই অভিযান দুই থেকে আড়াই মাসের। কে টু বেইজ ক্যাম্প থেকেই দুতো ৮ হাজার মিটারের উচ্চতার পর্বতারোহণ করবেন তারা। প্রথমে ব্রড পিকে যাবেন, তারপরে কে টু তে। দেশবাসীর দোয়া প্রত্যাশা করে ওয়াসফিয়া বলেন, “দুইটা ৮ হাজার মিটারের চূড়ায় পরপর উঠা সহজ কথা নয়। আমাকে দোয়ায় রাখবেন।” এভারেস্টজয়ী ওয়াসফিয়া ফিরছেন শনিবার পর্বতারোহীদের জন্য দুর্গম হওয়ার কারণে কে টু তে যাওয়া মানুষের সংখ্যা খুব বেশি না হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “স্পেসে যত মানুষ গেছে, তার চেয়ে কম মানুষ গেছে কে২ তে। মানে খুব কম মানুষই কে টু তে যাওয়ার অ্যাটেম্প করেছে। “শুধু প্রথম বাংলাদেশি নারী যাচ্ছে সেখানে। এই পর্বতে নারীরা সেভাবে সাহস করে না বলা হয়। আমাদের দলে আছে ৬ জন নারী।” সেখানকার পরিবেশ দুর্গম হওয়ার কথা তুলে ধরে ওয়াসফিয়া বলেন, “কারাকোরামের ভিন্ন ব্যাপার হচ্ছে ক্রেজি ওয়েদার। এভারেস্ট থেকেও এটা ভিন্নতর। শুষ্ক আর রুক্ষ আবহাওয়া।”বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে টু এর চূড়ায় ওঠার বেইজ ক্যাম্পে ওয়াসফিয়া নাজরীনসহ পবর্তারোহীরা। ২০১২ সালের ২৬ মে ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেন। তিনি সেভেন-সামিটিয়ার বা পৃথিবীর সাত মহাদেশের সব বড় পর্বতজয়ী একজন। তার আগে ২০১২ সালে ১৯ মে নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে জয় করেন। ইউরোপের সর্বোচ্চ চূড়ায় ওয়াসফিয়া ইনস্টাগ্রাম পোস্টে ওয়াসফিয়াসহ কে টু জয়ীদের নামের তালিকা যুক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়েছে এলিট এক্সপেড লিখেছে, “প্রতিভাবান এই দলটি নতুন সম্ভাবনাকে হাতের মুঠোয় নিয়েছে। এলিট এক্সপেড তোমাদের জন্য এর চেয়ে গৌরবান্বিত হতে পারে না! ”আমাদের দল আপনাদের প্রচেষ্ঠা, কঠোর পরিশ্রম ও পরিবারের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকার এই ধৈর্য্যকে সম্মান জানাচ্ছে।” দুর্গম এ অভিযানে নেতৃত্ব দেন নেপালি পর্বতারোহী মিংমা তেনজি শেরপা। ভারতীয় পত্রিকা দি ওয়াল এক খবরে জানিয়েছে, প্রথম বাংলাদেশি নয়, দুই বাংলা মিলিয়ে কে টু জয়ী প্রথম বাঙালিও ওয়াসফিয়া নাজরীন। প্রতিবেদনে বলা হয়, “এর আগে এই শৃঙ্গে কোনও বাঙালি পা রাখেননি। বাংলাদেশের নাগরিক হওয়ার কারণেই এই সুযোগ পেলেন ওয়াসফিয়া। কেটু শৃঙ্গ আরোহণে ভারতীয়দের উপর রয়েছে নিষেধাজ্ঞা। তবু জয়ের পালক এল বাঙালির ঘরেই।”

post
এনআরবি সাফল্য

আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেল বাংলাদেশি তাওহিদুল

সংযুক্ত আরব আমিরাত সরকারের বিশেষ স্বীকৃতিস্বরূপ মেধাবী শিক্ষার্থী হিসেবে পাঁচ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশি তাওহিদুল ইসলাম। মঙ্গলবার (১৯ জুলাই) তাকে এ গোল্ডেন ভিসা প্রদান করা হয়।তার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম আমিরাতের আল আনসারী এক্সচেঞ্জের ম্যানেজার এবং মা মাহবুবা সিদ্দিকা সিপু আল আনসারী এক্সচেঞ্জের ফরেন কারেন্সি ক্যাশিয়ার। তারা আমিরাতে ১৯ বছর ধরে বসবাস করছেন।ADVERTISEMENTআমিরাত সরকারের গোল্ডেন ভিসা দেওয়ার ক্যাটাগরি অনুযায়ী, শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘এ’ লেভেল (এইচএসসি) পরীক্ষায় সব বিষয়ে শতকরা ৯৬ শতাংশ নম্বর পেতে হবে। তাওহিদুল ইসলাম দুবাই আরব ইউনিটি স্কুলে ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় ইংলিশ মিডিয়ামে ব্রিটিশ সিলেবাসে সব বিষয়ে শতকরা ৯৮ শতাংশ নম্বর পান।তাওহিদুল ইসলাম গোল্ডেন ভিসা পেয়ে আনন্দিত। তার সাফল্যে গর্ববোধ করছেন বাবা-মা। এজন্য তারা আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাওহিদুল ইসলাম বর্তমানে চেক রিপাবলিক অব ইউরোপের চার্লস মেডিকেল ইউনিভার্সিটিতে এসবিবিএস (জেনারেল মেডিসিন) কোর্সে পড়াশোনা করছেন।ছেলের এমন সাফল্যের জন্য তার বাবা-মাকেও আমিরাত সরকার গোল্ডেন ভিসা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন তাওহিদুলের বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম।

