চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের হজ। পবিত্র এ ইবাদত পালন করতে, ইতিমধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন বহু হাজি। তবে তাদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্যে বাংলাদেশি মেডিক্যাল টিমকে এখনো দেয়া হয়নি অনুমোদন। ফলে হাজিদের চিকিৎসা-সেবার জন্যে যেতে হচ্ছে দেশটির হাসপাতালগুলোতে।
জানা যায়, এবারের হজের আর বাকি আছে মাসখানেক সময়। ইতোমধ্যে বিশ্বের বিভ্ন্নি দেশের হাজিরা অবস্থান করছেন মক্কা মদীনায়। বাংলাদেশ থেকেও গিয়েছেন অনেক সংখ্যক পরিমান হাজি। তবে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য সেবার জন্যে এখনো দেয়া হয়নি মেডিক্যাল টিমের অনুমতি। ফলে বাংলাদেশ থেকে যাওয়া হজ্জ মেডিক্যাল টিম দিতে পারছে না হাজিদের চিকিৎসা-সেবা। এদিকে বাংলাদেশের হাজিদের তুলনায় মেডিক্যাল টিম অতি নগন্য বলছেন প্রবাসীরা। তাই হজ মৌসুমে দেশটিতে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের আহবান জানিয়েছেন দেশটির প্রবাসী সাংবাদিক ফ ই ম ফরহাদসহ অনেকে। বাংলাদেশের জন্যে ১ লাখ ২৭ হাজার হজ কোটা নির্ধারণ করলেও যাচ্ছেন মাত্র ৮৫ হাজার ২৪৭ জন হাজি। অন্য বছরের চেয়ে এবার হজের খরচ বেড়ে যাওয়া, হাজিদের আগ্রহ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
