ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত হয়ে গেলো জাতীয় প্রবাসী দিবস-২০২৩।
শনিবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য 'প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার'। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
আলোচনায় বক্তব্য রাখেন হাইকমিশনের কাউন্সিলের (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন, মালয়েশিয়ার হিরু মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যাং, এনবিএল মানি ট্রান্সফার, মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মর্তুজা, কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল এবং এসটিজি কোম্পানির কর্মী আব্দুর রহিম। অনুষ্ঠানে এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এরপর প্রবাসীদের কল্যাণে হাইকমিশনের কার্যক্রমের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন বলেন, বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশী কর্মীদের সুরক্ষায় মালয়েশিয়া কাজ করছে। কর্মীদের বীমা সুবিধা নিশ্চিত করতে হাইকমিশনের সঙ্গে কাজ করছে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার্স ডিভিশন।
