post
এনআরবি সাফল্য

মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ ৩৬০৪ বাংলাদেশির

মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার 'মালয়েশিয়া মাই সেকেন্ড হোম' কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। এখন পর্যন্ত তিন হাজার ৬০৪ জন বাংলাদেশি মালয়েশিয়ায় 'সেকেন্ড হোম' গড়েছেন। ২৯ মার্চ মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিং সিং এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটিতে গত ৩১ জানুয়ারি পর্যন্ত ৫৬ হাজার ৬৬ জন সক্রিয় 'সেকেন্ড হোম' পাস হোল্ডার রয়েছেন—যার মধ্যে পার্টিসিপেন্ট পাস হোল্ডার ২৭ হাজার ৭৫৯ জন এবং নির্ভরশীল ২৮ হাজার ৩০৭ জন।তালিকায় ২৪ হাজার ৭৬৫ জন পাসধারী নিয়ে শীর্ষে রয়েছে চীন। এরপরে যথাক্রমে দক্ষিণ কোরিয়ার চার হাজার ৯৪০ জন, জাপানের চার হাজার ৭৩৩ জন, বাংলাদেশের তিন হাজার ৬০৪ জন, যুক্তরাজ্যের দুই হাজার ২৩৪ জন, তাইওয়ানের এক হাজার ৬১১ জন, যুক্তরাষ্ট্রের এক হাজার ৩৪০ জন রয়েছে। এ ছাড়া, সিঙ্গাপুরের রয়েছেন এক হাজার ২৮২ জন, ভারতের এক হাজার ২২৩ জন এবং অস্ট্রেলিয়ার এক হাজার ৬৯ জন। মালয়েশিয়া 'মাই সেকেন্ড হোম' প্রোগ্রামে ২০১৮ সালে পাঁচ হাজার ৬১০টি এবং ২০১৯ সালে তিন হাজার ৯২৯টি আবেদন অনুমোদন দেয়। প্রোগ্রামটি ২০২০ সালের আগস্টে সাময়িক বন্ধ ছিল। এরপর ২০২১ সালের অক্টোবর থেকে প্রায় এক হাজার ৪৬৮টি আবেদন অনুমোদন দেওয়া হয়েছিল। 'সেকেন্ড হোম' কর্মসূচিতে আরও বেশি বিদেশি আবেদনকারীদের আকৃষ্ট করতে শর্ত সহজ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত ১৪ মার্চ দেশটির উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ডা. আহমদ জাহিদ হামিদি এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে শর্ত সংশোধনের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হবে বলেও জানান তিনি। যেসব শর্ত সংশোধন করা হবে তার মধ্যে রয়েছে, আবেদনকারীদের আবশ্যক ফিক্সড ডিপোজিটের পরিমাণ সিলভার, গোল্ড ও প্লাটিনাম এই তিনটি স্তরে পরিবর্তিত হবে। আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য অভিবাসন বিভাগের সঙ্গেও কাজ করবে সংশ্লিষ্ট বিভাগ। সব ফরম পূরণ করার পর নিরাপত্তা অনুসারে আবেদনকারী যোগ্য কি না, তা তিন কার্যদিবসের মধ্যেই যাচাই করা হবে। সংশোধিত শর্ত অনুযায়ী, আবেদনকারীরা ১০ বছরের আগে তাদের সম্পত্তি পুনরায় বিক্রি করতে পারবেন না এবং তাদের ভিসা প্রতি পাঁচ বছর পর পর নবায়ন করতে হবে। দেশটির সরকার আবেদনকারীদেরকে সন্তানের জন্য পছন্দের স্কুল বেছে নেওয়ার সুবিধা দেবে। এ ছাড়া, যারা ফরেস্ট সিটির জন্য আবেদন করছেন, তাদের ক্ষেত্রেও একই নিয়মে শর্ত সহজ করা হবে। গত ১২ মার্চ দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি টিয়ং কিং সিং সংসদে বলেছেন, 'আরও বিদেশি নাগরিক মাই সেকেন্ড হোম প্রোগ্রামে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, কারণ সরকার কিছু শর্ত শিথিল করার দিকে নজর দিয়েছে।' 'সেকেন্ড হোম' ক্যাটাগরির নানা আলোচনা ও সমালোচনার পর ২০২২ সালের অক্টোবরে মালয়েশিয়া সরকার নতুন করে পিভিআইপি নামে প্রিমিয়াম ভিসা চালু করেছে—যেটি প্রায় সেকেন্ড হোম ক্যাটাগরির। পিভিআইপি প্রোগ্রামে আবেদন করেছেন মোট ৪৭ জন বিদেশি ধনী বিনিয়োগকারী, যাদের মধ্যে একজন বাংলাদেশি।

