সিলেটের চার উপজেলা বন্যার কবলে পড়েছে। ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে অবিরাম পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন. পিয়াইন ও ধলাই নদীতে। কয়েকটি জায়গায় বিভিন্ন নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এতে পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে।
ইতোমধ্যে সীমান্ত সংলগ্ন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে। পানি ঢুকে পড়েছে নিম্নাঞ্চলে। অনেক ঘরবাড়িতেও পানি। ডুবে গেছে অধিকাংশ গ্রামীণ সড়ক। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। যোগাযোগ ব্যবস্থা বিপর্যন্ত হয়ে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় গোয়াইনঘাট উপজেলায় ৫৬টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৫টি, জৈন্তাপুর উপজেলায় ৪৮টি ও কানাইঘাট উপজেলায় ১৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
