আন্তর্জাতিক

বাংলাদেশ-মালয়েশিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক জোরদার

post-img

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃশ্যমান অর্থনৈতিক শক্তি মালয়েশিয়ার সঙ্গে রয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে মালয়েশিয়া প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭২ সালের ৩১ জানুয়ারি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০২২ সালে পালিত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী।

গত কয়েক দশক ধরে মালয়েশিয়া বাংলাদেশের জন্য অন্যতম বড় শ্রমবাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে এবং বর্তমানে ১২ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। শ্রমবাজারে দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘অর্থনৈতিক কূটনীতি’ জোরদারে মালয়েশিয়ার সরকার ও বেসরকারি সেক্টরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক দৃঢ়তর করার অভিপ্রায়ে ৫ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মালয়েশিয়ার (এনসিসিআইএম) প্রেসিডেন্ট তান শ্রী দাতো সোহ থিয়ান লাইয়ের সঙ্গে তার কার্যালায়ে বৈঠক করেছেন। বৈঠকে পারস্পারিক বাণিজ্য প্রসার ও বিনিয়োগ সুবিধার ক্ষেত্রে অধিকতর সহযোগিতা, দক্ষতা ভাগাভাগি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করাসহ অভিন্ন স্বার্থের বিষয়গুলো প্রাধান্য পায়।

এ ছাড়া দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও শীর্ষ ব্যবসায়িক চেম্বারসমূহের সমন্বয়ে বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিসিআইএমের সদস্য চাইনিজ চেম্বার, ইন্ডিয়ান চেম্বার ও আন্তর্জাতিক চেম্বারের ঊর্ধ্বতন ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ ও প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন।

এর আগে রাবার উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ পাম অয়েল সেক্টরে দক্ষতা ভাগাভাগি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয় নিয়ে, মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির সঙ্গে তার কার্যালয়ে আলোচনা করেন হাইকমিশনার মো. শামীম আহসান।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশে ৮ম শীর্ষ বিনিয়োগকারী দেশ এবং বিনিয়োগের পরিমাণ ৮৩২.৭০ মিলিয়ন মার্কিন ডলার (সেপ্টেম্বর ২০২৩) এ বিষয়টি তুলে ধরে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের অন্যান্য দেশের ন্যায় পৃথক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক এলাকায় বিনিয়োগের জন্যও আহ্বান জানিয়েছেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.