মালয়েশিয়ার পার্লিসে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ।
দেশটির বুকিত চাবাং, মুকিম টিটি টিংগি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করা হয়। আটক বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ৪৪ জন পুরুষ ও একজন নারী। এছাড়া তিনজন ইন্দোনেশিয়ার ও একজন ভারতীয় নাগরিকও আটক করেছে পুলিশ। গভীর রাতে অভিযানের সময় জঙ্গলে ও খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি অবৈধ অভিবাসীদের। ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে বলেন, ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় ১০১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র নেই এবং মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান করে আসছিলেন এমন ৪৯ জনকে আটক করা হয়।
