ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওমান সফর করেছেন। বৈদেশিক শিক্ষা সফরের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম দলটির নেতৃত্ব দিচ্ছেন।
সফররত প্রতিনিধি দলটি ওমানের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে। এছাড়াও ওমান স্টেট কাউন্সিল ও শুরা কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, ওমান সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথেও সাক্ষাত করেন তারা। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে তৈরী পোশাক এবং জাহাজ আমদানির বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ প্রশিক্ষণের মাধ্যমে ওমান সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন কমান্ড্যান্ট সাইফুল আলম। ওমানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস্ অব ওমান জানান- সুলতানাত অব ওমানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল আবদুল্লাহ খামিস আল রাইসি বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান।