post
আন্তর্জাতিক

ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলার সাজা স্থগিত করে সোমবার (১ এপ্রিল) ইসলামাবাদ হাইকোর্ট এ রায় দেন। ইসলামাবাদ হাইকোর্ট বলেছেন, ঈদের ছুটির পর ১০ দিনের মধ্যে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগ পর্যন্ত ইমরান দম্পতির সাজা স্থগিত থাকবে। খবর আল জাজিরার। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ইমরান ও তার স্ত্রীকে কারাদণ্ড দেন অপর একটি আদালত। রায়ে তাদের ১০ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ এবং প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানার আদেশ দেওয়া হয়। ৭১ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ২০১৮ থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ১৪০ মিলিয়ন রূপীর রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন তিনি। এ তথ্য তিনি সুকৌশলে গোপনও করেন। পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা মামলাটি করে। এর বিবরণে বলা হয়, খান ও তার স্ত্রী মিলে বেআইনিভাবে উপহার কেনা এবং বিক্রি করেছেন বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। একাধিক মামলার রায়ে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী পিটিআইয়ের রাজনীতিবিদ সাইদ জুলফিকার বুখারি বলেন, যেভাবে রাষ্ট্রীয় উপহারের মামলাটি আদালতে অগ্রসর হচ্ছে তার ভিত্তিতে তিনি ইমরানের মুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, ‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অন্য সব মামলায় এ রায় প্রভাব ফেলবে।’

post
এনআরবি বিশ্ব

জাপানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ দূতাবাসের

জাপানের রাজধানী টোকিওতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করে বাংলাদেশ দূতাবাস।এদিন সকালে দূতাবাস ভবন প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পতাকা উত্তোলন শেষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দ্বিতীয় পর্বে টোকিওর একটি পাঁচ তারকা হোটেলে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ মার্চ মঙ্গলবার হোটেল নিউ ওতানিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুগে ইয়োশিফুমি।জাপানের তথ্যপ্রযুক্তি বিষয় মন্ত্রী কোনো তারোসহ দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা, চেম্বার প্রতিনিধি, টোকিওর বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আজ সমগ্র বিশ্বে স্বীকৃত।' উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা ও প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মের তথ্য উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক মূল্যবোধ, বিশ্বাস ও ঐতিহাসিক বন্ধনের ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাপানের স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়। প্রসঙ্গত, এ বছরের ২৬শে মার্চ রমজান মাসে পড়ায়, দূতাবাস স্বাধীনতা এবং জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান ইফতার দিয়ে শুরু হয়।

post
বিনোদন

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর কনসার্ট করতে বাংলাদেশে আসছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক নিজেই এমনটি জানিয়েছেন। আতিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্থির ছবি দিয়ে ভিডিও শেয়ার করেন। আরাবিয়ান মিউজিকের সঙ্গে আতিফের একটি ছবি শেয়ার করে লিখা হয়, ‘বাংলাদেশ লেটস ভাইব টুগেদার সুন।’ এরপর মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।তবে পাকিস্তানি এই শিল্পী কবে বাংলাদেশে আসছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে মাসখানেক আগে আতিফ আসলামের বাংলাদেশে আসর গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় স্টার বক্স এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান জানায়- ২০২৪ সালে কনসার্ট করতে বাংলাদেশে আসবেন আতিফ আসলাম। কিন্তু পরবর্তীতে তার আর আসা হয়নি। এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন সংগীতের জনপ্রিয় এই তারকা। ২০২৪ সালের বিপিএলেও আতিফকে আনার চেষ্টা করেছিল আয়োজকরা। তবে শিডিউল ব্যস্ততার কারণে তার আসা হয়নি। অবশেষে বাংলাদেশে আসছেন তিনি।

post
অভিবাসন

কালো তালিকাভুক্ত হয়ে দেশে ফিরলেন ৩৯ প্রবাসী

মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। গতকাল বুধবার রাজ্যের জোহর বাহরু পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।সবাইকে ইমিগ্রেশন আইন-১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন-১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেরত পাঠানো ব্যক্তিদের ডিপার্টমেন্টের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অপরাধের মাত্রার ওপর নির্ভর করে তাদেরকে পাঁচ বছর বা চিরতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

post
আন্তর্জাতিক

জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৩৮ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসিকে আটক করেছে অভিবাসন বিভাগ। রাজ্যের কয়েকটি জেলায় একটি সমন্বিত অভিযানে মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান পুরুষ ও আটজন নারী, পাঁচজন পাকিস্তানি, দুইজন ভারতীয় পুরুষ এবং ছয়জন মিয়ানমারের পুরুষ ও তিনজন নারী রয়েছেন। যাদের আটক করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট বা পারমিট ছিল না। ইমিগ্রেশন ডিরেক্টর, বাহারউদ্দিন তাহির সাংবাদিকদের বলেন, আটক অবৈধ অভিবাসীদের রাজ্যের মুয়ার, বাতু পাহাত, মেরসিং এবং সেগামত জেলা থেকে আটক করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ১৩৭

