সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বেশ বড়। এদের মধ্যে কিছু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ আমিরাতের গন্ডি পেরিয়ে ব্যবসার ক্ষেত্র প্রসারিত করছেন বহিঃবিশ্বে। তাদেরই একজন সিলেটের মুরাদুল ইসলাম। বিগত ত্রিশ বছর ধরে মরুর দেশটিতে এই প্রবাসী করছেন সুগন্ধি ব্যবসা।
সিলেটের ওসমানী নগর বালাগঞ্জ থানার মৃত আবুল হোসেনের ছেলে মুরাদুল ইসলাম। প্রায় চার দশক আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। চার বছর চাকরির পর ১৯৯১ সালে স্বল্প পরিসরে শুরু করেন, সুগন্ধি তৈরীর প্রধান কাঁচামাল আগার উদের ব্যবসা।
বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে ১৯৯৬ সালে আবুধাবিতে শুরু করেন নিজস্ব প্রতিষ্ঠান "রিহ্ আল মাদিনা উদ এন্ড পারফিউমস কোম্পানি এলএলসি"। পরে দুবাইতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, বেশ কয়েকটি আউটলেট এবং আজমানে তৈরি করেন কারখানা।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে কাঁচামাল হিসেবে আগার উদ আমদানি করে প্রসেসিং-এর পর তা সরবরাহ করা হয়। আমিরাতের বিভিন্ন রাজ পরিবার ও সরকারী দপ্তরের পাশাপাশি সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে সুগন্ধি সরবরাহ করছে মুরাদুল ইসলাম।
বর্তমানে ইউরোপ, আমেরিকা ও কানাডায় সুগন্ধি রপ্তানির মাধ্যমে সেখানেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে যার কার্যক্রম শুরু হয়েছে যুক্তরাজ্যে সুগন্ধি সরবরাহের মাধ্যমে।
সিলেট ইবনে সিনা হাসপাতালের অংশীদার মুরাদুল ইসলাম বাংলাদেশেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দেশের মানুষের জন্যেও কিছু করতে চান সফল এই রেমিটেন্স যোদ্ধা।
