মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শত শত অভিবাসীকে আটক করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার জোহর রাজ্যে সাড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, সাড়ে ৮শ থেকে এক হাজার অভিবাসীকে ১৩০ কন্টেইনারে রাখা হয়েছিল। এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস -রেলা এবং ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সিসহ ১৩০ জনের একটি দল অভিযান পরিচালনা করে। আটকদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।
