আলবেনিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের সময় হাফিজুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার। বর্তমানে নিহতের মরদেহ আলবেনিয়ার মাদার তেরেসা হাসপাতালের মর্গে রয়েছে। নিহত হাফিজুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গুতগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে। জানা যায়, গেল ২৯ মার্চ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশ কসোভো যান হাফিজুর রহমান। কিছু দিন থাকার পর ওই দেশ থেকে গ্রিসে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। এরপর কসোভো থেকে আরও কয়েকজন অভিবাসীর সাথে চলে যান আলবেনিয়ায়। সেখান থেকে ২০ এপ্রিল দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করেন হাফিজুরসহ ৫ বাংলাদেশি। কিন্তু পথে সীমান্তের পাহাড়ে হিট স্ট্রোক করে মারা যান হাফিজুর।
