বাংলাদেশ থেকে এবছর ১১ লাখ কর্মী বিদেশ গেলেও রেমিট্যান্স বাড়ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, রেমিট্যান্স আনার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রলায়ের নয়। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কাজ করলে রেমিট্যান্স স্বাভাবিকভাবেই বেড়ে যাবে।
বৈধ চ্যানেলে দেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ প্রবাসীকে সিআইপি অ্যাওয়ার্ড দিয়েছে সরকার। এছাড়া আরও দুইটি ক্যাটাগরিতে ১১ প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তাদের এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে সিআইপি অ্যাওয়ার্ড পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন প্রবাসীরা। এসময় তারা দেশের অর্থনীতিকে শক্তিশালি করতে সবাইকে বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শ্রমিকের তুলনায় বাংলাদেশে রেমিটেন্সের পরিমান খুবই কম। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, মন্ত্রলায় তার কাজ করে যাচ্ছে। তবে, রেমিটেন্স দেশে আনতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে তাদের কাজ করতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান।
