মানুষের ইচ্ছা বা আকাংখার কোন শেষ নেই। কিন্তু ক'জনে তা পূরণ করতে পারেন। আবার অনেকেই অদম্য ইচ্ছা শক্তি আর সাহসের কারনে অসাধ্যকেও সাধন করেন।
তাদেরই একজন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব। তার অদম্য ইচ্ছা শক্তিতে পায়ে হেঁটে সৌদি আরবে হজ্জ করতে বর্তমানে অবস্থান করছেন আমিরাতের আবুধাবিতে। এর আগে পায়ে হেঁটে হজ্জ করার লক্ষ্যে নিজ এলাকা কুমিল্লার নাঙ্গলকোট থেকে ২০২৩ সালের ৮ জুলাই যাত্রা শুরু করেন। আট মাসের কাছাকাছি সময়ে ভারত, পাকিস্তান, ইরান হয়ে পৌঁছে গেছেন রাজধানী আবুধাবিতে। দৈনিক ৫০ কিলোমিটারের বেশি হাঁটতে পারা এ যুবক তাঁর 'মক্কা ও মদিনা'র এ যাত্রায় বড় ধরনের কোন প্রতিবন্ধকতায় পড়েন নি বলে জানান। যেখানে গেছেন সেখানেই সকলের সহযোগিতা পেয়েছেন।
কোন স্পন্সর ছাড়াই নিজস্ব অর্থায়নে এবং মনের প্রবল ইচ্ছা শক্তিতে ছুটে চলা এ যুবক আবুধাবি থেকে তারিফ, মারফা, গিয়াথি ও সিলা হয়ে সৌদি বর্ডার পৌঁছাবেন। তারপর সৌদি বর্ডার থেকে ২ হাজার কিলোমিটার দূরে স্বপ্নের গন্তব্য মক্কায় গিয়ে হজ্ব করবেন। হজ্ব শেষ করতে পারলে পরবর্তীতে বিশ্ব ভ্রমন করবেন বলেও জানান তিনি।