post
এনআরবি সাফল্য

নিউইয়র্কে আরেকটি ‘লিটল বাংলাদেশ’ হাজারো প্রবাসীর অভিবাদন কাউন্সিলওম্যান শাহানা হানিফকে

লাবলু আনসার, নিউইয়র্ক থেকে: নিউইয়র্ক সিটির ৩৬৯ বছরের ইতিহাসে প্রথম মুসলমান নারী এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে গত বছরের নির্বাচনে (সিটি কাউন্সিল ডিিিস্ট্রক্ট ৩৯) বিজয়ী হয়ে ইতিহাস রচনার পর বহুজাতিক এই সমাজে আরেকটি ইতিহাসের স্রষ্টা হলেন কাউন্সিলওম্যান শাহানা হানিফ।ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড ইন্টারসেকশনকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে নামকরণ করতে শাহানার উত্থাপিত বিলটি (০৮৮০-২০২২) ১৪ জুলাই ৪৭-০ ভোটে সিটি কাউন্সিলে পাশ হয়েছে। এর মধ্য দিয়ে এখন যে কোন সময় ওই ইন্টারসেকশনে ‘লিটল বাংলাদেশ’ সাইন লাগানো যাবে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই সিটির কুইন্সের একটি সড়কের নামফলক ‘লিটল বাংলাদেশ’ হিসেবে উম্মোচন করা হয়। দু’লাখের অধিক বাংলাদেশির বসতিওয়ালা এই সিটিতে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে আরেকটি সড়কের নামকরণ করায় ১৬ জুলাই শনিবার ব্রুকলিনের ঐ এলাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘ব্রুকলীন মেলা ও ঈদ আনন্দ উৎসব’। এই উৎসবে অংশগ্রহণকারি হাজার হাজার প্রবাসী বিপুল করতালিতে শাহানাকে ধন্যবাদ জানান। এ সময় মেলামঞ্চে শাহানাকে হোস্ট সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি’র পক্ষ থেকে আনন্দ উৎসবের ‘গ্র্যান্ড মার্শাল স্কার্প’ পরিয়ে দেয়া হয়। কম্যুনিটির উদিয়মান সমাজ-সংগঠক নুরুল আজিম এটি পরিয়ে দেয়ার সময় গোটা এলাকা উৎসবের আমেজে ভেসে উঠে। উৎফুল্ল শাহানা এ সময় বলেন, আমার জন্ম এবং বেড়ে উঠা এ এলাকাতেই। তাই এখানকার উন্নয়নে বাঙালিত্বকে উদ্ভাসিত করতে দ্বিধা করবো না। তবে প্রতিটি মানুষকে ব্যালট যুদ্ধে অবতীর্ণ হতে হবে এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, অধিকার ও মর্যাদার ক্ষেত্রে ভোট দানের হিসাবটি সামনে আসে সব সময়। শাহানা বলেন, আমি ঘটা করেই ‘লিটল বাংলাদেশ’ সাইন ঝুলাবো। সে সময় আপনাদেরকে আবশ্যই আমন্ত্রণ জানাবো। উল্লেখ্য, এই আনন্দ-উৎসবের আয়োজক কমিটির প্রায় সকলেই চট্টগ্রামের সন্তান। শাহানার বাবা মোহাম্মদ হানিফও উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি ছিলেন। এখনও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান। এ প্রসঙ্গে মেলা কমিটির শীর্ষ কর্মকর্তা কাজী আজম, ফিরোজ আহমেদ এবং মাকসুদ এইচ চৌধুরী এ সংবাদদাতাকে বলেন, আমাদের প্রত্যেকের সন্তানকে শাহানার পথ অনুসরণ করতে হবে। তাহলেই আমেরিকান স্বপ্ন পূরণ করা সহজ হবে। মেলায় অন্যান্যের মধ্যে আরো শুভেচ্ছা বক্তব্য দেন কুইন্স ডেমক্র্যাটিক অর্গানাইজেশনের ‘ডিস্ট্রিক্ট লিডার’ এটর্নি মঈন চৌধুরী। ‘লিটল বাংলাদেশ’র আমেজে গানে গানে আপ্লুত করেন কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, এস আই টুটুল, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, রানু নেওয়াজ, অনিক রাজ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সোনিয়া এবং এস এম ফেরদৌস।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.