গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস-আরএসএফ’ সোমবার এ অভিযোগ দায়েরের কথা জানায়। অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বানও জানানো হয়েছে। আরএসএফ বলেছে, গত ১৫ ডিসেম্বর থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের শিকার হওয়ার অভিযোগ তদন্তে আইসিসিতে আবেদন করেছে তারা। এই নিয়ে তৃতীয়বারের মতো আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়ের করল আরএসএফ। এর আগে গত ৩১ অক্টোবর ও ২২ ডিসেম্বর আইসিসিতে দুটি অভিযোগ করেছিল সংগঠনটি।
