post
বাংলাদেশ

হিট স্ট্রোকে সারা দেশে ৭ মৃত্যু

সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটছে। সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রোববার একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচজন রোগী ভর্তি আছে বলেও জানানো হয়েছে। রোববার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের বিশ্বস্ত একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন,রোববার সারা দেশ থেকে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। মৃত ব্যক্তি বান্দরবান জেলার গুন্দুম এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মারা গেছেন। এছাড়া, আরও একজন হিট স্ট্রোক করেছেন বলে খবর পেয়েছি। ওই ব্যক্তি কুমিল্লার তিতাস উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, আজকের একজনসহ হিট স্ট্রোকে সারা দেশে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। হিট স্ট্রোকে মৃত্যু নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের বিষয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত হিট স্ট্রোকে যাদের মৃত্যু হয়েছে বলে সংবাদ হয়েছে, সেগুলোর বেশিরভাগই ভুল সংবাদ। একটা সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা সিভিল সার্জনের সাথে কথা বলি এবং বিস্তারিত হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। সবমিলিয়ে হিট স্ট্রোকের মৃত্যুর বিষয়ে অতিরিক্ত যে সংখ্যাটি খবরে আসছে, তা অনেকটা ভুয়া বলা যায়। কারণ, এই সময়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকেও মানুষের মৃত্যু হয়। এদিকে, রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন পর থেকেই কমতে শুরু করবে দেশের তাপমাত্রা। আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমতে শুরু করবে।

post
বাংলাদেশ

ওষুধের দাম বাড়ানো বন্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

সব ধরনের ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একইসঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া। ‘দুই সপ্তাহে ওষুধের দাম বেড়েছে ৭ থেকে ১৪০ শতাংশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ রিট দায়ের করে। প্রতিবেদনে বলা হয়, দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অন্তত ৫০ ধরনের ওষুধের দাম ২০ থেকে সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি মার্চের প্রথম সপ্তাহেও দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানিসহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর-সর্দির ট্যাবলেট-ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও। বিভিন্ন কোম্পানির উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিক্রি থেকে আয়ের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, দাম বাড়ানোর হার অস্বাভাবিক। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির অজুহাত হিসেবে কোম্পানিগুলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছে। এসময় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়িয়েছে বলে জানিয়েছেন ওষুধ কোম্পানিগুলোর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

post
বাংলাদেশ

এপ্রিলে ১৬৮ কোটি লাখ ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৬৮ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৬ কোটি ৪৬ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৪৯০ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৬৮ কোটি ৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মার্চ মাসের প্রথম ২৬ দিনে এসেছিল ১৬২ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এদিকে এপ্রিলের প্রথম ২৬ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৯৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স।

post
বাংলাদেশ

সুস্থ আছে জোড়া মাথার রাবেয়া-রোকেয়া

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জোড়া মাথা আলাদায় অস্ত্রোপচার শেষে শিশু রাবেয়া ও রোকেয়া সুস্থ আছে মাথা জোড়া লাগা। রোববার (২৮ এপ্রিল) সিএমএইচে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি তাদের অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণে সিএমএইচে আসেন হাঙ্গেরির চিকিৎসকদল এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এই চিকিৎসকদল চলমান চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিরল মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া ও রোকেয়ার অস্ত্রোপচার পরবর্তী ফলোআপের জন্য বিদেশি চিকিৎসকদল ও স্বাস্থ্যমন্ত্রী আসেন। বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় জোড়া মাথার শিশুদের বলা হয় `Craniopagus Twins'। মাথা জোড়া লাগানো জমজ শিশু চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি চ্যালেঞ্জিং বিকলতা। ২৫ লাখ জীবিত জমজ শিশুর মধ্যে মাত্র একটি জোড়া মাথার শিশু জন্ম নেয়। প্রায় ৪০ শতাংশ জোড়া মাথার শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে এবং আরও এক তৃতীয়াংশ শিশু ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যুবরণ করে। আনুমানিক শতকরা ২৫ ভাগ শিশু জোড়া মাথা নিয়ে বেঁচে থাকে, যাদের শল্য চিকিৎসার মাধ্যমে আলাদা করার সুযোগ রয়েছে। কিন্তু এর সাফল্যের হারও খুব বেশি নয়।

