বিজয়ের মাসের প্রথম দিনে শুরু হয়েছে ঢাকা -কক্সবাজার রুটের বাণিজ্যিক ট্রেনের চলাচল। প্রথমবারের মতো হুইসেল বাজিয়ে "কক্সবাজার এক্সপ্রেস" যাত্রা শুরু করে। শুক্রবার দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এর উদ্বোধন করেন,রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির। এর মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটনের নতুন দ্বার খুলেছে,পূরণ হয়েছে দীর্ঘ দিনের একটি লালিত স্বপ্নের। এতে উচ্ছ্বসিত পর্যটকসহ সাধারণ মানুষ।
দীর্ঘ অপেক্ষার পর প্রথম বারের মতো বাণিজ্যিকভাবে কক্সবাজার থেকে ঢাকায় যাত্রা শুরু হলো আন্তঃনগর ট্রেনের। শুক্রবার দুপুরে প্রথমবারের মতো রেলে করে পর্যটন নগরী থেকে রাজধানীতে যেতে পারায়,খুশী যাত্রীরা।
প্রথম রেল যাত্রায় ২৩ টি বগিতে ছিলেন ১ হাজার ২০ জন যাত্রী। আর পর্যটকদের নিরাপত্তায় তৎপর ছিলো ট্যুরিস্ট পুলিশ । ইঞ্জিনের কিছুটা স্বল্পতা থাকলেও অতিরিক্ত কোচ সংযোজন করে যাত্রী সেবা এগিয়ে নেয়ার কথা জানালেন রেল সচিব হুমায়ূন কবির।
কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে প্রথম ছেড়ে যাওয়া বাণিজ্যিক ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেসের’ মধ্য দিয়ে স্বপ্নের বাস্তবায়ন হয়েছে দেশের সর্বদক্ষিণের জনপদের মানুষের।
