প্রবাসীরা জাতির প্রতিটি প্রয়োজনেই সাড়া দেন। পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিরন্তর সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতিকেও। শিক্ষা,সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে রাখছেন অবদান। পিছিয়ে নেই রাজনীতিতেও। তাই জাতীয় নির্বাচন থেকে শুরু করে তৃণমূলের স্থানীয় সরকার নির্বাচনেও দেশে ছুটে আসেন পছন্দের দল ও প্রার্থীর পক্ষে কাজ করতে। আবার কেউ কেউ অংশ নিচ্ছেন নির্বাচনে, করছেন প্রতিদ্বন্দ্বিতা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই অনেক প্রবাসী দেশে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে যারা এসেছেন তাদের কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতাও করতে চেয়েছিলেন। মুহাম্মদ মনির হোসেইন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা। সিলেট-৩ আসনে দল থেকে মনোনয়ন চেয়েছিলেন পর পর তিনবার,কিন্তু পাননি। তবে প্রতিবারই দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে তৎপর থাকেন এই প্রবাসী। দেশে অবস্থানরত অন্য প্রবাসীরা জানালেন,দূর দেশে থাকলেও রাজনীতিসহ দেশের সব কিছুর সাথে প্রবাসীদের সম্পর্ক গভীর। তাই প্রতিটি নির্বাচনকে সামনে রেখে ছুটে আসেন তারা।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শফিকুর রহমান চৌধুরী। ২০০৮ সালে প্রবাসী অধ্যুষিত উপজেলা বিশ্বনাথ ও ওসমানী নগর নিয়ে গঠিত সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘নৌকা’ প্রতীক নিয়ে।
এবারের দ্বাদশ নির্বাচন নিয়ে উচ্ছসিত প্রবাসীরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন তারা।
