লেবাননের দক্ষিণাঞ্চলে রোববার ভোররাতে উড়ে যায় প্রায় এক শ ইসরায়েলি যুদ্ধবিমান।
পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আগাম হামলা চালিয়েছে।
ইসরায়েলের পক্ষে দাবি করা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তাই তারা আগাম হামলা চালিয়েছে। এর ফলে হিজবুল্লাহর বড় হামলা ঠেকানো সম্ভব হয়েছে।
জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলা ব্যাপক ও ভয়ানক হতে পারে—এমন আশঙ্কা থেকে ইসরায়েলজুড়ে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।
যদি ১০০ যুদ্ধবিমান পাঠানোর দাবি ঠিক হয়, তাহলে ২০০৬ সালের পর এটা লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৩৪ দিনের পূর্ণমাত্রার যুদ্ধ হয়েছিল।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
বলা হচ্ছে, ভোর পাঁচটার দিকে ইসরায়েলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।