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির জোহর বারু এলাকায় নির্মাণাধীন একটি স্থাপনায় অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১৩৭ জন বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীকে আটক করেছে। ওই এলাকায় অনেক অভিবাসীর উপস্থিতি সম্পর্কে জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। ২২ মার্চ (শুক্রবার) দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জোহর বারুর অভিবাসন বিভাগের পরিচালক বাহারুদ্দিন তাহির বলেছেন, মালয়েশিয়ার স্থানীয় সময় শুক্রবার ১২টা ৩৮ মিনিটের দিকে জায়া পুত্র এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এক বিবৃতিতে বাহারুদ্দিন তাহির বলেছেন, এই অভিবাসীরা ১২টি ‘‘রুমাহ কংসির’’ ভেতরে বসবাস করছিলেন; যেখানে ২০০টি কক্ষ রয়েছে। আমাদের আইন প্রয়োগকারী কর্মীরা এসব কক্ষে তল্লাশি চালিয়েছে। তিনি বলেন, সেখানে অভিযানের সময় ২১৯ জনের মতো অভিবাসী ও একজন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১৩৭ জন অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। বাহারুদ্দিন তাহির আরও বলেন, আটককৃতদের মধ্যে ৯৮ জন ইন্দোনেশীয়, ১৭ জন বাংলাদেশি, ১৬ জন মিয়ানমারের, দুই ভিয়েতনামি ও দুই পাকিস্তানি নাগরিক রয়েছেন। তিনি বলেছেন, অবৈধ এই অভিবাসীদের মধ্যে ২০ জন নারী। আটককৃতদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বিস্তারিত তদন্তের জন্য এই অভিবাসীদের বর্তমানে সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

post
আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর তার দল আম আদমি পার্টি জানিয়েছে, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। এমন অবস্থায় ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতাসীন দল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার (২২ মার্চ) ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে আম আদমি পার্টি (এএপি)। লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। আপের বিক্ষোভের ডাকে নড়েচড়ে বসেছে সবাই, সতর্ক অবস্থান নিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও।দ্য ওয়াল জানিয়েছে, সুপ্রিম কোর্টে কেজরিওয়াল তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানিয়েছেন। শুক্রবার সকালেই সেই আবেদনের শুনানি শুরু হবে। মুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে বিধানসভার অধিবেশন বাতিল করা হয়েছে। আপের নেতা ও দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেন, আমি অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। কোন আইনে আমাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দিল না পুলিশ, প্রশ্ন তোলেন তিনি। মদনীতি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখান থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেফতার হলেন। তবে দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি বলেছেন, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেই থাকবেন।

post
অভিবাসন

মালয়েশিয়ায় মর্গে পড়ে আছে বাংলাদেশির মরদেহ, খোঁজ মিলছে না স্বজনদের

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল মর্গে এক বাংলাদেশির মরদেহ পড়ে আছে। মৃতের হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং তার পরিবার ও স্বজনদের খুঁজে না পাওয়ায় মরদেহটি দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট অনুযায়ী, ওই বাংলাদেশির নাম মো. আবদুল সোবহান (৪৯)। তিনি কুমিল্লা জেলার নুরের জামানের ছেলে।প্রবাসী ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় নিশ্চিতে চেষ্টা করছে বাংলাদেশ হাইকমিশন। মরদেহ শনাক্তে স্বজন বা অন্য পরিচিতজনদের হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্ট্রোকজনিত কারণে মো. আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে জানালে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় বাংলাদেশ হাইকমিশন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিত কারো কোনো তথ্য দিতে পারেনি। দাবিদার না পাওয়া পর্যন্ত মো. আবদুল সোবহানের মরদেহ দেশে পাঠানো সম্ভব নয়। পরিচিত বা স্বজনদের মরদেহ শনাক্তে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসের সঙ্গে +৬০১২৪৩১৩১৫০ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য হাইকমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে।

post
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রাজধানী জাকার্তায়ও কম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৮ কিলোমিটার বা ৫ মাইল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি। সুরাবায়া শহর ও উপকূলীয় শহর তুবানসহ পূর্ব জাভা প্রদেশে ভূমিকম্পটি বেশি অনুভূত হয়েছে। সেখানের এএফপির সাংবাদিক ইউলিয়ানুস আন্দ্রে বলেন, ভূমিকম্পের সময় আমি বাড়িতেই ছিলাম। ঝাঁকুনি আমাদের অস্থির করে তুলে। এ সময় ড্রেনের পানি দুলছিল বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তুবা এলাকায় দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.