post
বাংলাদেশ

তাপপ্রবাহেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

তীব্র তাপপ্রবাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যেই খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।তবে প্রচণ্ড তাপদাহ চলমান থাকায়,কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ।এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে বিপক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।তবে,শ্রেণী কক্ষে পাঠদানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। তীব্র তাপপ্রবাহের কারণে,সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেয়া হয়েছে, প্রাথমিক বিদ্যালয়সহ সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে। তবে শ্রেণী কক্ষে উপস্থিতি ছিল কিছুটা কম। শিক্ষকরা বলছেন,দীর্ঘদিন পর স্কুল খোলা এবং আবহাওয়া প্রতিকূলে থাকায়,শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। এদিকে,তাপপ্রবাহ চলমান থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে বিপক্ষে মত দিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।

post
বাংলাদেশ

রেমিটেন্স বৃদ্ধিতে সরকার উদ্যোগ নিয়েছে

বৈধ পথে রেমিটেন্স বৃদ্ধি করতে বাংলাদেশ সরকার নানান উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন লন্ডনে সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি জানিয়েছেন, সরকার ইনসেনটিভ বৃদ্ধি করে অচিরেই ৩ শতাংশ করবে। আর লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার জানিয়েছেন, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে সম্মাননা প্রদান করবে হাইকমিশন। তবে আইডি ফ্রড ও টাকা নিয়ে এজেন্টরা পালিয়ে যাওয়ার ঘটনায়, প্রবাসীদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা। লন্ডনে অনুষ্ঠিত রেটিন্সে ফেয়ারের উদ্ধোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ও হাই কমিশনার।

post
বাংলাদেশ

হিট স্টোকে দেশে একাধিক মৃত্যু

চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে, হিট স্ট্রোকে মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মাদরাসা খোলা থাকায় সকালে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে কালুরঘাটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তাকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, যশোরে স্কুলে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে, আহসান হাবীব নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অন্যদিকে, স্কুল খোলার প্রথম দিনে প্রচন্ড গরমে নোয়াখালীর হাতিয়া উপজেলার জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

post
বাংলাদেশ

দুর্নীতি ঢাকতেই সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখতেই, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী । রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞার সমালোচনা কোরে রিজভী বলেন,নিজেদের লোকজনের দুর্ণীতি লুটপাট আড়াল করতেই এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বলেন, যারা ব্যাংক ডাকাতি, লুটপাট, নদী-নালা খাল বিল দখল কোরে সম্পদের পাহাড় গড়ছে, তারাই দুর্দান্ত প্রতাপে সারাদেশ দাঁপিয়ে বেড়াচ্ছে। এমন দুর্নীতিগ্রস্ত সরকারকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

post
বাংলাদেশ

খোলা তেলে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়

খোলা ভোজ্যতেল দিয়ে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়, তাই খাদ্য নিরাপত্তা ‍নিশ্চিত করতে হলে এ বিষয়ে সতর্ক প্রদক্ষেপ নেয়া দরকার- বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। শনিবার রাজধানীতে নিরাপদ খাদ্য ও কৃষি বিষয়ক সংগঠন ‘বিসেফ ফাউন্ডেশন’ ও লিমরা এক্সিবিউশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে, সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার ফারুকের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড টেকনোলজিষ্ট ড. শ্রীকান্ত শীল। বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র সদস্য ড. মোহাম্মদ শোয়েব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পরিচালক অধ্যাপিকা খালেদা ইসলামসহ অনেকে।

post
বাংলাদেশ

রোববার খুলছে দেশের স্কুল-কলেজ

প্রচণ্ড তাপদাহের কারণে এক সপ্তাহ ছুটির বাড়ানোর পর কাল রোববার থেকে খুলছে দেশের স্কুল-কলেজ। চলমান তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রমের সময় এগিয়ে আনা হচ্ছে। পাশাপাশি অ্যাসেম্বলিও বন্ধ রাখতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধই থাকবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.