আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে গেলো এক সপ্তাহে বাংলাদেশিসহ ১৭ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদেরকে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬৬২ জনকে। সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে চার হাজার ১৪৭ জনকে ও শ্রম ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দুই হাজার ২২১ জনকে। আরও এক হাজার ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সময়, যার অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। তাছাড়া অবৈধভাবে সৌদি থেকে বের হওয়ার সময়ও গ্রেফতার করা হয় ৬৫ জনকে। তাছাড়া বৈধ কাগজ সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনকে। ১৩ হাজার ৬৪৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রত্যাবাসনের সিদ্ধান্ত।
